লাইভ, অনলাইন প্রতারণার অভিযোগে কাঠমান্ডুতে ১৫ জন বাংলাদেশি গ্রেপ্তার

ঢাকার মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় তার বাবা ও মা, বোন ও তদন্তকারী কর্মকর্তাসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সোমবার ঢাকার একটি বিচারিক আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. নাইক্ষ্যংছড়ি সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে এক কিশোর নিহত

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্য লাইন থেকে মিয়ানমারের দশ গজ ভেতরে মর্টার শেল বিস্ফোরণে সতনাইম তঞ্চঙ্গা নামের এক কিশোর নিহত হয়েছেন।

    নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    দুপুর সোয়া একটা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

    ওই কিশোরের আনুমানিক বয়স ১৫ বছর বলে জানিয়েছেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।

    মি. হাসান বলেন, “উনার যে পরিচয় পাওয়া গেছে, উনার নাগরিকত্বই মিয়ানমারের। উনার স্থায়ী ঠিকানা মিয়ানমারের। বাংলাদেশের সীমান্তে বসবাস করতেন।”

    বাংলাদেশ ও মিয়ানমারের নাইক্ষ্যংছড়ির অংশে অবস্থিত শূন্য লাইন থেকে আরো প্রায় দশ গজ মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটেছে।

    ওই মরদেহের বিষয়ে কী করা হবে জানতে চাইলে মি. হাসান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি জানা যায়নি।

    সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

  2. অনলাইন প্রতারণার অভিযোগে কাঠমান্ডুতে ১৫ জন বাংলাদেশি গ্রেপ্তার

    হাতকড়া

    ছবির উৎস, Getty Images

    কম্বোডিয়া ও মিয়ানমারের মতো অনলাইন স্ক্যাম (প্রতারণা) সেন্টার পরিচালনার প্রস্তুতি নেওয়ার অভিযোগে কাঠমান্ডু পুলিশ বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে।

    শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুর প্রধান পর্যটন এলাকা থামেল থেকে পুলিশ ১৫ জন বাংলাদেশি এবং চারজন ভারতীয় নাগরিককে আটক করেছে।

    বিবিসি নেপালি সার্ভিসের সংবাদদাতা অশোক দাহাল জানিয়েছেন, নেপাল পুলিশের কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তার ব্যক্তিরা একজন চীনা নাগরিকের চালানো একটি ‘স্ক্যাম সেন্টারে’ কর্মরত ছিলেন।

    ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের মুখপাত্র ও পুলিশ সুপার রামেশ্বর কার্কি বলেছেন, “ওই চীনা নাগরিক বর্তমানে পলাতক রয়েছেন। আমরা তাকে খুঁজছি।”

    পুলিশের রিপোর্ট অনুযায়ী, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকদের বেশিরভাগই আগে কম্বোডিয়ায় কাজ করেছেন। তারা জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, কম্বোডিয়ায় পরিচয় হওয়া চীনা অপারেটররা তাদের নেপালে নিয়ে এসেছে।

    পুলিশ সুপার কার্কির মতে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে নারীদের আপত্তিকর ছবি পাঠিয়ে এ চক্রটি ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করত।

    প্রাথমিক তদন্তে দেখা গেছে, চক্রটি স্থানীয় নেপালিদের নয়, বরং প্রধানত বাংলাদেশি এবং ভারতীয় নাগরিকেরা ছিলেন তাদের টার্গেট।

    শুক্রবার গ্রেপ্তার ১৯ জনকেই পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদেরকে ডিপোর্ট অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে।

    জানা গেছে, স্ক্যাম সেন্টার পরিচালনার জন্য পলাতক চীনা নাগরিক থামেল এলাকার একটি পুরো হোটেল ভাড়া নিয়েছিলেন।

    হোটেলের মালিক প্রতি মাসে সাত লাখ নেপালি রুপি ভাড়ার বিনিময়ে হোটেলটি লিজ দিয়েছিলেন।

    পুলিশ জানিয়েছে, অভিযানের সময় কম্পিউটার, মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

  3. বিজেপির বিরুদ্ধে ধর্নায় মমতা ব্যানার্জী

    প্রতিবাদে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, ধর্নায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

    বিজেপির বিরুদ্ধে মঙ্গলবার ধর্নায় বসেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জী।

    ওই মঞ্চ থেকে ভোটপরবর্তী সহিংসতা, বুলডোজার দিয়ে ভাঙচুর, হকার উচ্ছেদ-সহ একাধিক অভিযোগ তুলেছেন তিনি বর্তমান শাসকদল বিজেপির বিরুদ্ধে।

    তৃণমূলের নেতা-কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলেও তার অভিযোগ। তিনি বলেছেন, “আমাদের সাংসদ, বিধায়ক, কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে। ভয় পাবেন না।”

    “আমাকে আটকাতে পারবেন না। সংবিধান রক্ষা করব। বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমাদের কর্মী-সমর্থকরা আক্রান্ত।”

    কলকাতার ওয়াই চ্যানেলের ওই ধর্নায় তার পাশাপাশি নয়না ব্যানার্জী, চন্দ্রিমা ভট্টাচার্য, দোলা সেন, কল্যাণ চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ ব্যানার্জী-সহ তৃণমূলের একাধিক নেতা ও কর্মীরা উপস্থিত হন।

    ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগে রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্না কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে পুলিশের তরফে অনুমতি মেলেনি, তা নিয়ে ‘অসন্তোষও’ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জী এবং দলের নেতারা।

    সকাল থেকেই এই অংশে কড়া পুলিশি নিরাপত্তা ছিল। সেদিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, “শান্তিপূর্ণ একটা মিটিংকে আপনারা কারাগারে পরিণত করেছেন। আমাদের কর্মীদের আসতে দেওয়া হচ্ছে না।”

    এরপরই তিনি কড়া বার্তা দেন। তিনি বলেছেন, “আমাদের কর্মীদের আসতে দিন। নয়তো লালবাজার ঘেরাও হবে, নবান্ন ঘেরাও হবে।” “আপনারা জায়গা দেবেন না তো? আমাদের জায়গা মানুষের মনে।”

  4. বাংলাদেশের সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বাংলাদেশের সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    বাংলাদেশের সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    দুপুরে সচিবালয়ে সীমান্তে ভারতের বিএসএফ কর্তৃক নারী ও শিশুদের পুশব্যাকের ঘটনার বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নে এ কথা জানান তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এগুলো শুনতে পাচ্ছি। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোন ধরনের ইল্লিগ্যাল পুশ ইন বা পুশ ব্যাক এগুলোর বিপক্ষে।”

    “কিন্তু যদি বাংলাদেশের কোন সিটিজেন কোন কারণেই হোক যদি সেই দেশে যেয়ে থাকে তাদের যদি ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করা হয়, আমরা এটাকে বলি যে, ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোন তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে তারা সেটা আইনানুগভাবে রিপ্যাট্রিয়েশন প্রসেসটা ফলো করবে” বলে জানান মি. আহমদ।

    একইসঙ্গে এরকম আইডি ভেরিফিকেশনের কোন বিষয় এখনো পেন্ডিং নেই উল্লেখ করে তিনি বলেন, “যদি অতীতে পেন্ডিং থাকে সেটা অবশ্যই সেভাবে লিগ্যালি এড্রেস করা হবে।”

  5. এখন থেকে ন্যুনতম পক্ষে ৫০ ভাগ মামলা গাড়ির মালিককে না দিয়ে চালকের বিরুদ্ধে করা হবে

    অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) মো. আনিসুর রহমান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, এখন থেকে ন্যুনতম পক্ষে ৫০ ভাগ মামলা গাড়ির মালিককে না দিয়ে চালকের বিরুদ্ধে করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) মো. আনিসুর রহমান

    এখন থেকে ন্যুনতম পক্ষে ৫০ ভাগ মামলা গাড়ির মালিককে না দিয়ে চালকের বিরুদ্ধে করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) মো. আনিসুর রহমান।

    মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

    মি. রহমান বলেন, “গাড়িটা চালায় হচ্ছে চালক, কিন্তু দেখা যায় যে, চালক ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।”

    চালককে মামলা দিলে দুই ধরনের ঘটনা ঘটবে উল্লেখ করে তিনি বলেন, “একটা হচ্ছে তাকে তো জরিমানার টাকা দিতে হবে, আরেকটা হচ্ছে ডিমেরিটস পদ্ধতিতে তার ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা যাবে।”

    এর ফলে গাড়ির মালিক পরবর্তীতে একজন চালকের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট যাচাই করে তাকে চাকুরিতে নিয়োগ দিতে পারবেন বলে জানান তিনি।

    ভুয়া মামলা কি না সেটি কিভাবে বোঝা যাবে এমন প্রসঙ্গে তিনি জানান, “আমাদের তরফ থেকে কোনদিন আপনাদের কোন পাসওয়ার্ড বা কোড নম্বর কোন কিছু চাওয়া হবে না। আপনার কাছে যে চিঠি যাবে ওই চিঠিতে আমাদের আটটা ডিভিশনের অফিসারদের স্বাক্ষর আছে।”

    একইসঙ্গে ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের কর্মকর্তাদের স্বাক্ষর থাকবে মামলার কপিতে, বলেন এই পুলিশ কর্মকর্তা।

    শীঘ্রই গাড়ির নম্বরপ্লেট সঠিক, পরিষ্কার লেখা রয়েছে কিনা সেটি যাচাই করতে অভিযান পরিচালনা করা হবে বলে জানান মি. রহমান।

  6. মাজারের দিঘিতে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধারের পর দাফন

    বাগেরহাটে খানজাহান আলী মাজারের দিঘি

    ছবির উৎস, Inzamamul Haque

    ছবির ক্যাপশান, বাগেরহাটে খানজাহান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধারের পর ময়না তদন্ত ছাড়াই জানাজা শেষে দাফন করা হয়েছে

    বাগেরহাটে খানজাহান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধারের পর ময়না তদন্ত ছাড়াই জানাজা শেষে দাফন করা হয়েছে।

    মঙ্গলবার ভোরে দিঘির পূর্ব পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মাজারের খাদেম ফকির তরিকুল ইসলাম।

    মরদেহ উদ্ধারের পর মাজার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে শিশুটিকে দাফন করে।

    সোমবার রাতে শিশুটিকে টেনে নিয়ে যায় কুমির।

    ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দুলাল হোসেন সোমবার বিবিসিকে জানিয়েছেন, শিশুটির বয়স আনুমানিক সাত বছর ছিল এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, শিশুটি দিঘির ঘাটে হাত-মুখ ধুতে বা গোসল করতে নেমেছিলো।

    শিশুর সাথে অভিভাবক ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, মা ছিল। তবে মা মানসিকভাবে সুস্থ নন। তাই হয়তো তিনি বুঝতে পারেননি। আর তারা (মা ও শিশু) দর্শনার্থী না, তারা মাজারেই থাকেন।

    উল্লেখ্য, এই ঘটনাটি ঘটে আজ সোমবার রাত পৌনে ৯টার দিকে।

    এর আগে গত আটই এপ্রিল একটি কুকুরকে পুকুরঘাট থেকে টেনে নিয়ে গিয়েছিল কুমির। সেই ঘটনার একটি ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার তৈরি হয়েছিল।

  7. ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের

    আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা

    ছবির উৎস, Jewel Saha Bikash

    ছবির ক্যাপশান, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে

    আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন।

    মঙ্গলবার দুপুর আড়াইটায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

    এর আগে ভোলায় বিক্ষোভ করেছে ছাত্রদল ও যুবদলের বেশ কিছু নেতা-কর্মী।

    ওই বিদ্যালয়ের মাঠে জানাজা না পড়ানো এবং আওয়ামী লীগের নেতারা যাতে জানাজায় অংশ না নেন সে দাবি করেছিল ওই নেতা-কর্মীরা।

    তবে, বিএনপির জ্যেষ্ঠ নেতারা এসে ছাত্রদল ও যুবদলের কর্মীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

    স্থানীয় সাংবাদিকরা জানান, জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন।

    এই জানাজায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী, বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়েছেন।

    এর আগে, দুপুর পৌনে বারোটায় ঢাকা থেকে তোফায়েল আহমেদের মরদেহ হেলিকপ্টারে করে ভোলায় নিয়ে যাওয়া হয়।

    পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ভোলা সরকারি স্কুলের মাঠে নিয়ে যাওয়া হয় তার মরদেহ।

    দুপুরে জানাজা শেষে সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

    সোমবার বিকেল সাড়ে তিনটায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮১ বছর বয়সী তোফায়েল আহমেদ।

    ষাটের দশকের ছাত্ররাজনীতির সেই উত্তাল সময়ে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তোফায়েল আহমেদ হয়ে উঠেছিলেন উনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা।

    এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মি. আহমেদ স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে দাপটের সঙ্গে রাজনীতিতে ছিলেন।

  8. শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে

    আসামি সোহেল রানা

    ছবির উৎস, ROMIZ HUSSAIN

    ছবির ক্যাপশান, ঢাকার মিরপুরে শিশু রামিসা ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় তার বাবা ও মাসহ ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে

    ঢাকার মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ। শিশুটির বাবা ও মা, বোন ও তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। কাল আসামিদের আত্মপক্ষ সমর্থণের দিন ধার্য করেছে আদালত।

    মঙ্গলবার ঢাকার একটি বিচারিক আদালতে মাত্র দুই কার্যদিবসেই সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এই মামলার।

    সকালে শুনানি শুরুর আগে আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়।

    শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান আদালতকে জানিয়েছেন, আসামি সোহেল রানার উদ্ভট বক্তব্য প্রচার করে মামলার বিচার ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হচ্ছে।

    নিহত রামিসার বাবা সন্তান হত্যায় ন্যায়বিচার দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

    এই মামলার মোট ১৭ জন সাক্ষীর মধ্যে তদন্ত কর্মকর্তা মো. অহিদুজ্জামানের জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেরা করেছে আসামিপক্ষের আইনজীবী।

    বুধবার আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থণের পর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। পরে মামলাটির রায়ের দিন নির্ধারণ করবে বিচারিক আদালত।

  9. গতকালের কিছু খবর:

    • বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির।
    • যুক্তরাষ্ট্র বলছে, তারা সপ্তাহান্তে ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান দাবি করছে, এর জবাবে তারা একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে।
    • বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন।
    • পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নব-নির্বাচিত দুইজন বিধায়ককে দল বহিষ্কার করেছে।
    • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, পরিচালনা এবং টেন্ডার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
    • গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও এক হাজার ১৩৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
    • বাংলাদেশের যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে ১০-১৩ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
    • ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে তার পদ থেকে সরানো হচ্ছে না বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
    • পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার প্রায় তিন সপ্তাহ পরে তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন সোমবার।
    • বিএনপি সরকারের প্রায় সাড়ে তিন মাসের মাথায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন।
    • ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
  10. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে