লাইভ, পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে, ঢাকায় মহাসমাবেশ ও বিভাগীয় শহরগুলোতে সমাবেশসহ কয়েক মাসের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. হরমুজের নাম 'ট্রাম্প প্রণালি' দেওয়া মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প

    ট্রুথ সোশ্যালে শেয়ার করা হরমুজ প্রণালির একটি মানচিত্র যেখানে এর নাম 'ট্রাম্প প্রণালি' লেখা রয়েছে

    ছবির উৎস, Truth Social/Trump

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা মানচিত্র

    সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মানচিত্র শেয়ার করেছেন, যেখানে হরমুজ প্রণালির নাম 'স্ট্রেইট অফ ট্রাম্প' বা 'ট্রাম্প প্রণালি' লেখা রয়েছে।

    এর আগে এক বক্তৃতায়ও ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন তিনি।

    সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ‘ভুল’ বলে মনে করতে পারে, "কিন্তু সবাই জানে, আমি খুব কমই ভুল করি"।

  2. পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

    সংসদে কথা বলছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

    ছবির উৎস, BANGLADESH PARLIAMENT

    বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

    বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তৃতায় এ বিষয়ে জানান তিনি।

    জ্বালানি নিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, "পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে"।

    উদ্ভুত পরিস্থিতিতে জ্বালানি বিষয়ক যে বিশেষ কমিটি করা হয়েছে, আগামী রোববার তারা বৈঠকে বসবে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।

  3. ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, বেজে উঠল সাইরেন

    আকাশে রকেট হামলা প্রতিহত করার দৃশ্য

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রতীকী ছবি

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের জারিয়াত এলাকায় একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

    জারিয়াত উত্তর ইসরায়েলে, লেবানন সীমান্তের কাছে অবস্থিত।

    এর আগে দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী।

    তারা বলেছে, ক্ষেপণাস্ত্রটি এমন একটি এলাকায় ছোড়া হয়েছিল যেখানে সৈন্যরা অভিযান চালাচ্ছিল।

    এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী।

  4. জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুম, নির্যাতনের ১৮৫৫ মামলা দায়ের: আইনমন্ত্রী

    বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট এক হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

    এসব মামলার মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় এক হাজার ৫৬টি মামলা রুজু হয়েছে বলেজানান তিনি।

    মন্ত্রীবলেন, প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করাহচ্ছে যাতে বিচারপ্রক্রিয়ায় কোনো আইনি দুর্বলতা না থাকে।

    আর জামিন প্রসঙ্গে তিনি জানান, এটা প্রদান সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ারভুক্ত। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় যুক্তি উপস্থাপনের মাধ্যমে আসামিদের জামিনের বিরোধিতা করছেন।

  5. সাবেক সেনা কর্মকর্তা ও এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর আরও চার দিনের রিমান্ড

    সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আটকের পর গাড়িতে বসে আছেন

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী

    সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।

    বার্তা সংস্থা বাসস জানিয়েছে, তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুরে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এ রিমান্ড দেওয়া হলো।

  6. রাজনৈতিক কারণে দায়ের ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী

    বিএনপি সরকার রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করেছেবলে সংসদে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আরো মামলা প্রত্যাহারের কার্যক্রম চলছে বলেও জানিয়েছেন তিনি।

    পাবনা-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মুহাম্মাদ আলী আছগারের এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী এই তথ্য জানান।

    মামলা দায়েরের সময় এজাহারে অভিযুক্তের দলীয় পরিচয় উল্লেখ থাকে না- জানিয়ে মন্ত্রী বলেন, এর ফলে সারাদেশে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব নয় এবং এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই।

    তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্যমতে ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট এক লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

  7. গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত-এনসিপিসহ ১১ দলের কর্মসূচি

    জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের ব্রিফ করছেন, তার পাশে আছেন জোটের অন্য নেতারাও

    ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami

    ছবির ক্যাপশান, সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ

    গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ ও ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

    তারা জানিয়েছে, ১৬ই মে রাজশাহীতে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বাকি ছয় বিভাগে সমাবেশ হবে ঈদুল আজহার পরে।

