এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই

বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯৪ জনে । আরও উল্লেখযােগ্য খবরের মধ্যে রয়েছে, চট্টগ্রামে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় কাদির কল্লোল

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা ঘটেছে

    • চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
    • রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এতে অন্তত ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে তবে গ্রাহকদের ওপর তাৎক্ষণিকভাবে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছে ব্যাংকটি।
    • বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯৪ জনে। অন্যদিকে, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো চার শিশু মারা গেছে।
    • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
    • সৌদি আরবের রাজধানী রিয়াদে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কয়েক ঘণ্টা পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের একজন মুখপাত্র জানান, এই জোটের বাহিনী ইয়েমেনের হুথিদের ছোঁড়া দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
    • হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে পুনরায় খুলে দেওয়ার প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিক্রিয়া ইরান এখনো পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
    • হুথিদের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে, এমন খবর অস্বীকার করেছে দেশটির সরকার।
    • বাংলাদেশে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • সাহিত্যে এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন।
    • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার খবরের পর বিশ্ববাজারে ক্রুড বা অপরিশোধিত তেলের দাম তিন শতাংশের বেশি বেড়েছে।
    • ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে রোহিঙ্গা শরণার্ণীদের ওপর অভিযান চালানোর পর কর্তৃপক্ষ এখন কথিত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অন্যান্য খবর জানতে মূলপাতায় ক্লিক করুন।

  2. প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান

    সাক্ষাতের ছবি
    ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

    প্রধানমন্ত্রীর প্রেস উইং এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, এ সময় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিকস খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

    একইসঙ্গে, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি নিয়েও আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    চুক্তির আওতায় কনটেইনার টার্মিনাল ও এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড ।

    টার্মিনালটির আধুনিকায়ন, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতা বাড়াতে এ অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ।

    এ সময় ফ্রি ট্রেড জোন এবং রেলভিত্তিক ইনল্যান্ড কন্টেনার ডিপো স্থাপনে এবং বাংলাদেশে নতুন বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদের আগ্রহের কথা জানতে চান প্রধানমন্ত্রী।

    এসব খাতে সহযোগিতা ও বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন সৌদি এই ব্যবসায়ী দল।

  3. হুথিদের ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের

    সৌদি আরবের রাজধানী রিয়াদে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কয়েক ঘণ্টা পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের একজন মুখপাত্র জানান, এই জোটের বাহিনী ইয়েমেনের হুথিদের ছোঁড়া দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

    এই যুদ্ধের মাত্রা বাড়ার সাথে সাথে হুথিরা সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা বাড়িয়ে দিয়েছে।

    রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং কয়েকটি অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।

    ফ্লাইট ট্র্যাকিং সিস্টেম ‘ফ্লাইটরাডার২৪’ বৃহস্পতিবার জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ফ্লাইট আসা ও যাওয়ার ক্ষেত্রে দেরি হয়েছে।

    তুরস্ক এবং পাকিস্তানসহ মিত্র দেশগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করে যাচ্ছে সৌদি আরব।

    সৌদি কর্মকর্তারা গতকাল ঘোষণা করেন, এই সপ্তাহে রিয়াদ বিমানবন্দর ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহা বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনার পর মিত্রদের সমর্থন চাওয়ার বিষয়টি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    কয়েকজন কূটনীতিক সতর্কবার্তা পাওয়ার কথা জানিয়েছেন এবং রিয়াদের কিছু স্কুল থেকে অভিভাবকদের কাছে নিরাপদ আশ্রয়ে থাকার নোটিশ দেওয়া হয়েছে। যদিও কর্তৃপক্ষ কোনো প্রকাশ্য সতর্কবার্তা জারি করেনি।

    ইয়েমেনের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ, যেটি ২০২২ সালে একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছিল সেটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে আবার তীব্র আকার ধারণ করেছে।

    গত মাসে হুথিরা গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির আশপাশের এলাকাসহ লোহিত সাগরের উপকূলের কিছু অংশ দখল করে নিয়েছে।

  4. কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দেবে ইরান: আরাঘচি

    ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
    ছবির ক্যাপশান, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে পুনরায় খুলে দেওয়ার প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিক্রিয়া ইরান এখনো পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আরাঘচি বলেন, "আমরা আমাদের পরিকল্পনাটি উপস্থাপন করেছি, যা 'সেভেন-ডে প্ল্যান' বা সাত দিনের পরিকল্পনা নামে পেশ করা হয়েছিল। এ বিষয়ে মার্কিন পক্ষের মতামতও আমরা শুনেছি।"

    তিনি আরো বলেন, "আমরা বর্তমানে আমেরিকানদের অবস্থান খতিয়ে দেখছি এবং আমার মনে হয় আগামী কয়েক দিনের মধ্যে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব।"

    কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে বলে জানিয়েছেন আরাঘচি।

  5. রিয়াদে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে কিন্ডারগার্টেন ও চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত

    রিয়াদে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেটির ধারালো টুকরো বা অংশবিশেষ পড়ে একটি কিন্ডারগার্টেন ও একটি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের সিভিল ডিফেন্স অর্গানাইজেশন।

    সৌদি আরবের রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার কয়েক ঘণ্টা পর এই ঘটনা ঘটে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, "একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এর টুকরোগুলো রিয়াদে এসে পড়ে, যার ফলে একটি কিন্ডারগার্টেন ও একটি চিকিৎসাকেন্দ্রে বেশ ক্ষয়ক্ষতি হয়।"

    তবে এই ঘটনায় কেউ আহত হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি তারা।

    বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সৌদি কর্মকর্তাদের বক্তব্য সচরাচর দেখা যায় না। সাম্প্রতিক সপ্তাহগুলোয় হুথিদের হামলার পরিণতি নিয়ে দেশের কর্মকর্তারা কেবল অল্প কয়েকটি বিবৃতিই দিয়েছেন।

  6. হুথির বিরুদ্ধে অভিযানে নিজেদের বিমান ব্যবহারের কথা অস্বীকার করেছে পাকিস্তান

    যুদ্ধ বিমান
    ছবির ক্যাপশান, হুথিদের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে এমন খবর অস্বীকার করেছে দেশটির সরকার

    হুথিদের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে, এমন খবর অস্বীকার করেছে দেশটির সরকার।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে, মার্কিন ম্যাগাজিন ‘নিউ ইয়র্ক টাইমস’ এর ওই প্রতিবেদনকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে অভিহিত করা হয়েছে।

    প্রতিবেদনটিতে দাবি করা হয়েছিল, হুথিদের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে।

    পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র অধীনে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর মোতায়েন সংক্রান্ত বিষয়ে অনুমানভিত্তিক বা কাল্পনিক সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকতে আন্তর্জাতিক গণমাধ্যমকে আবারো অনুরোধ করা হচ্ছে।

    বিবৃতিতে আরো বলা হয়েছে, যদি কখনো এ ধরনের কোনো সেনা মোতায়েন বা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখা দেয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেই তার বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

    ‘নিউ ইয়র্ক টাইমস’ এর প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ পাকিস্তানি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে ওই দাবি করা হয়েছিল।

    এছাড়া, ওই সংবাদপত্রটিতে সাবেক মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল ডেভিড ও. স্মিথের একটি বক্তব্যও প্রকাশ করা হয়েছে।

    তিনি একসময় পাকিস্তানে মার্কিন সামরিক অ্যাটাচি (প্রতিরক্ষা সহযোগী) এবং ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একজন জ্যেষ্ঠ বিশ্লেষক ছিলেন।

    ডেভিড ও. স্মিথ গত বুধবার বলেন, যদিও ক্লাসিফাইড (গোপন) তথ্যে তার কোনো প্রবেশাধিকার নেই, তবে বিশ্লেষকদের মধ্যে একটি সাধারণ ঐকমত্য রয়েছে যে, প্রায় আট হাজার পাকিস্তানি সেনা সৌদি আরবে অবস্থান করছে।

  7. বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

    স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের লোগো
    ছবির ক্যাপশান, এই প্রক্রিয়ায় অন্তত ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ

    রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এতে অন্তত ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে তবে গ্রাহকদের ওপর তাৎক্ষণিকভাবে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছে ব্যাংকটি।

    গ্রাহকদের কাছে পাঠানো চিঠিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল হাবিব বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন।

    চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ তাদের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির বিষয়টি খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে।

    রিটেইল ব্যাংকিং বিক্রির এই প্রক্রিয়ার সময় গ্রাহকদের আমানত ও বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদে রয়েছে এবং গ্রাহকরা স্বাভাবিক নিয়মে ব্যাংকিং লেনদেন চালিয়ে যেতে পারবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।

    এতে বলা হয়েছে, "আমাদের ডব্লিউআরবি ব্যবসা বিক্রি হতে অন্তত ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে এবং এটি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভরশীল।"

    তবে, গ্রাহকদের এই প্রক্রিয়ার যে কোনো আপডেট বা নতুন তথ্য নিয়মিত জানানো হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

    গত ১২০ বছরেরও বেশি সময় ধরে ব্যাংকটি বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আমাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক, সীমান্ত পেরিয়ে লেনদেনের সুবিধা ও খাতের দক্ষতার মাধ্যমে আমরা গ্রাহকদের সহায়তা দিয়ে যাব।"

    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং বিক্রির সিদ্ধান্ত হলেও এসসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং (সিআইবি) ব্যবসা প্রসারের ওপর বিশেষ জোর দেব তারা।

  8. আগামী দুই মাসের মধ্যে সারা দেশে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

    বৈঠকে প্রধানমন্ত্রীসহ অন্যান্যরা
    ছবির ক্যাপশান, খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত এক বৈঠক হয় প্রধানমন্ত্রীর সভাপতেিত্বে

    আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

    দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু - কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়ছে ওই বৈঠকে।

    একইসঙ্গে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

    এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯০টি মাঠ খেলাধুলার উপযোগী করে সেখানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

    বৈঠকে জানানো হয়, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৭টি জেলায় খেলার মাঠের জন্য ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে।

    প্রতিটি মাঠের আয়তন সর্বনিম্ন তিন থেকে সর্বোচ্চ আট বিঘা নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

    ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ ১০টি ক্রীড়া ইভেন্টে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

    আগামী পাঁচই নভেম্বর খুলনা থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এ ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  9. হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো চার শিশুর মৃত্যু

    হামে আক্রান্ত শিশুর হাতে ক্যানোলা লাগানো
    ছবির ক্যাপশান, এ বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪০ জনে

    হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো চার শিশু মারা গেছে। এ বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪০ জনে।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাসস এ খবর প্রকাশ করেছে।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গে আক্রান্ত এমন মোট এক হাজার ৪২৮ রোগী শনাক্ত হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে ১০৪ শিশু মারা গেছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে এক হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।

  10. এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই

    ডেঙ্গি বা ডেঙ্গু রোগের বাহক এডিস মশা
    ছবির ক্যাপশান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো এক হাজার ৯৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন

    বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯৪ জনে ।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এই তথ্য দেয়া হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যে পাঁচজন মারা গেছেন, তাদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এবং বাকি দুইজন খুলনায় মারা গেছেন। আর গত এক সপ্তাহেই মারা গেছেন ৩৮ জন।

    এছাড়া, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো এক হাজার ৯৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৪ হাজার ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

  11. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে

    পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প
    ছবির ক্যাপশান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প

    রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

    বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

    “প্রেশারের কাজ শেষ করেছে। পিওআরভির কাজ শেষ করেছে, টেস্ট হয়েছে। তবে আমরা আরেকবার টেস্ট করতে যাব। আমরা খবর রাখছি, ঠিক আছে কিনা” বলেন মি. হাসান।

    এখন বাকি কাজ শেষ করে তারা বিদ্যুৎ উৎপাদনের দিকে যাবে বলে জানান তিনি।

  12. বর্তমান বিশ্বের বহুমাত্রিক সংকট কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়: আইনমন্ত্রী

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান
    ছবির ক্যাপশান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

    বর্তমান বিশ্বের বহুমাত্রিক সংকট কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

    বৃহস্পতিবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক জাস্টিস সামিট - ইস্তান্বুল, ২০২৬’এর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, "মানবাধিকার সুরক্ষা, অভিবাসন, সাইবার অপরাধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ফলে সৃষ্ট চ্যালেঞ্জসহ বৈশ্বিক নানা সংকট মোকাবিলায় দেশগুলোকে অভিন্ন দায়িত্ববোধের ভিত্তিতে দায়িত্ব ভাগ করে নিতে হবে এবং কার্যকর ও সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।"

    নতুন ধরনের বৈষম্য, বিভাজন ও আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকি তৈরি করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, "বৈশ্বিক আইনি ব্যবস্থা বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। প্রযুক্তির দ্রুত বিকাশ একদিকে বিশ্বকে সংযুক্ত করেছে এবং সেবা প্রদানকে সহজ করেছে, অন্যদিকে নতুন ধরনের বৈষম্য, বিভাজন ও আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকি তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু নতুন আইন প্রণয়ন যথেষ্ট নয়। ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও অভিন্ন দায়িত্ববোধের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।"

  13. সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

    কানাডিয়ান লেখক অ্যান কার্সন
    ছবির ক্যাপশান, অ্যান কার্সন তার পুরো কর্মজীবন জুড়েই কবিতা লেখার পাশাপাশি অনুবাদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজ করে গেছেন

    সাহিত্যে এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নোবেল পুরস্কার কমিটি।

    এতে বলা হয়েছে, ২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন। প্রাচীন ধ্রুপদী ঐতিহ্যের সঙ্গে চমৎকার ও কৌতুকপূর্ণ সংলাপে নতুন ধারার সমকালীন সাহিত্য সৃষ্টির সাহসী এবং সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যান কার্সন তার পুরো কর্মজীবন জুড়েই কবিতা লেখার পাশাপাশি অনুবাদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজ করে গেছেন।

    শব্দের উৎপত্তিকেই নিজের সব কাজের সূচনার মূল ভিত্তি হিসেবে তিনি চিহ্নিত করেছেন বলে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  14. বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে তিন শতাংশেরও বেশি

    জ্বালানি তেল
    ছবির ক্যাপশান, ক্রুড বা অপরিশোধিত তেলের দাম তিন শতাংশেরও বেশি বেড়েছে

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার খবরের পর বিশ্ববাজারে ক্রুড বা অপরিশোধিত তেলের দাম তিন শতাংশের বেশি বেড়েছে।

    ইউরোপীয় বাজারে, ব্রেন্ট ক্রুড ইনডেক্সের দাম গত দিনের তুলনায় তিন দশমিক পাঁচ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।

    এছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ইনডেক্সের দামও একই হারে বেড়ে প্রতি ব্যারেল ৯১ ডলারে পৌঁছেছে।

    এর আগে, আমেরিকান কর্মকর্তাদের বরাত দিয়ে ‘অ্যাক্সিওস’ সংবাদমাধ্যম জানিয়েছিল, গত কয়েক দিনে পেন্টাগন সেন্টকমকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ অভিযান পুনরায় শুরু করার প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে।

    এর আগে, এই অঞ্চলের হরমুজ প্রণালি থেকে তেলের চালান বেড়ে যাওয়ার খবরের কারণে বিগত কয়েক দিন ধরে তেলের দাম প্রায় ১০০ ডলারের আশপাশে স্থিতিশীল ছিল।

  15. যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের ক্ষয়-ক্ষতি সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি: আরাঘচি

    ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
    ছবির ক্যাপশান, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির আসল পরিমাণ প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “গত মে মাসে মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস বলেছিল, ইরানের সশস্ত্র বাহিনী ৪২টি মার্কিন সামরিক বিমান ধ্বংস করেছে। এখন এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১টিতে।”

    আরাঘচি আরো বলেন, “প্রমাণ? মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কংগ্রেসের একজন সেনেটরকেও এমন সব ঘাঁটি পরিদর্শন করার অনুমতি দিচ্ছে না, যে ঘাঁটিগুলো সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় আছে বলে তারা দাবি করছে।”

    আব্বাস আরাঘচি তার পোস্টে আরো লিখেছেন, “এই বিষয়ে মানুষকে চিরকাল ‘ধোঁয়াশা বা প্রতারণার মাঝে’ রাখা যাবে না।”

  16. রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

    কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের রোঙ্গিখালী ও নোয়াখালী পাড়া নামক দুটি স্থানে সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বৃহস্পতিবার দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা শেষে এ কথা জানান তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রোঙ্গিখালী ও নোয়াখালী পাড়া এই দুই জায়গায় পাহাড় আছে যেখানে অপহরণের ঘটনা প্রতিনিয়তই ঘটে থাকে। সেখানে দুইটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।”

    সেনা ক্যাম্পগুলো স্থাপন হলে এ জাতীয় অপরাধ নির্মূল হবে বলে আশাপ্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    এছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনঃনির্মাণ, সোলার লাইট স্থাপন, সার্কিট ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার বা কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

  17. চট্টগ্রাম বন্দরে ১৫ বছর টার্মিনাল চালানোর সুযোগ পেলো দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই

    চট্টগ্রামে বন্দর
    ছবির ক্যাপশান, চট্টগ্রামে বন্দর

    চট্টগ্রামে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। ১৫ বছরের জন্য এই চুক্তিটি স্বাক্ষর করা হয়েছে।

    বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় আগারগাঁওয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

    নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “বাংলাদেশের পোর্ট ব্যবস্থাপনায়, কনটেইনার হ্যান্ডেলিং আধুনিক এবং প্রত্যাশা অনুসারে বিশ্বের মানদণ্ডের কাছে চলে যাচ্ছে। শীর্ষ পাঁচটি কোম্পানির মধ্যে তিনটিই এখন বাংলাদেশে এবং চিটাগাং পোর্টে"।

    তিনি আরো বলেন, “নিশ্চিত করেছি আমাদের স্বার্থ, নিশ্চিত করেছি আমাদের অধিকার, নিশ্চিত করেছি আমাদের অর্থনৈতিক প্রাপ্তি, নিশ্চিত করেছি আমাদের কারিগরী বা টেকনিকেল যোগ্য অর্জনের প্রাপ্তি”।

  18. ভারতশাসিত কাশ্মীরে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু

    ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে কথিত বাংলাদেশি নাগরিকদের ওপর অভিযান
    ছবির ক্যাপশান, ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে কথিত বাংলাদেশি নাগরিকদের ওপর অভিযান

    ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে রোহিঙ্গা শরণার্ণীদের ওপর অভিযান চালানোর পর কর্তৃপক্ষ এখন কথিত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

    প্রশাসনের মতে, প্রথম ধাপে প্রায় ৩০০ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীর উপত্যকা ও জম্মুতে 'অবৈধ অনুপ্রবেশকারীদের' বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সরকার, যার অংশ হিসেবে বাংলাদেশি নাগরিকদের চিহ্নিতকরণ ও ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।

    সরকারি সূত্র উদ্ধৃত করে বিবিসি নিউজ উর্দু জানিয়েছে, মে মাসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি জম্মু ও কাশ্মীর প্রশাসনকে জানিয়েছিল যে বাংলাদেশ থেকে আসা প্রায় ৬০০ অবৈধ অভিবাসী বেশ কয়েক বছর ধরে কাশ্মীর উপত্যকা এবং জম্মুতে বসবাস করছেন।

    ভারতীয় কর্মকর্তাদের মতে, বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমরা গত কয়েক দশক ধরে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে জম্মুতে বসবাস করছে।

    কর্তৃপক্ষ বলছে, তাদের অনেকেই ভিসা ছাড়াই সীমান্ত অতিক্রম করেছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেন, সোমবার ও মঙ্গলবার প্রায় ৩০০ বাংলাদেশিকে দুটি পৃথক দলে ভাগ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে, সেখান থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

    কথিত বাংলাদেশি নাগরিকদের ওপর সাম্প্রতিক দমননীতিকে রোহিঙ্গা শরণার্থীদের নির্বাসনের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

    ভারত সরকার রোহিঙ্গাদের আইনি শরণার্থীর মর্যাদা দেয় না কারণ ভারত ১৯৫১ সালের জাতিসংঘের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয়।

    একই নীতিমালার অধীনে ২০১৭ সালে অনুপ্রবেশ করেছেন এমন অভিযোগে রোহিঙ্গাদেরও আটক করে ফেরত পাঠানো হয়েছে।

    বিজেপি এবং তার সমর্থকরা যুক্তি দেয় যে অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পদের উপর চাপ সৃষ্টি করছে, বিশেষত জম্মু অঞ্চলে, এবং স্থানীয় জনগণের জীবিকার সুযোগকে প্রভাবিত করছে। প্রশাসন আরও আশঙ্কা করছে যে পরিচয়পত্রহীন লোকদের চরমপন্থি বা অপরাধের উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, যা নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে।

    অন্যদিকে মানবাধিকারকর্মীরা এসব যুক্তির সঙ্গে একমত নন।

    সাংবাদিক ও বিশ্লেষক হারুন রেশির মতে, আন্তর্জাতিক আইনের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে 'নন রিভল্ট', যার অধীনে কোনো ব্যক্তিকে এমন দেশে ফেরত পাঠানো যায় না, যেখানে তার জীবন বা স্বাধীনতা হুমকির মুখে পড়ে।

    তিনি বলেন, বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীরা চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে এবং স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশনসহ মৌলিক সুযোগ-সুবিধা পর্যাপ্ত পায় না।

    তার মতে, যদিও ভারত এই আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়, তবুও ভারতের সুপ্রিম কোর্ট বেশ কয়েকবার সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে বিদেশিদের মৌলিক মানবাধিকার রক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছে।

  19. চট্টগ্রামের সলিমপুরকে সন্ত্রাসের অভয়ারণ্য থেকে মুক্ত করতে সেখানে পুলিশ একাডেমি প্রতিষ্ঠার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের যে সকল মৌজায় সরকারি জমি আছে, সেগুলোকে সুশাসনের মধ্যে এনে সন্ত্রাসের অভয়ারণ্য থেকে মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বৃহস্পতিবার দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভার শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ তিনি এ কথা জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জঙ্গল সলিমপুরের যে কয়টি মৌজায় সরকারি জমি আছে, পাহাড় শ্রেণি হোক, খাস ল্যান্ড হোক সেগুলো যেন সুশাসনের মধ্যে নিয়ে আসা হয়। আমরা সেই এলাকায় সারদার মত একটা পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি, সেইজন্য জমি দেখা হচ্ছে।”

    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের জন্য জঙ্গল সলিমপুরের ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

    একইসঙ্গে, ওই এলাকায় অবৈধভাবে বসবাসকারীদের পুনর্বাসনের জন্যও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোকে পরিচালনা করা হবে বলে জানান তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ বলেন, “সবকিছু একটা সুশাসনের মধ্যে নিয়ে এসে ওই জায়গাটি যে একটা সন্ত্রাসের অভয়ারণ্য ছিল, সেখান থেকে এই জায়গাটিকে মুক্ত করা হবে এবং একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে।”

    একইসঙ্গে, পুলিশ, বিজিবি, র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপস্থিতি রাখতে জঙ্গল সলিমপুরে জায়গা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

  20. যমুনা সার কারখানায় ইউরিয়া সারের উৎপাদন আবার বন্ধ

    ফসলে সার দিচ্ছেন কৃষক
    ছবির ক্যাপশান, গত আট মাস বন্ধ থাকার পর দুইদিন আগে মঙ্গলবার এই কারখানায় সারের উৎপাদন শুরু হয়েছিল

    বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে ইউরিয়া সারের উৎপাদন আবার বন্ধ হয়ে গেছে।

    এর আগে, গত আট মাস বন্ধ থাকার পর দুইদিন আগে মঙ্গলবার এই কারখানায় সারের উৎপাদন শুরু হয়েছিল।

    যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের প্রশাসন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হলেও অ্যামুনিয়া সারের উৎপাদন চলছে।

    “অ্যামুনিয়ার উৎপাদন চলছে, যান্ত্রিক ত্রুটির কারণে ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে আশা করছি, দুই-দিনের মধ্যেই আবার চালু করা যাবে,” বলেন মি. হোসেন।

    বৃহস্পতিবার সকালে বয়লার লিকেজ দেখা দেওয়ায় যমুনা সার কারখানায় ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

    এর আগে, গত ফেব্রুয়ারিতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এই সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।

    প্রায় আট মাস উৎপাদন বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছিল। এরপর এখন আবার এই সারের উৎপাদন বন্ধ হয়ে গেল।