পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল?

ছবির উৎস, Getty Images
বাংলাদেশে তৈরি পোশাক কারখানার মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দফায় দফায় বৈঠক হওয়ার পর শেষ পর্যন্ত এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি আগের চেয়েছে সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়।
বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দু'জন ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে ভোট দেন।
ভোট শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী চূড়ান্ত নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন। তিন বছর পরপর বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করা হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নতুন ঘোষণা অনুযায়ী, চারটি গ্রেডের মধ্যে পোশাক কারখানায় কাজ করা সবচেয়ে নিচের গ্রেডের শ্রমিক, তথা হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে।
আর তৃতীয় গ্রেড, মানে কারখানার জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার ও ট্যাগিংম্যানদের মজুরি বেড়ে হয়েছে ১৯ হাজার ২০০ টাকা।
অন্যদিকে, সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটরসহ দ্বিতীয় গ্রেডের শ্রমিকদের মজুরি বেড়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
আর প্রথম গ্রেডে থাকা সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মজুরি ২১ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হয়েছে।