    ঘোষণা অনুযায়ী, ১৩ই জুন চট্টগ্রামে, ২০শে জুন খুলনায়, ২৭শে জুন ময়মনসিংহে, ১১ই জুলাই রংপুরে, ১৮ই জুলাই বরিশালে এবং ২৫শে জুলাই সিলেটে সমাবেশ করবে ১১ দল।

    এরপর অক্টোবরের দিকে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জোটটি।

    বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

    তিনি জানান, কর্মসূচি থেকে গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি, জ্বালানি সংকট নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ কমানোর দাবিও তোলা হবে।

  8. যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ‘ব্যর্থ হতে বাধ্য’: ইরানের প্রেসিডেন্ট

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৃহস্পতিবার বলেছেন, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে এবং এটি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে।

    এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, “আন্তর্জাতিক আইনের পরিপন্থি কোনো নৌ-অবরোধ বা বিধিনিষেধ আরোপের চেষ্টা… ব্যর্থ হতে বাধ্য।”

    তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ “শুধু আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ব্যর্থই হবে না, বরং বাস্তবে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার উৎস হয়ে উঠবে এবং স্থায়ী স্থিতিশীলতাকে ব্যাহত করবে”।

  9. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা

    • বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দুই জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং আরো তিন জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে।
    • বাংলাদেশের বিভিন্ন স্থানে যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, সেটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    • বাংলাদেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। সেইসঙ্গে, লিটারে দুই টাকা করে বাড়ানো হয়েছে খোলা সয়াবিন তেলের দাম। এখন থেকে খোলা তেলের লিটার ১৭৯ টাকা দরে বিক্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।
    • জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনে সংসদে প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
    • সাবেক অন্তর্বর্তী সরকারের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিটি জাতীয় সংসদে তোলার দাবি জানিয়েছেন স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি জানান।
    • ভারী বর্ষণে সুনামগঞ্জের হাওড়াঞ্চলসহ তিন জেলায় যেসব কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র 'সামরিকভাবে বিজয় লাভ করেছে' বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নকালে তিনি এমন দাবি করেন।
    • ইরান যুদ্ধ এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন (২৫০০ কোটি) মার্কিন ডলার খরচ হয়েছে বলে দেশটির আইনপ্রণেতাদের জানিয়েছেন পেন্টাগনের অর্থ বিভাগের প্রধান কর্মকর্তা জুলস হার্স্ট।
    • ইরান যুদ্ধ শুরুর পর বাজেট নিয়ে প্রথমবার প্রশ্নের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বাজেট বাড়ানোর বিষয়টির যৌক্তিকতা তুলে ধরার জন্য বুধবার তাকে যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে অংশ নিতে হয়েছে।
    • গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের পতাকাবাহী যে কার্গো জাহাজ আটক করেছে, সেটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে তেহরান।
    • ইয়েমেনিরা বাব এল-মান্দেব প্রণালি বন্ধ করার অপেক্ষা করছে, দাবি করেছেন ইরানি একজন কর্মকর্তা।
    • উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিনে দু'জন ইহুদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
    • যুদ্ধের কারণে বন্ধ ঘোষণা করার প্রায় দু'মাস পর রাশিয়া ও চীনের সঙ্গে আবার বিমান চলাচল শুরু হতে যাচ্ছে ইরান।
    • ইরানি নেতাদের সতর্ক করে দ্রুত তাদের 'শুভবুদ্ধি উদয় হওয়ার' প্রত্যাশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, তিনি ইরানের ওপর দীর্ঘ অবরোধের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ২১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়। একই সঙ্গে, ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগে চার হাজারেরও বেশি মানুষকে ইরানের সরকার গ্রেফতার করেছে বলেও জানানো হয়েছে।
    • পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে, বুধবার ভোট নেওয়া হয় রাজ্যের আটটি জেলার ১৪২টি আসনে। দ্বিতীয় দফাও প্রথম দফার মতোই রেকর্ড পরিমাণ, ৯৩ দশমিক ৬৬ শতাংশ ভোট পড়েছে।
  10. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে