লাইভ, ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না’: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য-বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছেড়ে ঢাকার গুলশানে নিজ বাসভবনে উঠেছেন। এর আগে ২৪শে জুলাই শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বিদায়ী রাষ্ট্রপতি লন্ডনে হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, BD Ministry of Home Affairs

    ছবির ক্যাপশান, সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    লন্ডনে চিকিৎসারত অবস্থায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন, এমন কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

    "এটা আমরা পত্রিকায় দেখেছি। কোনো পত্রিকা এরকম একটা নিউজ দিলো, তার কাছে কী তথ্য-প্রমাণ আছে, তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই," বলেন মি. আহমদ।

    "আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজ-কালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেতে কারো সঙ্গে কথা বলতে হয় না তো। এটা আমার কাছে অলীক মনে হয়। কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়," যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

  2. ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না’: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, BD Ministry of Home Affairs

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশটির সংবিধানে রাষ্ট্রপতিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যার ফলে তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি আইনে মামলা করা যায় না।

    এছাড়া পদ ছেড়ে দেওয়ার পরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাষ্ট্রপতিকে 'সুরক্ষা ও নিরাপত্তা' দেওয়ার বিধান রয়েছে বলে জানান তিনি।

    সেই হিসেবে, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকেও 'সুরক্ষা ও নিরাপত্তা' দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    রোববার ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা স্বরাষ্ট্রমন্ত্রী।

    "তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধি-বিধান অনুযায়ী করেছেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে, তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না," বলেন মি. আহমদ।

    সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মি. সাহাবুদ্দিনের 'সুরক্ষা ও নিরাপত্তা'র বিষয়ে মন্ত্রী বলেন, “তিনি আইনানুগ যা সুবিধা পাবেন অবশ্যই পাবেন এবং তার প্রটেকশনের জন্য এসএসএফ-পিজিআর সুবিধা পাওয়ার ছয় মাসের বিধান আছে। এছাড়া পুলিশ এবং অন্যান্য সংস্থার মাধ্যমে তার নিরাপত্তার বিষয় গ্রহণ করা হবে।”

    মি. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়ে কিছু দল ও সংগঠনের পক্ষ থেকে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলোতে আমলে নেওয়ার মত কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি বলেও জানান তিনি।

    শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে গত ২৪শে জুলাই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

    আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত মি. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর থেকে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইনকিলাব মঞ্চ।

    তবে সরকার বলছে, মি. সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী নিজের দায়িত্ব পালন করেছেন। এছাড়া সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কিছু দল ও সংগঠনের দেওয়া বক্তব্যকে 'মত প্রকাশের স্বাধীনতা' হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    "আমরা গণঅভ্যুত্থানের পরে প্রত্যাশা করি রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে। সেটা আছে।''

    ''বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছেন। সেটা করতে পারে। কিন্তু আমলে নেওয়ার মত কোনো বক্তব্য ওখানে নাই,” বলেন মি. আহমদ।

  3. বঙ্গভবন ছাড়লেন সদ্য-বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

    বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (ফাইল ছবি)

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (ফাইল ছবি)

    পদত্যাগের দু’দিন পর বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

    রোববার দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন ছাড়েন তিনি। সরকারি বাসভবন ছাড়ার পর মি. সাহাবুদ্দিন ঢাকার গুলশানে অবস্থিত তার ব্যক্তিগত বাসভবনে উঠেছেন বলে জানা যাচ্ছে।

    বাংলাদেশের ২২তম এই রাষ্ট্রপতি এর আগে শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে গত ২৪শে জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।

    সংবিধান অনুযায়ী, পাঁচ বছর জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিনি দায়িত্ব পালন করেছেন প্রায় তিন বছর তিন মাস।

    মি. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে