লাইভ , বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশটিতে বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরাসরি কভারেজ
বিদেশে পাচারকালে টেকনাফ থেকে নারী-শিশুসহ আট রোহিঙ্গা উদ্ধার
ছবির উৎস, ISPR
কক্সবাজারের টেকনাফে বিদেশে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী-শিশুসহ আটজন জিম্মিকে উদ্ধার করেছে সেনা-পুলিশের যৌথ বাহিনী।
উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। সমুদ্রপথে তাদেরকে থাইল্যান্ড ও মালয়েশিয়া পাঠানো হচ্ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
উদ্ধারকৃত আটজনের মধ্যে পাঁচই জনই নারী। বাকিদের মধ্যে আট মাস বয়সী এক শিশু, একজন কিশোর ও একজন পুরুষ রয়েছেন। তারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা।
তবে পাচারকারী চক্রের কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উদ্ধারের পর সবাইকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
পোশাক শ্রমিকদের জন্য 'ন্যায্য ও যৌক্তিক' মজুরি নির্ধারণ করা হবে: মাহদী আমিন
ছবির উৎস, BSS
পোশাক কারখানার শ্রমিকদের জন্য 'ন্যায্য ও যৌক্তিক' মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
রোববার ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে।
পোশাক শিল্পখাতের সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে 'রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ' লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, "সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও সহনশীলতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করছে।"
এর আগে, মজুরি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তারা শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে চলমি মাসেই নতুন বেতন কাঠামো ঘোষণা করবেন, যা আগামী পহেলা ডিসেম্বর থেকে কার্যকর করা হবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবির উৎস, PMO
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশটিতে বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ শুরু করতে যাচ্ছে বিএনপি সরকার।
এর প্রথমদিনে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) একটি প্রতিনিধি দল।
বিএনপি ও এনসিপি'র একাধিক সূত্র বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছে।
সোমবার দুপুরের দিকে এনসিপি'র সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিএনপি'র প্রেস উইং।
এনসিপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।
তবে সেই প্রতিনিধি দলে মি. ইসলামের সঙ্গে কারা কারা যাচ্ছেন, সেটি এখনও নিশ্চিত করা হয়নি।
যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলামের রোববার দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফেরার পর আলোচনা করে প্রতিনিধি দলের সদস্যদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এনসিপি'র আরেক কেন্দ্রীয় নেতা।
জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। দলটির নেতারা মনে করছে, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জামায়াতে ইসলামীসহ সংসদের ভেতরে ও বাইরে থাকা অন্য দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে সংলাপ হবে বলে জানিয়েছেন বিএনপি'র প্রেস উইংয়ের একজন কর্মকর্তা।
তবে কবে, কার সঙ্গে বৈঠক হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি।
এর আগে, সংসদের সবশেষ অধিবেশনের শেষদিনের ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলোর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন।
সেটিরই ধারাবাহিকতায় এখন দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে দেখা যাচ্ছে।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।