আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ , হাম উপসর্গ নিয়ে বাংলাদেশে আরও নয় শিশুর মৃত্যু

বাংলাদেশে চলতি বছর হাম ও এর উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা ১৩৫২ জনে দাঁড়াল। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশটিতে বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. এইচএসসি'র খাতা পুনঃনিরীক্ষণের ফলপ্রকাশ সোমবার

    বাংলাদেশে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে সোমবার।

    ওইদিন বিকাল তিনটায় আবেদনকারী শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পাবেন। এছাড়া আবেদনের সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে, সেই নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।

    রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

    চলতি বছর এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন, যাদের মধ্যে প্রায় অর্ধেকই অকৃতকার্য হয়েছেন। এবার সার্বিকভাবে পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।

    এ অবস্থায় অনেকেই খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এ বছর খাতা পুনঃনিরীক্ষণের জন্য প্রায় দুই লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন জমা দেন বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

  2. ফিনল্যান্ড উপসাগরে রুশ জাহাজে ড্রোন হামলা

    ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে গেছে। তবে নাবিকদের কেউ হতাহত হয়েছে কি-না, সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    ওই হামলার সঙ্গে ইউক্রেনের হাত থাকতে পারে বলে ধারণা করছেন ফিনল্যান্ডের উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা। তবে ইউক্রেন এখনও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

    ফিনল্যান্ডের উপকূলরক্ষীয় বাহিনী জানিয়েছে, স্পার্টা টু নামের জাহাজটি রাশিয়ার বাল্টিক সাগরের ছিটমহল কালিনিনগ্রাদের দিকে যাচ্ছিল। পথেই সেটি ড্রোন হামলার শিকার হয়।

    শনিবারের ওই হামলার বেশ কয়েক ঘণ্টা পর রোববারও জাহাজটিতে আগুন জ্বলতে দেখা গেছে। সেটি যাতে ডুবে না যায়, বর্তমানে সে লক্ষ্যেই কাজ করছে ফিনল্যান্ডের বাহিনী। রুশ বাহিনীয় তাদের সঙ্গে আগুন নেভানো ও জাহাজ উদ্ধারের কাজে অংশ নিয়েছে বলে জানা যাচ্ছে।

  3. জলবায়ু সম্মেলনের চুক্তির খসড়া অনুমোদন পায়নি, আলোচনা ভেস্তে যেতে পারে

    জীবাশ্ম জ্বালানি বিতর্কের জেরে ভেস্তে যাওয়ার ঝুঁকিতে পড়েছে তুরস্কে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন।

    'আনতালিয়া অ্যাকর্ডস' নামের যে চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছিল, ইতোমধ্যেই সেটি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন। এরপর মার্শাল দ্বীপপুঞ্জ, পানামাসহ আরও অনেক দেশ তাদের সঙ্গে যোগ দেয়।

    এরপর কপ-৩১ সম্মেলনের সভাপতি মুরাত কুরুম আনুষ্ঠানিকভাবে জানান যে, চুক্তির খসড়ার বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। ফলে খসড়াটি এখনই পাস হচ্ছে না।

    ইইউ'র পক্ষ থেকে আইরিশমন্ত্রী ডারা ও'ব্রায়েন বলেন, জোটটি আনুষ্ঠানিকভাবে চুক্তিটি প্রত্যাখ্যান করছে। চুক্তির খসড়া দেরিতে প্রকাশ করায় তিনি এর সমালোচনা করেন।

    ডারা ও'ব্রায়েন বলেছেন, ইইউ এমন কোনো খসড়া গ্রহণ করতে পারে না, যেখানে জীবাশ্ম জ্বালানির বিষয়ে কিছু বলা হয়নি।

    কপ-৩১ শীর্ষ সম্মেলন 'কিছু জ্বালানি তেলসমৃদ্ধ রাষ্ট্রের দ্বারা ছিনতাই হয়ে গেছে" বলেও মন্তব্য করেছেন তিনি।

    উল্লেখ্য যে, সৌদি আরবসহ জ্বালানি তেল উৎপাদক দেশগুলোকে জীবাশ্ম জ্বালানি উত্তোলন থেকে সরে আসার প্রতিশ্রুতি পুনর্বহালের জন্য চাপ দিয়ে আসছিল ইইউসহ আরও বেশ কিছু রাষ্ট্র। কিন্তু কপ-৩১ সম্মেলনের চুক্তির খসড়াটিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ে তেমন কিছু বলা হয়নি। সেজন্য ইউরোপীয় ইউনিয়ন সেটি প্রত্যাখ্যান করেছে।

  4. হাম উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা ১৩৫২ জনে দাঁড়াল।

    গত একদিনে মারা যাওয়া নয় শিশুর মধ্যে ঢাকা বিভাগে চার, চট্টগ্রামে তিন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে শিশু মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৬৪ শিশু।

    এর মধ্যে ঢাকা বিভাগে ৪০৭ জন, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৭, বরিশালে ১০০, খুলনায় ৪৯, ময়মনসিংহে ৫৩, রংপুরে ৩৬ ও রাজশাহী বিভাগে ৩৪ জন ভর্তি হয়েছে।

    সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে গেছে।

  5. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের সাতটি জেলায় প্রায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার। জেলাগুলোর মধ্যে রয়েছে: ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর এবং কক্সবাজার।

    রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিজিবি।

    সেখানে আরও বলা হয়েছে, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।

    এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

  6. বিদেশে পাচারকালে টেকনাফ থেকে নারী-শিশুসহ আট রোহিঙ্গা উদ্ধার

    কক্সবাজারের টেকনাফে বিদেশে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী-শিশুসহ আটজন জিম্মিকে উদ্ধার করেছে সেনা-পুলিশের যৌথ বাহিনী।

    উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। সমুদ্রপথে তাদেরকে থাইল্যান্ড ও মালয়েশিয়া পাঠানো হচ্ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

    রোববার মধ্যরাতে টেকনাফের লেঙ্গুরবিল এলাকায় ওই অভিযান চালানো হয়।

    উদ্ধারকৃত আটজনের মধ্যে পাঁচই জনই নারী। বাকিদের মধ্যে আট মাস বয়সী এক শিশু, একজন কিশোর ও একজন পুরুষ রয়েছেন। তারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা।

    তবে পাচারকারী চক্রের কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    উদ্ধারের পর সবাইকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

  7. পোশাক শ্রমিকদের জন্য 'ন্যায্য ও যৌক্তিক' মজুরি নির্ধারণ করা হবে: মাহদী আমিন

    পোশাক কারখানার শ্রমিকদের জন্য 'ন্যায্য ও যৌক্তিক' মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

    রোববার ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে।

    পোশাক শিল্পখাতের সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে 'রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ' লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, "সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও সহনশীলতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করছে।"

    এর আগে, মজুরি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তারা শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে চলমি মাসেই নতুন বেতন কাঠামো ঘোষণা করবেন, যা আগামী পহেলা ডিসেম্বর থেকে কার্যকর করা হবে।

  8. রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশটিতে বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ শুরু করতে যাচ্ছে বিএনপি সরকার।

    এর প্রথমদিনে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) একটি প্রতিনিধি দল।

    বিএনপি ও এনসিপি'র একাধিক সূত্র বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছে।

    সোমবার দুপুরের দিকে এনসিপি'র সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিএনপি'র প্রেস উইং।

    এনসিপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।

    তবে সেই প্রতিনিধি দলে মি. ইসলামের সঙ্গে কারা কারা যাচ্ছেন, সেটি এখনও নিশ্চিত করা হয়নি।

    যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলামের রোববার দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফেরার পর আলোচনা করে প্রতিনিধি দলের সদস্যদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এনসিপি'র আরেক কেন্দ্রীয় নেতা।

    জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। দলটির নেতারা মনে করছে, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    জামায়াতে ইসলামীসহ সংসদের ভেতরে ও বাইরে থাকা অন্য দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে সংলাপ হবে বলে জানিয়েছেন বিএনপি'র প্রেস উইংয়ের একজন কর্মকর্তা।

    তবে কবে, কার সঙ্গে বৈঠক হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি।

    এর আগে, সংসদের সবশেষ অধিবেশনের শেষদিনের ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলোর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন।

    সেটিরই ধারাবাহিকতায় এখন দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে দেখা যাচ্ছে।

  9. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: