আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, মার্কিন ঘাঁটিগুলোর অন্তত ২২৮টি স্থাপনার ক্ষতি করেছে ইরান, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। এদিকে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. "এটি না কোভিড, না ইনফ্লুয়েঞ্জা, এর ছড়ানোর ধরন একেবারেই আলাদা", হান্টাভাইরাস সম্পর্কে ডব্লিউএইচও

    হান্টাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র এক সংবাদ সম্মেলনে সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যন ক্যারকোহভ বলেন, হান্টাভাইরাসে সংক্রমিত জাহাজ এমভি হন্ডিয়াসের সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে।

    তিনি আরও বলেন, যেসব ব্যক্তি সন্দেহভাজন রোগীদের সংস্পর্শে আসছেন বা তাদের সেবা দিচ্ছেন, তাদের উচিৎ আরও বেশি সুরক্ষামূলক পোশাক-আশাক ও সরঞ্জাম ব্যবহার করা।

    হান্টাভাইরাস আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, যারা রোগীদের সংস্পর্শে এসেছে, তারা সংক্রমিত হয়েছে কি হয়নি, তা শনাক্ত করার কাজ চলছে। "তবে হান্টাভাইরাস সাধারণত খুব কাছাকাছি সংস্পর্শে এলে ছড়ায়। এটি না কোভিড, না ইনফ্লুয়েঞ্জা, এর ছড়ানোর ধরন একেবারেই আলাদা।"

    হান্টাভাইরাসের সাথে কোভিড-১৯ মহামারীর শুরুর সময়ের পার্থক্য নিয়ে তিনি বলেন যে এখনকার পরিস্থিতি ছয় বছর আগেকার পরিস্থিতির মতো নয়।

    "আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে, এটি নতুন কোনো কোভিড মহামারির শুরু নয়। এটি এমন একটি প্রাদুর্ভাব, যা কেবল একটি জাহাজে দেখা যাচ্ছে।"

  2. সংক্রমিত দম্পতি এমন স্থানে গিয়েছিলেন, যেখানে হান্টাভাইরাস বহনকারী ইঁদুর ছিল: ডব্লিউএইচও

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, হান্টাভাইরাসে আক্রান্ত দম্পতি এমন কিছু স্থানে গিয়েছিলেন, যেখানে ভাইরাসটি বহনকারী ইঁদুরের একটি প্রজাতির উপস্থিতি ছিল।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস ঘেব্রেয়েসাস বলেছেন, হান্টাভাইরাস প্রাদুর্ভাবটি কীভাবে ছড়িয়েছে, তা নিয়ে তদন্ত এখনো চলছে। তবে সংক্রমিত প্রথম দুই ব্যক্তি আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়েতে পাখি পর্যবেক্ষণ সফরে বেড়িয়েছিলেন। সেসময় তারা এমন কিছু স্থানে গিয়েছিলেন, যেখানে হান্টাভাইরাস বহন করে, ইঁদুরের এমন একটি প্রজাতির উপস্থিতি ছিল।

    তিনি আরও বলেন, ওই দম্পতির যাতায়াত সম্পর্কে বিস্তারিত জানতে আর্জেন্টিনার সঙ্গে কাজ করছে ডব্লিউএইচও।

    তিনি এও জানান, এমভি হন্ডিয়াস নামক জাহাজটির ক্যাপ্টেনের সঙ্গে তার কথা হয়েছে। ক্যাপ্টেন তাকে জানিয়েছেন যে জাহাজটি ফের চলতে শুরু করায় যাত্রীদের মনোবল অনেকটাই বেড়েছে।

  3. বগুড়া সিটি কর্পোরেশন ও পাঁচটি নতুন উপজেলা গঠন

    বগুড়া সিটি কর্পোরেশন গঠনের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে সরকার।

    আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

    বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    নতুন উপজেলাগুলো হলো: বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’।

  4. বিপিএলে বেটিং ও ফিক্সিং-এর অভিযোগে ৫ জনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি

    বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেটিং ও ফিক্সিং-এর অভিযোগে পাঁচজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    বিসিবি জানিয়েছে, একটি টিম ম্যানেজার মো. লাবলুর রহমান ও ফ্র্যাঞ্চাইজি কো-ওনার (সহ-মালিক) মো. তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করা এবং প্রাসঙ্গিক তথ্য গোপন বা মুছে ফেলার অভিযোগ আনা হয়েছে।

    একই ধরনের অভিযোগে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং ১৪ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

    অন্যদিকে, দেশীয় ক্রিকেটার অমিত মজুমদার ও টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকের বিরুদ্ধে ম্যাচ সংক্রান্ত বাজিতে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

    এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরও সাময়িকভাবে নিষিদ্ধ করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

    এদিকে, পৃথক এক সিদ্ধান্তে সামিনুর রহমানকে বিপিএল সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিসিবি।

    তদন্তে সামিনুর রহমানের বিরুদ্ধে একাধিক আসরে বেটিং চক্রের সঙ্গে যোগাযোগ এবং দুর্নীতিমূলক কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে। তিনি এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানিয়েছে বোর্ড।

  5. ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার

    নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মো. হারুনুর রশিদ খান হত্যাকান্ডের মামলার এক আসামি আরিফ সরকারকে দুবাই থেকে গ্রেফতার করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবর জানায়।

    বিজ্ঞপ্তিতে পিবিআই জানিয়েছে, ইন্টারপোলের রেড এলার্টের ভিত্তিতে দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেফতার করে। পরে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ টিম তাকে দেশে ফিরিয়ে আনে।

    গতকাল, ছয়ই মে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    ২০২৩ সালের ২৫শে ফেব্রুয়ারি শিবপুরে নিজ বাসায় গুলিবিদ্ধ হন হারুনুর রশিদ খান। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩১শে মে তিনি মারা যান।

    এ ঘটনায় তার ছেলে আমানুর রশিদ খান শিবপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

    পরে মামলাটির তদন্তভার পায় পিবিআই নরসিংদী। তদন্তে আরিফ সরকারের জড়িত থাকার তথ্য পাওয়ার পর তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়।

  6. দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর স্থগিত মৃত‍্যুদণ্ডাদেশ

    দুর্নীতির অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর স্থগিত মৃত‍্যুদণ্ডাদেশ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

    চীনের শিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার সাতই মে ওয়েই ফেংহে ও লি শাংফুকে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দেশটির একটি সামরিক আদালত।

    এর অর্থ, দুই বছর পর তাদের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খাটতে হবে। তবে সাজা কমানোর বা প্যারোলে মুক্তির কোনো সুযোগ থাকবে না।

    দু'জনকেই ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাদের সব ব্যক্তিগত সম্পদ জব্দ করা হয়েছে।

    দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে অপসারণের পর এই ঘোষণা এলো।

    ওয়েই ফেংহে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মার্চে তার স্থলাভিষিক্ত হন লি শাংফু। তবে লি শাংফু'র দায়িত্বকাল ছিল খুবই সংক্ষিপ্ত।

    ২০২৩ সালের অক্টোবর মাসে লি শাংফুকেও বরখাস্ত করা হয়।

  7. শাপলা চত্বরের মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

    ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।

    আগামী সপ্তাহে, অর্থাৎ আগামী ১৪ই মে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

    পরে ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

    তিনি বলেন, "এই তিনজন...যেহেতু হেফাজতে আছে, আমরা তাদের প্রোডাকশন (হাজির) চেয়েছি। আগামী তারিখে হয়তো এই মামলা তাদের গ্রেফতার দেখানো হবে। সেটা দেখানোর পর তাদেরকে আমরা সেফ হোমে নিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করবো, এই মামলার স্বার্থে।"

    উল্লেখ্য, আগামী সাতই জুন এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য আছে।

  8. ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১২টি শিশু মারা গেছে।

    এদের মাঝে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে আজ সাতই মে সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে দেশজুড়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক বা হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২৭৯ জন।

    গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ গত ছয়ই মে সকাল ৮টা থেকে আজ সাতই মে সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৮৬ জন ও সন্দেহজনক বা হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা এক হাজার ২৩৮ জন।

    এদিকে, গত ১৫ই মার্চ থেকে আজ সাতই মে সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ছয় হাজার ২০৮ জন ও সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৪৯৮ জন।

  9. জামিনে মুক্তি পেলেন শেখ মুজিবের সাতই মার্চের ভাষণ বাজানো ইমি

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

    ঢাকার শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ বাজানো এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বিক্ষোভ করার অভিযোগে শেখ তাসনিম আফরোজ ইমিকে গ্রেফতার করা হয়েছিল।

    আজ বৃহস্পতিবার সাতই মে ওই ঘটনার দুই মাস পর জামিনে মুক্তি পান তিনি।

    তার আইনজীবী অ্যাডভোকেট মুহা. নোমান হোসাইন বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আজ দুপুর সোয়া তিনটার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান শেখ তাসনিম আফরোজ ইমি।

    এরপর মিজ ইমির সাথেও কথা হয় বিবিসি বাংলা'র। টানা ৬১ দিন বাদে কারামুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "আমি এখনও ট্রমাটাইজড। কিছুই গুছায়ে বলার মতো অবস্থায় নাই।"

    "৬১ দিন কারাভোগ করা, শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার জন্য...আমি মনে করি, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। বর্তমান সরকার মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ভোটের রাজনীতি করেছেন, তারাও তো আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করেন, বিএনপি তো মুক্তিযোদ্ধাদের হাতে গড়া একটা দল," যোগ করেন তিনি।

    তিনি আরও বলেন, "আমি আশা করবো যে বর্তমান প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির হাতে হেনস্তার শিকার হতে দেবেন না।"

  10. মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে এ আবেদন করেন বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা।

    মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছে, তারা হলেন— ইউনূস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রিন্সিপাল (প্রশাসন) মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজউক চেয়ারম্যান, রাজউকের ফিল্ড সুপারভাইজার (উত্তরা)।

    মামলার আবেদনের বিবরণ অনুযায়ী, প্রতিদিনের মতো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গত বছরের ২১শে জুলাই স্কুলে গিয়েছিল। সেদিন দুপুর ১টা ১৮ মিনিটের দিকে আসামিদের সরাসরি দায়িত্বে ও তত্ত্বাবধানে থাকা ত্রুটিযুক্ত প্রশিক্ষণ বিমান এফ-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান উড্ডয়নের আদেশ দেওয়া হয়। নবীন পাইলট একা ওই যুদ্ধবিমান উড্ডয়ন করলে ‘ত্রুটিজনিত কারণে’ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়।

    এই ঘটনায় ২৮ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষিকা, তিনজন অভিভাবক ও একজন পরিচালকসহ ৩৫ জন মারা যায়। এছাড়া, ১৭২ জন অগ্নিদগ্ধ হয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন বলে মামলার আবেদনে বলা হয়েছে।

    মামলার আবেদনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ১২ নম্বর আসামি করা হয়েছে এবং বলা হয়েছে, তিনি সেসময় স্বশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাই, এফ-৭ যুদ্ধ বিমানটি তার অধীনস্ত ও নিয়ন্ত্রণাধীন ছিল।

    একইসঙ্গে বলা হয়েছে, সেসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো। কিন্তু পরবর্তীতে তিনি তা দেননি।। তাই দায়িত্ব পালনে অবহেলা ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এই মামলায় তাকে আসামি করা হয়েছে।

    মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা নিয়ে আরও পড়তে পারেন...

  11. পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা নয়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত: সর্বোচ্চ নেতার উপদেষ্টা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজায়ী বলেছেন, পারমাণবিক ইস্যুতে ইরান “কারও সঙ্গে আলোচনা করবে না” এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনার বরাতে বলা হয়েছে, বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার এবং বর্তমানে ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহসেন রেজায়ী সতর্ক করে বলেন, “হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের হাত থেকে বেরিয়ে গেলে শত্রুপক্ষ আবারও এটিকে ইরান ও এর জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে”।

    তিনি বলেন, “ইরানি মডেল জোর দেয় যে অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে অঞ্চলের দেশগুলো নিজেরাই এবং বিদেশি বাহিনী—তা আমেরিকান হোক বা ইউরোপীয়—অঞ্চল ত্যাগ করা উচিত”।

    এর আগে মোহসেন রেজায়ী এক কঠোর বক্তব্যে বলেন, ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং “আমাদের আঙুল ট্রিগারের ওপর রয়েছে”।

  12. মার্কিন ঘাঁটিগুলোর অন্তত ২২৮টি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে ইরান, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

    যুক্তরাষ্ট্রের মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট বুধবার প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে লিখেছে যে, পত্রিকাটির স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ইরানের বিমান হামলায় মধ্যপ্রাচ্যে “মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত ঘাঁটি বা স্থাপনাগুলোর অন্তত ২২৮টি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে”।

    ওয়াশিংটন পোস্ট জানায়, এসব হামলায় লক্ষ্যবস্তু ছিল মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর “বিমান সংরক্ষণ কাঠামো, ব্যারাক, জ্বালানি ডিপো, বিমান, এবং গুরুত্বপূর্ণ রাডার, যোগাযোগ ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম”।

    মার্কিন এই সংবাদপত্রটি লিখেছে, “ক্ষয়ক্ষতির পরিমাণ যুক্তরাষ্ট্র সরকারের কখনো স্বীকার করা বা এর আগে কোনো প্রতিবেদনে উঠে আসা যেকোনো তথ্যের চেয়ে অনেক বেশি”।

    কয়েক দিন আগে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন একই ধরনের এক প্রতিবেদনে অঞ্চলের অন্তত ১৬টি মার্কিন ঘাঁটিতে “ব্যাপক ক্ষয়ক্ষতির” কথা জানিয়েছিল।

    এখন ওয়াশিংটন পোস্ট লিখছে, কর্মকর্তাদের মতে বিমান হামলার হুমকি “অঞ্চলের কিছু মার্কিন ঘাঁটিকে স্বাভাবিকভাবে সেনা মোতায়েনের জন্য অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে, এবং কমান্ডাররা যুদ্ধ শুরুর সময় থেকেই তাদের বাহিনীর একটি বড় অংশকে ইরানি হামলার আওতার বাইরে সরিয়ে নিয়েছেন।”

    তবে এক সামরিক মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে জানান, ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে “বিশেষজ্ঞদের বর্ণনাকে ব্যাপক ধ্বংস বা ব্যর্থতার লক্ষণ হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়”, কারণ ক্ষতির পরিমাণ নির্ধারণ জটিল এবং কিছু ক্ষেত্রে “ভুল ধারণা সৃষ্টি করতে পারে”।

    সামরিক মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে আরও বলেন, যুদ্ধ শেষ হলে সামরিক কমান্ডাররা ইরানের হামলা সম্পর্কে আরও পূর্ণাঙ্গ চিত্র দিতে পারবেন।

    গত সপ্তাহে, মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট কংগ্রেসে ঘোষণা দেন যে ইরানের সঙ্গে যুদ্ধের ব্যয় হবে ২৫ বিলিয়ন বা ২৫০০ কোটি ডলার। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন যে এই যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পুনরায় সংগ্রহ করতে মাস বা বছর লেগে যেতে পারে।

    এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর পেন্টাগন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে ২০২৭ অর্থবছরের জন্য ১.৫ ট্রিলিয়ন ডলারেরও বেশি বাজেট চেয়েছে, যা আগের তুলনায় ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

  13. সেনাবাহিনীকে পর্যায়ক্রমে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নিচ্ছে সরকার।

    “সরকারের নীতিগত সিদ্ধান্ত হলো, আমরা অনির্দিষ্টকালের জন্য মাঠে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না,” বলেছেন তিনি।

    আজ বৃহস্পতিবার সাতই মে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    “নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খলা অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের বিশ্বাস। জনমনেও বিশ্বাস জন্মেছে। তাই, আমরা সেনাবাহিনীকে পর্যায়ক্রমে মাঠ থেকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। এটা সত্য।”

    “তবে সেটি আমরা কীভাবে করবো, তা পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থাগুলো বসে পর্যায়ক্রমে সেই ব্যবস্থাটি নেবে,” যোগ করেন সালাহউদ্দিন আহমদ।

  14. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে পুশব্যাকের আশঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
    • আজকের দিনের '২৪ ঘণ্টার সংবাদ সম্প্রচার' সংস্কৃতির পথিকৃৎ ও সিএনএন-এর প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন।
    • যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হবে, নাকি হবে না- এ নিয়ে প্রশ্ন থাকলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ জানিয়েছে যে তারা দক্ষিণ লেবাননে হেজবুল্লাহ'র লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।
    • এক ইসরায়েলি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েল এমন কোনো তথ্য জানে না যা থেকে মনে হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এমন কোনো চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন যার মাধ্যমে এই যুদ্ধের অবসান হবে এবং হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচলের ওপর থাকা অবরোধ তুলে নেওয়া হবে।
    • ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে যে "আগ্রাসীদের হুমকি শেষ হলে" হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হতে পারে।
    • যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি হলে ইরান যুদ্ধের ও যুক্তরাষ্ট্রের অবরোধের অবসান হতে পারে। তবে ইরান রাজি না হলে বোমা হামলা আরও তীব্র হতে পারে।
    • নেত্রকোনার মদন উপজেলার একটি কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাব।
    • সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাতজন মারা গেছে। এদের মাঝে দু'জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
    • আগামী নয়ই মে, শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। একথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
    • হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া যাত্রীবাহী ডাচ জাহাজ এমভি হন্ডিয়াসকে নোঙর করতে দেওয়ার ব্যাপারে স্প্যানিশ সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফের্নান্দো ক্লাভিহো।
    • পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাসভবনের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সরানো হয়েছে।
    • মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৬টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক কর্তৃপক্ষ ইউকেএমটিও (ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস)।
    • চীন সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান শুধু একটি “ন্যায্য ও সমন্বিত চুক্তি” গ্রহণ করবে।
  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে