লাইভ, বাংলাদেশে ডেঙ্গুতে আরও নয় জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২ জন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও কমপক্ষে নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৭১ জনে দাঁড়াল। অন্যদিকে দেশজুড়ে বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ডেঙ্গুতে আরও নয় জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২ জন

    এডিস মশা

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও কমপক্ষে নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৭১ জনে দাঁড়াল।

    সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে আরো বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও অন্তত ১৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    এর মধ্যে ঢাকা বিভাগে ৮৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, খুলনা বিভাগে ৩০৬ জন, বরিশাল বিভাগের ২১৬ জন, রাজশাহী বিভাগে ১০৫ জন, রংপুর বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯৮ জন এবং সিলেট বিভাগে নয় জন হাসপাতালে ভর্তি হন।

    সবমিলিয় চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৩৬০ জনে দাঁড়িয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

  2. ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের 'লংমার্চ'

    ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ

    পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির রাজধানী ইসলামাবাদের দিকে লংমার্চ শুরু করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা।

    এমন একটি সময় এই লংমার্চ কর্মসূচি শুরু হলো, যখন ৭৩ বছর বয়সী মি. খানের স্বাস্থ্য নিয়ে পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

    পরিবারের সদস্যরা দাবি করেছেন, চিকিৎসার ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ অবহেলা করায় মি. খানের ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেছেন। এজন্য তারা ইমরান খানের মুক্তি চেয়ে আসছেন।

    মুক্তির দাবিতে গত সপ্তাহেই লংমার্চটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পিটিআই পরে জানিয়েছিল যে, তারা পাকিস্তানের বর্তমান সরকারকে একটি সুযোগ দিতে চাই।

    খানের মুক্তির বিষয়ে সরকারের সঙ্গে পিটিআই নেতাদের আলোচনা শুরুও হয়েছিল। কিন্তু একপর্যায়ে সেখানে অচলাবস্থায় তৈরি হয়।

    এ অবস্থায় রোববার ইসলামাবাদ থেকে ২৭৫ কিলোমিটার দূরের শহর লাক্কি মারওয়াত থেকে লংমার্চ নিয়ে ইসলামাবাদের দিকে রওনা হন পিটিআই'র হাজার হাজার সমর্থক। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দিয়েছেন তারা।

    জনপ্রিয় ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে।

    সেগুলোর মধ্যে দুর্নীতির একটি মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

    যদিও মি. খান দাবি করে আসছেন যে, তার বিরুদ্ধে করা সব মামলাই 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত'।

  3. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তার জামিন

    আইন-আদালত

    ঢাকার মিরপুর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হওয়া মামলায় জামিন পেলেন অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী।

    তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করার পর অভিযুক্তের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তাকে জামিন দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত।

    এর আগে, গত ২৬শে সেপ্টেম্বর মধ্যরাতে নিউগিনি প্রপার্টিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের আবাসন প্রকল্পে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল ব্যক্তি। এসময় তারা প্রকল্প এলাকায় অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি স্টুডিওতেও ব্যাপক ভাঙচুর চালায়।

    ঘটনার পর প্রকল্পের একজন কর্মকর্তা বাদী হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

    ওই মামলার প্রেক্ষিতে গত ৩০শে সেপ্টেম্বর সেগুনবাগিচার একটি বাসা থেকে মি. চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

  4. 'নির্বাচন কমিশনকে ব্যাখ্যা দিতেই হবে': মন্তব্য ভারতের প্রধান বিচারপতির বেঞ্চের

    নিবচন কমিশনের থেকে রেকর্ড তলব করেছে ভারতের সুপ্রিম কোর্ট
    ছবির ক্যাপশান, নিবচন কমিশনের থেকে রেকর্ড তলব করেছে ভারতের সুপ্রিম কোর্ট

    জ্ঞানেশ কুমারকে অপসারণের মামলায় ভারতের নির্বাচন কমিশনের থেকে রেকর্ড চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার পাঁচই অক্টোবর প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য ওঠে।

    ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তমূলক প্রতিবেদনে যে ১৪টি সিদ্ধান্তের কথা উল্লিখিত হয়েছিল, সেই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছিল কিনা, সেই সংক্রান্ত মামলার ভিত্তিতে এই রেকর্ড তলব করেছে সুপ্রিম কোর্ট। আবেদনগুলোর মধ্যে একটি দায়ের করেছেন রাকেশ কুমার সিং।

