বৃহস্পতিবার সারাদিন যা যা হলো:
- বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করলো সংসদের বিরোধী দল। বাংলাদেশে প্রথম ওয়াকআউটের ঘটনা নিয়ে আরো পড়তে পারেন- জাতীয় সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল।
- বাংলাদেশে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্য ঘিরে ব্যাপক হট্টগোল হয়েছে।
- “মক্কা প্যাক্ট হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটা ব্যবস্থা এবং এটা আমাদের মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এটা নিয়ে কারো, অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই”- এই মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
- “গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্টু লোকেরা বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়- এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না”- দেশের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
- নেপালের পুলিশ বুধবারের আকস্মিক বন্যায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা নাগাদ ৩৮৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
- নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর ৯১০ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
- নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, অনুসন্ধান কার্যক্রমে অংশ নিতে নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং জাতীয় পুলিশের ১৩ হাজারের বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে। এছাড়া দিনজুড়ে পরিচালিত ৬৯টি ফ্লাইটের মাধ্যমে ৫৭৩ জনকে উদ্ধার করা হয়েছে।
- আকস্মিক বন্যায় নেপালের ১৭ হাজারের বেশি শিশুর জরুরি মানবিক সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
- নেপালে দুর্যোগের কারণে আটকে রয়েছেন বা যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এমন ভারতীয় নাগরিকের সংখ্যা ২৮৮ জন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
- চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানের মতে, নেপালে আকস্মিক বন্যার পর প্রায় ১০০ জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
- চীন-নেপাল সীমান্তে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে, যেখানে দ্রুত পানি জমছে। এতে আশঙ্কা দেখা দিয়েছে যে হ্রদটির তীর ভেঙে যেতে পারে।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।


















