লাইভ, বাংলাদেশে আরো তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন

আরো তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে বাংলাদেশের ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়নগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তুর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বাংলাদেশে আরো তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার-এর বৈঠক

    ছবির উৎস, PMO

    বাংলাদেশে আরো তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’।

    এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

    মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার- এর ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

    নিকার প্রস্তাব অনুযায়ী তিনটি নতুন উপজেলা হচ্ছে- চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহ জেলার গফরাগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা।

    চট্টগ্রামের হাটহাজারি থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে ‘হালদা থানা’।

    এর ফলে বাংলাদেশে উপজেলার সংখ্যা হবে ৪৯৮ এবং থানার সংখ্যা হবে ৬৪০টি।

  2. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • বাংলাদেশের জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে।
    • ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় হওয়া মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • সৌদি আরব প্রবাসীদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত জটিলতা নিরসনে একটি সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট এবং নতুন বা ট্রান্সফার হওয়া কর্মী- এই দুই ধরনের কর্মী এই সুযোগটি নিতে পারবেন।
    • যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। ছয়-তিন ভোটে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখার পক্ষে রায় দিয়েছেন বিচারপতিরা।
    • যুদ্ধবিরতি ভঙ্গ করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে-রেজা।
    • জুয়া প্রতিরোধ আইন- ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। মঙ্গলবার সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে সেটি পাস হয়।
    • বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে আদালতের নির্দেশনা থাকলেও দেশের অনেক গণমাধ্যম এটি মানছেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
    • পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি কারখানায় মঙ্গলবার ভোরবেলা ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, জানিয়েছেন জেলা পুলিশের কর্মকর্তারা।
    • ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরীর শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে