সৌদি জোটের হামলার জবাবে হুথিদের পাল্টা হামলা, আরামকোর সদরদপ্তরে 'ব্যাপক ক্ষয়ক্ষতি'

ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি নেতৃত্বাধীন জোটের একটি জ্বালানি ডিপোতে বিমান হামলার পর, রাতেই হুথিদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকাধীন একটি ভবনে আঘাত হেনেছে। এদিকে, বাংলাদেশে অতীতের অপারেশন ক্লিন হার্ট এর মতো অভিযান করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সরাসরি কভারেজ

রিপোর্টিংয়ে সজল দাস, সম্পাদনায় কাদির কল্লোল

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • সৌদি আরামকো তেল কোম্পানির সদরদপ্তরে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
    • কোকরোচ জনতা পার্টি বা সিজেপি-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে মানুষজনকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন।
    • অপারেশন ক্লিন হার্ট এর মতো অভিযান করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে ঢাকায় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • চাকরির কথা বলে বাংলাদেশ থেকে ৩০ জনকে নেওয়া হয় রাশিয়ায়। সেখানে তাদেরকে তুলে দেওয়া হয় দেশটির সেনাবাহিনীর হাতে। যাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে রাশিয়া-ইউক্রেন এর যুদ্ধক্ষেত্রে। এই ঘটনার বিস্তারিত জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি।
    • গাজীপুরের টঙ্গীতে ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের ওষুধ কারখানায় লাগা আগুনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
    • বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।
    • বোমা হামলা এবং ছিনতাইয়ের হুমকির জেরে জয়পুরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এরপর প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশির পর বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দেয়।
    • ভারতের বিহারের বৈশালী জেলার রাঘোপুর থানা এলাকায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে। তাদের মধ্যে রয়েছে ১৫ বছরের কম বয়সী ন’জন মেয়ে এবং চার জন ছেলে।
    • খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারির একটি প্রস্তাব পাকিস্তানের জাতীয় পরিষদে বিপুল ভোটে পাস হয়েছে ।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুটি জাহাজ হামলার শিকার

    হামলার পর হরমুজ প্রণালিতে ডুবে যায় একটি কনটেইনারবাহী জাহাজ
    ছবির ক্যাপশান, হামলার পর হরমুজ প্রণালিতে ডুবে যায় একটি কনটেইনারবাহী জাহাজ

    সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে যে, ১৩ ও ১৪ই অক্টোবর হরমুজ প্রণালি অতিক্রম করার সময় দেশটির পতাকাবাহী দুটি কন্টেইনার জাহাজ ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল এর টার্গেটে পরিণত হয়েছে।

    সংস্থাটির মতে, "জিএফএস প্রাইড" নামের একটি জাহাজে ক্ষেপনাস্ত্রের আঘাতে আগুন ধরে যায় এবং জাহাজটি ডুবে যায়।

    সিঙ্গাপুর জানিয়েছে, জাহাজটির ২১ জন ক্রু সদস্যকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।

    এর আগে রেভল্যুশনারি গার্ডসের নৌবাহিনী জানিয়েছিল যে, হরমুজ প্রণালিতে একটি নৌ-"মাইন"-এর সাথে ধাক্কা খাওয়ার পর একটি "আইন লঙ্ঘনকারী কন্টেইনার জাহাজ" এ আগুন ধরে যায় এবং সেটি "ডুবে যায়"।

    আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের মতে, জাহাজটি হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ডুবেছে। তবে জাহাজটির মালিকানাধীন দেশের নাম উল্লেখ করেনি আইআরজিসি।

    সিঙ্গাপুর জানিয়েছে, "জেএফএস জিসেল"- নামে আরেকটি জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এটি একটি নিরাপদ স্থানে পৌঁছাতে সক্ষম হয়। জাহাজে থাকা ২২ জন ক্রু সদস্যই নিরাপদ আছেন এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি ঘোষণা করেছে যে, এই দুটি জাহাজে কোনো সিঙ্গাপুরের নাগরিক ছিলেন না। দেশটির মতে, এই কর্মকাণ্ডগুলো, "অযৌক্তিক এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন"।

  3. সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় 'ব্যাপক ক্ষয়ক্ষতি'

    একটি জ্বালানি স্থাপনায় হামলার পর আগুনের কুণ্ডুলি দেখা যাচ্ছে
    ছবির ক্যাপশান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে ওই অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে (ফাইল ছবি)

    সৌদি আরামকো তেল কোম্পানির সদরদপ্তরে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

    মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।

    এর মাত্র কয়েক ঘণ্টা আগে সৌদি জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে কেবল একটি অফিস ভবনে 'ছোটখাটো' আগুন লাগার কথা জানালেও, বর্তমানে ভবনটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

    এই ঘটনার সাথে পরিচিত সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে যে, কমপ্লেক্সের একটি ভবনের আগুন এখন বেশ কয়েকটি তলায় ছড়িয়ে পড়েছে।

    সূত্রগুলোর মতে, কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠানটির কর্মীরা বর্তমানে দূর থেকেই (রিমোটলি) কাজ চালিয়ে যাচ্ছেন।

    সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের অবকাঠামো মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

  4. শুক্রবার দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের

    কোকরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
    ছবির ক্যাপশান, কোকরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

    কোকরোচ জনতা পার্টি বা সিজেপি-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে মানুষজনকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন।

    সামাজিক মাধ্যমে এক্স- এ প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেছেন, "আপনারা সবাই জানেন যে তেরঙ্গা (ভারতের পতাকা) ওড়ানোর কারণে সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কাকে জেলে পাঠানো হয়েছে। আমি সমস্ত দেশপ্রেমিক এবং তেরঙ্গাপ্রেমী মানুষদের অনুরোধ করছি, তারা যেন তেরঙ্গা নিয়ে সেখানে উপস্থিত হন।"

    তিনি আরও বলেন, "আমরা আমাদের তেরঙ্গা ওড়াব এবং মানুষকে বুঝিয়ে দেব যে তেরঙ্গা ওড়ানো কোনো অপরাধ নয়।"

    তিনি জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি 'তেরঙ্গা মার্চ' বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।

    তিনি বলেন, "এমনও হতে পারে যে আমাকেও জেলে পাঠানো হতে পারে, তবে তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।"

    তিনি আরও বলেন, "আমার তেরঙ্গা আমার গৌরব এবং আমি এটি ওড়াতেই থাকব।"

  5. অপারেশন ক্লিন হার্ট এর মতো অভিযানের পরিকল্পনা নাই: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কথা বলছেন
    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কথা বলছেন

    অপারেশন ক্লিন হার্ট এর মতো অভিযান করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বুধবার চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

    এসময় পুলিশের ওপর আক্রমণ এবং খুলনায় পুলিশের রাতে দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে নির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ অপরাধ দমন করতে গেলে মাঝেমধ্যে আক্রমণের শিকার হয়, এটি নতুন কোনো বিষয় নয়।”

    এছাড়া পুলিশ আসামী ধরতে গেলে কেউ যদি বাঁধা দেয়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান মি. আহমদ। তবে, এক্ষেত্রে সবার সহায়তা চান তিনি।

  6. বোমার হুমকি, বিমান ছিনতাইয়ের আশঙ্কায় এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

    জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রাঙ্কফুর্ট-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই২০৩০-এর দৃশ্য
    ছবির ক্যাপশান, জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রাঙ্কফুর্ট-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই২০৩০-এর দৃশ্য

    বোমা হামলা এবং ছিনতাইয়ের হুমকির জেরে জয়পুরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এরপর প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশির পর বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে।

    একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এয়ার ইন্ডিয়ার একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই২০৩০-কে নিরাপত্তার আশঙ্কার কারণে আজ জয়পুরে ঘুরিয়ে নেওয়া হয়।

    বিবৃতিতে বলা আছে, “বিমানটি জয়পুরে নিরাপদে অবতরণ করে। প্রয়োজনীয় তল্লাশির পর বিমান ও বিমানের কর্মীদের ছাড়পত্র দেওয়া হয়েছে। সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করা হয়েছে।”

    মালব্য নগরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার শিব দয়াল ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বোমার হুমকির কারণে ফ্রাঙ্কফুর্ট-দিল্লি বিমানটির এই জরুরি অবতরণের বিষয়টির কথা বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছিল।

  7. সৌদি জোটের হামলার জবাবে হুথিদের পাল্টা হামলা

    হুথিদের পরিচালিত ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে যে তাদের কাছে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ রয়েছে
    ছবির ক্যাপশান, হুথিদের পরিচালিত ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে যে তাদের পর্যাপ্ত জ্বালানি সরবরাহ রয়েছে

    ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি নেতৃত্বাধীন জোটের একটি জ্বালানি ডিপোতে বিমান হামলার পর, রাতেই হুথিদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকাধীন একটি ভবনে আঘাত হেনেছে।

    সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হুথিদের এই হামলার কারণে আরামকোর সদর দপ্তর কমপ্লেক্সের একটি প্রশাসনিক ভবনে "সীমিত আকারের আগুন" ধরে যায়।

    সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে যে, অন্যান্য স্থানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে এবং রাজধানী রিয়াদে চারজন আহত হয়েছেন।

    মঙ্গলবার সানার আল-সাবাহ এলাকায় ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির স্থাপনায় সৌদি জোটের হামলার জবাবে, আরামকো এবং রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে হুথিরা।

    তারা বলছে, পশ্চিম ইয়েমেনে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে মারাত্মক সৌদি বিমান হামলার প্রতিশোধ হিসেবে সৌদি আরবের বিমানবন্দর, তেল ও গ্যাস স্থাপনা এবং সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

    ইরান সমর্থিত এই গোষ্ঠীটি সতর্ক করে বলেছে যে, আগামী দিনে আরও হামলা চালানো হবে।

    এদিকে, এই ক্রমবর্ধমান সংঘাতে "সর্বত্র সবার জন্যই নেতিবাচক প্রভাব" পড়তে পারে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ -এর পরিচালক ক্রিসালিন্ডা জর্জিয়েভা।

  8. ভারতে বিহারের রাঘোপুরে নৌকাডুবিতে ১৩ শিশুর মৃত্যু

    বিহারের রাঘোপুরে গঙ্গা নদীতে একটি নৌকাডুবির ঘটনার পর তল্লাশি ও উদ্ধার অভিযান
    ছবির ক্যাপশান, বিহারের রাঘোপুরে গঙ্গা নদীতে একটি নৌকাডুবির ঘটনার পর তল্লাশি ও উদ্ধার অভিযান

    ভারতের বিহারের বৈশালী জেলার রাঘোপুর থানা এলাকায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে। তাদের মধ্যে রয়েছে ১৫ বছরের কম বয়সী ন’জন মেয়ে এবং চার জন ছেলে।

    নৌকায় থাকা গ্রামবাসীরা একটি ভোজে যোগ দিতে অন্য গ্রামে যাচ্ছিলেন।

    স্থানীয়দের দাবি, রামপুর শ্যামচাঁদ পঞ্চায়েতের মাতা মহারানি স্থানের কাছে সিঙ্গেশ্বর রাই নামের এক ব্যক্তির বাড়িতে ভোজের আয়োজন করা হয়েছিল। একটি ছোট নৌকায় প্রায় ২০ জন যাত্রী ছিলেন।

    বৈশালীর জেলাশাসক বর্ষা সিং জানিয়েছেন, সাতজনকে উদ্ধার করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধার হওয়া কয়েকজনকে চিকিৎসার জন্য পাটনায় পাঠানো হয়েছে।

    তবে ঘটনাস্থলে সবার আগে পৌঁছেছেন এমন গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের সাড়া দিতে দেরি হয়েছে।

    দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে মিজ. সিং বলেন, "মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ঘটনাটি ঘটে। আমরা খবর পাই যে ১৫ থেকে ২০ জন শিশু একটি ছোট ব্যক্তিগত নৌকায় যাচ্ছিল। শিশুরা পাশের গ্রামে একটি ভোজে যোগ দিতে যাচ্ছিল।"

    জেলাশাসকের বক্তব্য, নৌকোটি বেসরকারি রেজিস্ট্রেশন ছিল। মালিকের এবং পরিচালকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

    পরিস্থিতি খতিয়ে দেখতে জেলাশাসক যখন স্থানীয় হাসপাতালে পৌঁছান, তখন সেখানে উপস্থিত ক্ষুব্ধ স্থানীয়রা জেলা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন।

    প্রধানমন্ত্রী মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

  9. বিরোধীতার মধ্যেই খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির অনুমোদন

    পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বেশ কিছুদিন ধরেই অস্থিরতা চলছে
    ছবির ক্যাপশান, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বেশ কিছুদিন ধরেই অস্থিরতা চলছে

    খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারির একটি প্রস্তাব পাকিস্তানের জাতীয় পরিষদে বিপুল ভোটে পাস হয়েছে ।

    এ সময় এই সিদ্ধান্তের বিরোধীতা করেন বিরোধী দলের সদস্যরা। তাদের পক্ষ থেকে "গভর্নর শাসন মানি না, মানব না" বলে স্লোগানও দেওয়া হয়।

    জাতীয় পরিষদে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে যে, পাকিস্তানের সংবিধানের ২৩২ অনুচ্ছেদের বিধান অনুযায়ী প্রেসিডেন্ট কর্তৃক ১১ই অক্টোবর, ২০২৬ তারিখে খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারির ঘোষণাকে জাতীয় পরিষদ অনুমোদন করছে।

    প্রস্তাবটি অনুমোদনের পর জাতীয় পরিষদের অধিবেশন শুক্রবার, ১৬ই অক্টোবর সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়।

  10. যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

    অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
    ছবির ক্যাপশান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

    যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    বুধবার ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে, অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস।

    অর্থমন্ত্রী বলেছেন, ঋণ ব্যবস্থাপনা, মার্কিন সহায়তা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সামগ্রিক সম্পর্ক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক এবং দেশটির সহায়তাসংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে।

    “বিগত দিনে আমরা যুক্তরাষ্ট্র থেকে তেমন কিছু পাইনি। কিন্তু বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক যেভাবে এগিয়েছে; আমরা যুক্তরাষ্ট্র থেকে অনেকগুলো এয়ারক্রাফট কিনছি, তেল, সয়াবিনসহ বিভিন্ন পণ্য ও কমোডিটি আমদানি করছি। তাই তাদের কাছ থেকে আমাদের জন্য বাড়তি সহায়তা আসা উচিত। তারা এ বিষয়ে একমত হয়েছে। এখন দেখা যাক,” বলেন তিনি।

    সরকারের অর্থনৈতিক নীতিতে ঋণের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি বিদেশি বিনিয়োগ ও যৌথ বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

    মন্ত্রী বলেন, “আমরা তাদের জোর দিয়ে বলেছি, বাংলাদেশ যখন যুক্তরাষ্ট্র থেকে এত বেশি আমদানি করছে এবং দুই দেশের সম্পর্ক যেখানে এসে দাঁড়িয়েছে, এখন যদি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সমর্থন না আসে, তাহলে আর কবে আসবে? আমরা যে সহায়তাগুলো আশা করছি, সেগুলো এখন আসা উচিত।”

  11. চাকরির আশ্বাসে রাশিয়ায় নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় ৩০ বাংলাদেশিকে

    সংবাদ সম্মেলনে কথা বলছেন এসআরবি সদস্যরা
    ছবির ক্যাপশান, রাশিয়ার যুদ্ধে বিভিন্ন দেশের নাগরিকদের একই কৌশলে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি

    চাকরির কথা বলে বাংলাদেশ থেকে ৩০ জনকে নেওয়া হয় রাশিয়ায়। সেখানে তাদেরকে তুলে দেওয়া হয় দেশটির সেনাবাহিনীর হাতে। যাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে রাশিয়া-ইউক্রেন এর যুদ্ধক্ষেত্রে।

    মানবপাচার চক্রের শিকার হয়ে ৩০ জন বাংলাদেশি নাগরিকের রাশিয়ায় পাচার হওয়ার এই ঘটনার বিস্তারিত জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি।

    বুধবার সংবাদ সম্মেলনে এসআরবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক মোহা. আসাদুজ্জামান জানান, আহত অবস্থায় ফেরত আসা দুই বাংলাদেশির সঙ্গে কথা বলে এই ঘটনা সম্পর্কে জানতে পারে এসআরবি।

    পরবর্তীতে অভিযান চালিয়ে মানবপাচার চক্রের মূল হোতা, জাবালে নূর নামের একটি প্রতিষ্ঠানের মালিক মিজান এবং আবু তাহের ওরফে লেন্টুকে গ্রেপ্তার করা হয়।

    মি. আসাদুজ্জামান জানান, বাংলাদেশ থেকে রাশিয়া পৌঁছানোর পর একটি হোটেলে আটকে রাখা হয় ৩০ জনকে। কেড়ে নেওয়া হয় পাসপোর্ট, মোবাইল এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। এরপর প্রত্যাশিত চাকরি না দিয়ে হস্তান্তর করা হয় রাশিয়ার সেনাবাহিনীর কাছে।

    “সেখানে তাদের ২১ দিনের একটা ট্রেনিং হয় এবং তারপর যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়। যুদ্ধক্ষেত্রে পাঠানোর পরে তাদেরকে তিনটা সেগমেন্টে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়,” বলেন তিনি।

    মি. আসাদুজ্জামান জানান, যুদ্ধক্ষেত্রে তিনটি ভাগে তাদেরকে মোতায়েন করা হয়েছিল। প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ জনের মৃত্যু হয়। পরে বিভিন্ন সময় আরও তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।

    এসআরবির বলছে, প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে একধরনের শিকার হিসেবে যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো এই বাংলাদেশিদের। অর্থাৎ তাদের ওপর ড্রোন হামলার মধ্য দিয়ে হামলাকারীদের অবস্থান শনাক্ত করা হতো।

    এই ঘটনায় জড়িত জাবালে নূর ছাড়াও এসআরবি ইন্টারন্যাশনাল এবং টিএস গ্রুপ নামের দুটি প্রতিষ্ঠানের বিষয়েও উল্লেখ করা হয়েছে।

    এসআরবি বলছে, এই তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমেই মোট ৩০ জন বিদেশে যায়। যার মধ্যে জাবালে নূর প্রতিষ্ঠানের মালিক মিজানের মাধ্যমে রাশিয়া গিয়েছিলেন ২১ জন।

  12. ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু

    ডেঙ্গি বা ডেঙ্গু রোগের বাহক এডিস মশা
    ছবির ক্যাপশান, ডেঙ্গি বা ডেঙ্গু রোগের বাহক এডিস মশা

    ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ডেঙ্গু সংক্রান্ত সবশেষ বার্তায় এ বিষয়ে জানানো হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।

    স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার এন্ড কন্ট্রোল রুম এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    এর মধ্যে সব চেয়ে বেশি ঢাকা বিভাগে ৪১৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন এবং খুলনা বিভাগে ২৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

  13. হামের উপসর্গ নিয়ে একদিনে আরও সাতজনের মৃত্যু

    টিকা পেয়েও অনেক শিশু হামে আক্রান্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে
    ছবির ক্যাপশান, টিকা পেয়েও অনেক শিশু হামে আক্রান্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে

    বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।

    বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    ১৩ই অক্টোবর সকাল আটটা থেকে ১৪ই অক্টোবর সকাল আটটা পর্যন্ত সময়ে সাতজনের মৃত্যুর পাশপাশি, আরও এক হাজার ৩২৭ জন নতুন রোগী হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে গত সাত মাসের ব্যবধানে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৭৭ জনে।

    এর মধ্যে এক হাজার ৭৩ জন হাম রোগের উপসর্গ নিয়ে এবং ১০৪ জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে মারা গেছেন।

  14. দিল্লিতে ককরোচ জনতা পার্টির দুই নেতাকে ৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে

    ভোরবেলায় গ্রেফতার হওয়ার পর, দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় (বাঁদিক থেকে) অজিঙ্ক্যা শিন্ডে, আশুতোষ রাঙ্কা আর সৌরভ দাস
    ছবির ক্যাপশান, ভোরবেলায় গ্রেফতার হওয়ার পর, দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় (বাঁদিক থেকে) অজিঙ্ক্যা শিন্ডে, আশুতোষ রাঙ্কা আর সৌরভ দাস

    দিল্লির আলোচিত বিক্ষোভ স্থল যন্তর মন্তরে প্রবেশের চেষ্টার অভিযোগে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি-র) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে ৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। একই ঘটনায় আটককৃত দলের অপর সদস্য অজিঙ্ক্যা শিন্ডেকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়েছে।

    প্রতিবাদ স্থল হিসেবে যন্তর মন্তরের অনুমতি বাতিল করার ঠিক পরের দিন, অর্থাৎ গত মঙ্গলবার সেখানে প্রবেশের চেষ্টা করার অভিযোগে দিল্লি পুলিশ এই তিনজনের বিরুদ্ধে একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করে।

    সিজেপির আইনি বিভাগের প্রধান রত্না সিং সামাজিক মাধ্যম ‘এক্স’-এ রাত ৩:৪৬ নাগাদ এক বার্তায় জানান, আশুতোষ, সৌরভ ও অজিংক্যকে পার্লামেন্ট স্ট্রিট থানায় গ্রেফতার করে রাখা হয়। তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ, বন্ডের নিয়ম লঙ্ঘন এবং সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

    তার অভিযোগ, "গভীর রাত পর্যন্ত আটক নেতাদের সঙ্গে তাদের আইনজীবীদের দেখা করতে দেওয়া হয়নি। শেষমেশ রাত তিনটের সময় একটি বেসরকারি ভ্যানে করে তাদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে আসা হয়।"

    অজিঙ্ক্যা শিন্ডে আজ সকালে সাংবাদিকদের বলেন, “আমরা যন্তর মন্তরের দিকে গিয়ে, ভারতের পতাকা উড়িয়েছিলাম আর ‘ভারত মাতার জয়’ বলেছিলাম। তার জন্য মোদী-শাহের এই স্বৈরাচারী সরকার সৌরভ আর আশুতোষকে ৫ দিনের জন্য জেলে পাঠিয়ে দিয়েছে। এই স্বৈরাচারী সরকারের অবসান ঘটবে।”

    ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ‘এক্স’-এ এক ভিডিও বার্তায় বলেন, "নরেন্দ্র মোদীর জমানায় আজ দেশের জাতীয় পতাকা উড়ানোও অপরাধ হিসেবে গণ্য হচ্ছে! আমি নরেন্দ্র মোদীকে বলতে চাই, যদি দম থাকে তবে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করুন। পুলিশের পেছনে কাপুরুষের মতো লুকিয়ে থাকা বন্ধ করুন। খোলাখুলি জরুরি অবস্থা জারি করে দেশবাসীকে জানিয়ে দিন যে, ভারতে কোনো প্রতিবাদ বা ভিন্নমত প্রকাশের অধিকার আর অবশিষ্ট নেই।"

    সিজেপি নেতাদের এই গ্রেফতারির ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ একাধিক বিরোধী নেতা এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন।

    লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ‘এক্স’-এ লেখেন, "জন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদে জাতীয় পতাকা উড়ানো কোনো অপরাধ নয়। এর জন্য তরুণদের জেলে পাঠানো কাপুরুষতার পরিচয়।"

    পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই গ্রেফতারির কড়া সমালোচনা করে বলেন, "আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে এই মুহূর্তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের অঙ্গীকার নিতে হবে। এটি একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের কখনোই আমাদের সাংবিধানিক অধিকার বিসর্জন দেওয়া উচিত নয়।"

  15. গাজীপুরে ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই

    আগুনে পাশাপাশি দুটি ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে
    ছবির ক্যাপশান, আগুনে পাশাপাশি দুটি ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে

    গাজীপুরের টঙ্গীতে ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের ওষুধ কারখানায় লাগা আগুনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    বুধবার সকাল সোয়া দশটার দিকে টঙ্গীতে ব্যাক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানটির চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত।

    ফায়ার সার্ভিস জানিয়েছে যে, কারখানাটিতে আগুন লাগার পর ভেতরে যারা আটকে ছিল, তাদেরকে বের করে আনা হয়েছে। তবে, হুঁড়োহুড়ি করে বের হওয়ার সময় দুইজন সামান্য আহত হয়েছেন বলেও জানানো হয়।

    এই ঘটনায় পাশাপাশি থাকা দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যে ভবনে আগুনের সূত্রপাত সেখানে পাউডার এবং শুকনো জাতীয় ওষুধ তৈরি করা হতো। ফলে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

    আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে আগুণের স্ফুলিঙ্গ রয়ে গেছে। ফলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের কাজ অব্যাহত রাখবেন বলেও জানানো হয়েছে।

  16. প্রায় চার ঘণ্টার চেষ্টায় গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

    আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা
    ছবির ক্যাপশান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

    গাজীপুরের টঙ্গী চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    বুধবার দুপুর নাগাদ ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    তবে, এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

    ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল সোয়া দশটা নাগাদ আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। পরে ধাপে ধাপে ইউনিট বাড়তে থাকে।

    আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি, উত্তরা ফায়ার স্টেশন থেকে তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন থেকে চারটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিটসহ রাজেন্দ্রপুর এবং পূর্বাচল থেকেও কয়েকটি ইউনিট পাঠানো হয়।

    এছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডার (রাসায়নিক উপাদানজনিত দূর্ঘটনা মোকাবিলায় ব্যবহৃত হয়) আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়।

    বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদস্যরাও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেন বলে জানা গেছে।

  17. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
    • মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের ১২ জন উপদেষ্টা। এদিকে, মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার দায় "ফ্যাসিস্ট শেখ হাসিনারই" বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
    • মঙ্গলবার কালীঘাটে বাড়ির কাছেই পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উপর হামলার অভিযোগ উঠেছে।
    • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা সম্প্রতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
    • অসদাচরণের কারণে গ্রিসে নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূত কিম্বারলি গিলফয়েলকে পদত্যাগ করতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদীর সরকার বিরোধীদের সঙ্গে সিজেপির বিভেদ তৈরির চেষ্টা করছে।
    • বাংলাদেশের বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করলে সরকারের মন্ত্রিসভাকে স্ক্রুটিনাইজ বা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারতো বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
    • সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনের হুথি গোষ্টীর হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৭ই অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
    • কংগ্রেসের নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের এসআইআর-কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে পিটিশন দায়ের করেছিলেন তাতে কিছু ‘ত্রুটি’ রয়েছে বলে মঙ্গলবার তা ফেরত পাঠিয়েছে শীর্ষ আদালত।
    • দুইদিন অবরূদ্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
    • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো নয়জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে।
    • ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে “অতিরিক্ত বাড়াবাড়ি” হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • ইয়েমেনের হুথিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে ব্যর্থ হওয়ার কারণ জানতে তদন্ত শুরু করেছে সৌদি আরব।
    • এমিরেটস এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান এতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, আগামী সপ্তাহ পর্যন্ত আবুধাবি থেকে রিয়াদ, জেদ্দা ও দাম্মামে তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।