    ওই আবেদনে অন্যান্য বিষয়ের পাশাপাশি জানতে চাওয়া হয়েছে যে, বহু-সদস্যবিশিষ্ট সংস্থা হিসেবে ভারতের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত একতরফা ভাবে নেওয়া যেতে পারে না। কমিশনের প্রাথমিক নথিপত্র পরীক্ষা করে দেখা হোক যে, বিতর্কিত পদক্ষেপগুলো সাংবিধানিক ও আইনি কাঠামো মেনে নেওয়া হয়েছিল কি না।

    দ্বিতীয় পিটিশনটি যিনি ফাইল করেছেন, সেই আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠি অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচারবিভাগীয় তদন্ত কমিশন বা বিশেষ তদন্তকারী দল গঠনের দাবি জানিয়েছেন। তার দাবি, সেখানে সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরাও সহায়ক হিসেবে যেন থাকেন।

    এই মামলার শুনানিতে বেঞ্চের পর্যবেক্ষণ, "আমাদের নোটিশ জারি করতেই হবে। নোটিশ জারির পর তারা হাজির হলে এবং নথিতে যদি দেখা যায় যে নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে বা সংখ্যাগরিষ্ঠভাবে নেওয়া হয়নি, তাহলে সেই সিদ্ধান্তগুলোর ব্যাখ্যা তাদেরকেই দিতে হবে।”

  5. চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা, পেলেন কারা?

    চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবছর তিনজনকে যৌথভাবে নোবেল পুরস্কার দিয়েছে কমিটি
    ছবির ক্যাপশান, চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবছর তিনজনকে যৌথভাবে নোবেল পুরস্কার দিয়েছে কমিটি

    চিকিৎসাবিজ্ঞানে এবছরের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে নোবেল কমিটি। বাংলাদেশ সময় সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে সুইডেনের স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

    চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবছর তিনজনকে যৌথভাবে নোবেল পুরস্কার দিয়েছে কমিটি।

    তারা হলেন: কার্ল ডাইসারোথ, পিটার হেগম্যান এবং গেয়র্গ নাগেল। এর মধ্যে প্রথমজন যুক্তরাষ্ট্রের এবং পরের দু'জন জার্মানির নাগরিক।

    আলোর সাহায্যে নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স সম্পর্কিত আবিষ্কারের জন্য চলতি বছর তিন বিজ্ঞানীকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

    পুরস্কার হিসেবে তাদের প্রত্যেকে একটি মেডেল এবং একটি সনদপত্র পাবেন। সেইসঙ্গে, ১২ মিলিয়ন সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান, সেটি তাদের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হবে।

  6. ব্রেকিং, বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

    স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ
    ছবির ক্যাপশান, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ

    দেশজুড়ে বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ।

    আগামী ২৯শে নভেম্বর আগাম নির্বাচন হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। এই নির্বাচন ২০২৭ সালের গ্রীষ্মে হওয়ার কথা ছিল।

    দেশটিতে ভাড়াটেদের আরো সুরক্ষা দেওয়ার দাবি ঘিরে গত এক সপ্তাহজুড়ে স্পেনে বিক্ষোভের পর প্রধানমন্ত্রীর এই ঘোষণা এলো।

    শনিবার মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়াসহ অন্তত ৫০টি শহরে এই দাবিতে বিক্ষোভ হয়েছে।

    বাড়ি ভাড়া বৃদ্ধির জের ধরে ৮৭ বছর বয়সী একজন নারীকে বাড়ি থেকে বের করে দেওয়ার জেরে এই বিক্ষোভের শুরু হয়।

    ওই ঘটনা নিয়ে আইনি লড়াইয়ের পর আদালত বাড়ির মালিকের পক্ষে আগের ভাড়া ৫০০ ইউরো থেকে বাড়িয়ে ২৬৫০ ইউরো বাড়ানোর পক্ষে রায় দিয়েছিল। যদিও পরে সেটা কমিয়ে ১৬৫০ ইউরো করা হয়, কিন্তু এখনো সেটা তার নিয়মিত পেনশনের চেয়ে ৩০০ ইউরো বেশি।

    প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বামপন্থি সরকার জরুরি ভিত্তিতে শুক্রবার পার্লামেন্টে দুইটি আইন পাস করার চেষ্টা করেছিল, এই আইনে নাজুক অবস্থায় থাকা ভাড়াটেদের ২০৩০ সাল পর্যন্ত বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না বল প্রস্তাব করা হয়েছিল।

    সেই সাথে ট্যুরিস্ট অ্যাপার্টমেন্টগুলোয় বাড়তি কর ধার্য করা হয়েছিল এবং বাড়ি ভাড়া চুক্তি স্বয়ংস্ক্রিয়ভাবে নবায়নের সুযোগ রাখা হয়েছিল।

    তবে পার্লামেন্টে ভোটাভুটিতে দুইটি আইনই বাতিল হয়ে যায়।

  7. ‘পুলিশি হয়রানি’ বন্ধের দাবিতে ঢাকায় ব্যাটারি রিকশার চালকদের বিক্ষোভ

    ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

    'পুলিশি হয়রানি’ বন্ধের দাবিতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। ‘হয়রানি ও ডাম্পিং’ বন্ধ করার পাশাপাশি ঢাকার সব সড়কে অবাধে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

    সোমবার সকাল ১১টার পর ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রিকশা চালকরা প্রেসক্লাবের সামনে আসতে থাকেন।

    কয়েক হাজার চালক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পুলিশ 'অযৌক্তিকভাবে' যত্রতত্র ব্যাটারিচালিত রিকশা আটকে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা করছে। টাকা না দিলে রিক্সা ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে। এতে বিপাকে পড়ছেন রিক্সা মালিক ও চালকরা।

    বিভিন্ন স্থানে অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

    ‘হয়রানি ও ডাম্পিং’ বন্ধ করা না হলে সামনে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন চালকরা।

    প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধ রাখার পর পুলিশ এসে তাদেরকে সরে যেতে বলেন। এসময় তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পল্টনের দিকে চলে যান।

    বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

  8. যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

    বোমারু বিমান

    ব্রিটিশ সামরিক ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। এক বিবৃতিতে মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা তাদের বোমারু বিমানগুলো ওই ঘাঁটি থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রের নিজেদের ঘাঁটিতে নিয়ে গেছেন।

    সাম্প্রতিক একটি ‘সন্দেহজনক ঘটনা’র প্রেক্ষিতে এমন পদক্ষেপ দৃশ্যমান হলো। বর্তমান ওই ঘটনাটির তদন্ত করছে যুক্তরাজ্যের সন্ত্রাস দমন পুলিশ।

    রোববার আরএএফ ফেয়ারফোর্ড থেকে বি-১ বোমারু বিমানগুলো উড়ে গেছে বলে ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যে দেখা যাচ্ছে।

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ব্রিটিশ বিমান আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহার করে আসছিল যুক্তরাষ্ট্র। সেখানে মার্কিন প্রায় এক ডজন বি-১ বোমারু ছিল, যেগুলো ইতোমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে।

    এমন সিদ্ধান্তের কারণ সম্পর্কে পরিষ্কার করে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

    তবে গত ২৭শে সেপ্টেম্বর বিমানঘাঁটির কাছে তিনটি ‘সন্দেহজনক যানবাহন’ দাঁড়িয়ে থাকা ঘিরে যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল, সেটির জেরেই পদক্ষেপটি নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

  9. গতকাল যা যা ঘটেছে:

    • বাংলাদেশে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এ দফায় প্রতি কেজি এলপিজি গ্যাসে ২১ টাকা বাড়ানো হয়েছে।
    • ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং দলের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনকে ঢাকার দুই সিটি করপোরেশনের পরবর্তী নির্বাচনে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
    • দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ'র সঙ্গে রোববার দুপুরে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এটাকে 'বিদায়ী সাক্ষাৎ' বলে বর্ণনা করেছে দিল্লি।
    • ইসলাম ধর্মের অন্যতম পবিত্র শহর সৌদি আরবের মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা যে ড্রোন হামলা চালিয়েছে, সেটির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।
    • কুষ্টিয়ার কুমারখালীতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এনসিপি দাবি করেছে, হামলার সঙ্গে বিএনপি'র নেতাকর্মীরা জড়িত।
    • ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা, দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। রোববার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
    • আগের মামলায় জামিন পেয়ে কারামুক্তির অপেক্ষায় থাকা বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে নতুন আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
    • যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীর মাধ্যমে নতুন করে কিছু প্রস্তাব পাঠিয়েছে জানিয়ে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, তারা ট্রাম্প প্রশাসনের ‘চাপিয়ে দেওয়া শর্ত’ মেনে নিবেন না। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হামলা কিংবা নিষেধাজ্ঞার হুমকি দিয়ে সমস্যার সমাধান করতে পারবে না যুক্তরাষ্ট্র।
    • ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ওপর হামলা শুরু করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক বাহিনী।
    • ঢাকার বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় করা মামলায় জামিন নামঞ্জুর করে অভিযুক্ত কিশোরকে ফের শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
    • সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটি পক্ষ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে মন্তব্য করে শক্তভাবে সেটি প্রতিহত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ছয়মাসে হাম ও এর উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১২৫।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ছয় জন অকালে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬২ জনে দাঁড়াল।
    • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের সফরের মধ্যেই কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
  10. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।