আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু হলো। এদিকে, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. মুক্তিযোদ্ধা পরিবারের লোক জামায়াত করেন, এটা ‘ডাবল অপরাধ’: সংসদে ফজলুর রহমান

    “বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামায়াতে ইসলামী করেন, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধার পরিবারের কেউ জামায়াত করতে পারে না।”

    মঙ্গলবার জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ফজলুর রহমানের এই বক্তব্য নিয়ে হট্টগোল হয়েছে।

    ফজলুর রহমানের এই বক্তব্যের পর বিরোধী দলের সংসদ সদস্যরা হট্টগোল শুরু করলে স্পিকার তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে আসন থেকে উঠে দাড়িয়ে তাদেরকে সংসদের মর্যাদা রক্ষার আহ্বান জানান স্পিকার।

    ফজলুর রহমান বলেন, “বিরোধী দলের নেতাকে সবসময় আমি মাননীয় বলে কথা বলি কিন্তু ওনার দলের লোকজন এখানে বসে আছে তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম?”

    পরে ফজলুর রহমান এর বক্তব্যের জবাব দেন জামায়াতের আমীর ও সংসদে বিরোধী দলের নেতা শফিকুর রহমান।

    তিনি জানতে চান, মুক্তিযোদ্ধার পরিবারের কাউকে জামায়াত করতে হলে ওনাকে (ফজলুর রহমান) জিজ্ঞেস করে করা লাগবে কিনা।

    “এটি আমার নাগরিক অধিকার, আমি কোন দল করবো, কোন আদর্শ আমি অনুসরণ করবো। এর ওপর হস্তক্ষেপ করার কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি,” বলেন শফিকুর রহমান।

  2. দুই মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এলএনজিবাহী ট্যাংকার

    মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে গত মার্চ মাসের শুরুর দিকে বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ দুই মাস পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বোঝাই একটি ট্যাংকার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পার হয়েছে।

    জাহাজ ট্র্যাকিং কোম্পানি 'কিপলার'-এর তথ্যে এই বিষয়টি উঠে এসেছে।

    এএফপি কর্তৃক বিশ্লেষিত কিপলারের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি অ্যাডনক পরিচালিত ‘মুবারক’ নামের ট্যাংকারটি ১ লাখ ৩২ হাজার ৮৯০ ঘনমিটার এলএনজি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দাস আইল্যান্ড থেকে দোসরা মার্চ যাত্রা শুরু করেছিল।

    এরপর দীর্ঘ দুই মাস বিরতি দিয়ে অবশেষে গন্তব্যের উদ্দেশ্যে এই নৌপথ পাড়ি দিয়েছে জাহাজটি।

    তথ্য বলছে, নিরাপত্তার খাতিরে বা অন্য কোনো কারণে জাহাজটি মার্চের শেষ দিকে টানা এক মাস তাদের ‘অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম’ বা স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল।

    তবে সোমবার ভারতীয় উপকূলে পৌঁছানোর পর পুনরায় জাহাজটির সিগন্যাল পাওয়া গেছে।

    কিপলারের বিশ্লেষক চার্লস কোস্ট্রাউস তার বিশ্লেষণমূলক নোটে উল্লেখ করেন, “সম্ভবত জাহাজটি ১৮ ও ১৯শে এপ্রিলের দিকে সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা অন্যান্য কয়েকটি জাহাজের যাতায়াতের চেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

    প্রসঙ্গত, গত মার্চ মাসের শুরুর দিকে এই রুটে চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কেবল ‘সোহার’ নামের একটি ট্যাংকার এই প্রণালি অতিক্রম করেছিল। যদিও সেই জাহাজটি খালি ছিল অথবা তাতে খুবই সামান্য পরিমাণ পণ্য ছিল।

    এদিকে কিপলারের তথ্য মতে, পহেলা মার্চ থেকে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেলবাহী ৭০টিরও বেশি জাহাজ ছেড়ে গেছে, যার বড় একটি অংশ ইরানের বন্দর থেকে যাত্রা করেছে।

  3. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং শুরু

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

    মঙ্গলবার ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এই প্রকল্পের উদ্বোধন দেশের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে নির্বাচনী ইশতেহারে যে অঙ্গিকার সরকার করেছিল তার একটি শক্তিশালী প্রতিফলন বলে মন্তব্য করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।

    তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিংয়ের মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পরমাণু বিদ্যুৎ যুগে প্রবেশ করলো বাংলাদেশ।

  4. ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নয় জনের মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত ২৭৩ জন রোগী হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৭৬ জন।

    এই সময় ১৬৩ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা ২৩ হাজার ৩৪৮ জন।

    আক্রান্তদের মধ্যে ১৯ হাজার ৯৯১ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলেও জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে।

  5. লোডশেডিং ও জ্বালানি সরবরাহ নিয়ে যে তথ্য দিল সরকার

    সরবরাহ ঘাটতি থাকায় সারাদেশে এখনো প্রায় দুই হাজার মেগাওয়াট লোডশেডিং দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

    এছাড়া ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য ভিড় আগের মতো নেই বলেও দাবি করেছেন তিনি।

    মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৬শে এপ্রিল ১৪ হাজার ৩৫২ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে ১২ হাজার ৪৮৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল।

    এছাড়া এই সংবাদ সম্মেলন থেকে দেশের জ্বালানি তেলের বর্তমান মজুদের তথ্যও গণমাধ্যমকে জানান তিনি।

    মি. রহমান বলেন, ২৭শে এপ্রিল পর্যন্ত দেশে এক লাখ ৭০ হাজার ৯৬৪ টন ডিজেল, ৪৪ হাজার ৪৮৩ টন অকটেন, ১৯ হাজার তিন টন পেট্রোল, ৩৭ হাজার ৯৬ টন ফার্নেস অয়েল এবং ২১ হাজার ২৩৫ টন জেট ফুয়েল মজুদ রয়েছে।

    ৩০শে এপ্রিলের মধ্যে আরও এক লাখ ৮০ হাজার টন ডিজেল এবং ১৬ হাজার টন অকটেন দেশে আসবে বলেও জানান তিনি।

  6. অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পেরিয়ে গেলো রাশিয়ান নৌযান

    অবরোধের মধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে রাশিয়ান একটি নৌযান। এই সুপারইয়টটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ একজন মিত্রের সঙ্গে সংশ্লিষ্ট।

    ১৪২ মিটার (৪৬৫ ফুট) দীর্ঘ বিলাসবহুল নৌযান ‘নর্ড’ নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুবের আলেক্সেই মর্দাশভের সঙ্গে যুক্ত, এটি দুবাই থেকে ওমানের মাসকাটে যাত্রা করেছে।

    সাম্প্রতিক কয়েক মাসে ওই প্রণালি দিয়ে চলাচল করা অল্প কয়েকটি বেসরকারি জাহাজের একটি এটি।

    পুতিনের ঘনিষ্ঠ মিত্র মর্দাশভকে আনুষ্ঠানিকভাবে এই বিলাসবহুল নৌযানের মালিক হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। তবে ‘নর্ড’-এর নথিতে দেখা যায়, ২০২২ সালে এটি তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল।

    মেরিন ট্র্যাফিক প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, আনুমানিক ৫০ কোটি ডলারের (৩৭ কোটি পাউন্ড) বেশি মূল্যের ‘নর্ড’ শুক্রবার রাতে দুবাই ত্যাগ করে এবং রোববার সকালে ওমানের রাজধানীর একটি ঘাট, আল মুজ-এ পৌঁছায়।

    হরমুজ প্রাণালি দিয়ে নৌযান চলাচল বর্তমানে যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় অনেক কমে গেছে। সাধারণত বৈশ্বিক অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়।

    হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অচলাবস্থা চলার মধ্যেই চলতি সপ্তাহে ইরান রাশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় যুক্ত হয়েছে।

  7. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে কয়েকটি প্রশ্ন ও উত্তর

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে ‘ফুয়েল লোডিং’ শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হচ্ছে বাংলাদেশ।

    দেশের সবচেয়ে ব্যয়বহুল এই বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ খরচ, কবে বিদ্যুৎ পাওয়া যাবে, গ্রিড সক্ষমতা ও সঞ্চালন লাইনের কাজ কতদূর?- এমন নানা প্রশ্ন সামনে আসছে।

    বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে কত খরচ হলো?

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলোর একটি। রাশিয়ার কারিগরি সহায়তায় পাবনার রূপপুরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, ২০১৭ সালে এর মূল নির্মাণ কাজ শুরু হয়।

    বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের তথ্য অনুযায়ী, এখানে মোট খরচ হয়েছে প্রায় ১২.৬৫ বিলিয়ন ডলার, যার মধ্যে ৯০ শতাংশ অর্থায়ন করেছে রাশিয়া।

    এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ কাজ শুরুর জন্য ২০১৬ সালে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে সাইটিং লাইসেন্স প্রদান করা হয়।

    বিদ্যুৎ পাওয়া যাবে কবে?

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক মো. শফিকুল ইসলাম বলছেন, সাধারণত পাইলট অপারেশন শুরু হওয়ার পর থেকেই বিদ্যুৎ উৎপাদনও শুরু হয়।

    তবে বাণিজ্যিক উৎপাদন শুরু হতে আরও অন্তত ছয় মাস থেকে এক বছর সময় লাগবে।

    বিবিসি বাংলাকে তিনি বলেন, "পাইলট অপারেশনের সময় কিছু কিছু করে বিদ্যুৎ গ্রিডে যাবে। পাঁচ শতাংশ বা দশ শতাংশ হারে ক্ষমতা ব্যবহার করে পরীক্ষা চালানোর সময় ফুয়েল বার্ন হবে, যাতে একশ, দুইশ, আড়াইশো কেবি (কিলোবাইট) তো যাবে।"

    সঞ্চালন লাইনের কী অবস্থা?

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুতের জন্য গ্রিড সক্ষমতা এবং সঞ্চালন লাইনের কাজ ২০২৫ সালের মে মাসেই শেষ করা হয়েছে বলে জানিয়েছেন গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ খান।

    তিনি জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে যে ১১শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে তার জন্য গ্রিডের প্রয়োজনীয় সক্ষমতা আগেই সম্পন্ন করার হয়েছে।

    "ইউনিট ওয়ানের জন্য আমাদের যে কয়টা লাইন দরকার সেগুলো গত বছরের ৩০শে মে'র মধ্যেই শেষ করে ফেলেছি। আমাদের চারটা লাইন রেডি হয়ে আছে তখন থেকেই," বিবিসি বাংলাকে বলেন তিনি।

    মি. খান জানান, "রূপপুর-বাঘাবাড়ি দুটি সার্কিট, রূপপুর-বগুড়া একটি এবং রূপপুর-গোপালগঞ্জ একটি সার্কিট- এই চারটি রেডি আছে। যেগুলোর ক্যাপাসিটি চারশ মেগাওয়াট।"

  8. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করলেন রোসাটমের ডিজি

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চলমান অগ্রগতি ও দেশের জ্বালানি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

    মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার এই সৌজন্য সাক্ষাতে প্রকল্পের নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

    প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার প্রযুক্তিগত সহযোগিতার প্রশংসা করেন। জবাবে রোসাটম মহাপরিচালক বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনে পূর্ণ সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

    সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট খাতের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।

  9. ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

    ইরান যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব দিয়েছে, তাতে দেশটির পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় অসন্তুষ্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন একজন কর্মকর্তার বরাতদিয়ে এই তথ্য জানায়বার্তা সংস্থা রয়টার্স।

    ওই কর্মকর্তা বলেন, “তিনি (ট্রাম্প) এই প্রস্তাবে সন্তুষ্ট নন”।

    এর প্রায় এক ঘণ্টা আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বসে ওই প্রস্তাবটি পর্যালোচনা করেছেন।

    এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতে অচলাবস্থা অব্যাহত রয়েছে এবং এই অঞ্চলের জ্বালানি সরবরাহ কমে এসেছে।

    এর আগে ইরানি সূত্রগুলো জানিয়েছিল, প্রস্তাবটিতে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়টি যুদ্ধের অবসান এবং পারস্য উপসাগরে নৌপরিবহন–সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পর বিবেচনার জন্য স্থগিত রাখা হয়েছে।

    গত দুই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন। তিনি হরমুজ প্রণালি ও যুদ্ধের অবসান বিষয়ে তেহরানের প্রস্তাবগুলো তুলে ধরার পাশাপাশি সেগুলোর পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেছেন।

  10. ‘ফুয়েল লোডিং’ কী?

    পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন গোটা বিশ্বেই অত্যন্ত সংবেদনশীল একটি প্রক্রিয়া। এই ধরনের স্থাপনা নির্মাণে নিরাপত্তামূলক নানা ধাপ পার করতে হয়। যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায় ‘ফুয়েল লোডিং’।

    এর মাধ্যমে রিঅ্যাক্টর বা চুল্লিতে পারমাণবিক জ্বালানি স্থাপন করা হয় এবং ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

    বিশেষজ্ঞরা বলছেন, 'ফুয়েল লোডিং' একটিঅত্যন্ত সংবেদনশীল প্রক্রিয়া, যা সম্পন্ন হতে প্রায় ৪০ থেকে ৪৫ দিন সময় লাগতে পারে।

    তাদের মতে, এই বিদ্যুৎকেন্দ্রটি মূলত 'নিউক্লিয়ার ফিশন' প্রক্রিয়ায় কাজ করবে। পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়ামের নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়।

    এই তাপশক্তি দিয়ে পানিকে উচ্চচাপে বাষ্পে পরিণত করে টারবাইন ঘোরানো হয়, যা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটি একটি স্বয়ংক্রিয় ও নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন প্রক্রিয়ার মাধ্যমে চলে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক মো. শফিকুল ইসলাম বিবিসি বাংলাকে জানান, ফুয়েল লোডিংয়ের পর বিভিন্ন ধাপে পরীক্ষা করে ফাইনাল সেফটি অ্যানালিসিস রিপোর্ট করা হবে, যেটি পুনরায় পর্যালোচনা করবে নিয়ন্ত্রক সংস্থা।

    মি. ইসলাম বলছেন, "এটা একটা পাইলট অপারেশন। এটা সময় নিতে পারে অন্তত ছয়মাস থেকে এক বছর। এই সময়ে পাওয়ার তৈরির মাধ্যমে সিনক্রোনাইজেশন, টারবাইন জেনারেটর কাজ করছে কি না, ইমার্জেন্সি সব সাপোর্ট কাজ করছে কি না এগুলো সব দেখা হয়।"

    এরপর কমার্শিয়াল অপারেশনাল ডেট বা সিওডি দেওয়ার আগে চূড়ান্ত উৎপাদনে যাওয়ার জন্য আরেক দফা অনুমোদনের প্রয়োজন হয়।

    মি. ইসলাম বলছেন, "পূর্ণাঙ্গ বাণিজ্যিক অপারেশন শুরুর পর রিঅ্যাক্টর ৯০ শতাংশ ক্যাপাসিটিতে পুরোদমে চলতে শুরু করবে। টানা ১৮ মাস চলার পর ফুয়েল রিপ্লেসমেন্টসহ রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারো ১৮ মাসের সাইকেল নতুন করে শুরু হবে।"

  11. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘ফুয়েল লোডিং’ আজ

    পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে ‘ফুয়েল লোডিং’ শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাওয়ার চূড়ান্ত পর্যায়ে এসেছে বলেই মত বিশেষজ্ঞদের।

    মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।

    ফুয়েল লোডিংয়ের পর আরও কিছু পরীক্ষার মাধ্যমে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

    দেশের বিদ্যুতের চাহিদা পূরণে এই বিদ্যুৎকেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরেই এখান থেকে উৎপাদিত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

    যদিও চূড়ান্ত বিদ্যুৎ উৎপাদনে যেতে আরও অন্তত ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিদ্যুৎ উৎপাদনের আগে আরও বেশ কিছু পরীক্ষা নিরিক্ষার প্রয়োজন রয়েছে।

  12. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা

    • যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণে ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
    • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সেন্ট পিটার্সবার্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। প্রেসিডেন্ট পুতিন বলেন, ইরান এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর জন্য সম্ভাব্য সবকিছুই করবে রাশিয়া।
    • রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতির যেভাবে পরিবর্তন ঘটছে, তাতে ইরান ইস্যুর গুরুত্ব উপেক্ষা করা কঠিন।
    • আগামী ৩০শে এপ্রিলের পরে ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হলে সারাদেশে মাদক, জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসাবে বিজেপি নেতা ও সাবেক মন্ত্রী দিনেশ ত্রিবেদিকে নিয়োগ দিয়েছে ভারত।
    • দক্ষিণ লেবাননে রোববার অভিযানের সময় হেজবুল্লাহর তিন সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া সোমবার পূর্ব লেবাননে তাদের সামরিক হামলার পরিধি বাড়িয়েছে আইডিএফ।
    • ইরান যুদ্ধের প্রসঙ্গে জরুরি একটি বৈঠক করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।
    • রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনে বিভিন্ন দলের ৪৯ জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
    • জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
    • ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে করা পৃথক তিন মামলায় গত পাঁচ বছর ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে শুনানি চলছে। সোমবার শুনানি শুরু হওয়ার প্রায় ৯০ মিনিট আগে তার আইনজীবীর অনুরোধে শুনানি “হঠাৎ বাতিল” করা হয়েছে।
  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে