ইরানের সঙ্গে শুক্রবারের মধ্যে আলোচনা ‘সম্ভব’, বলেছেন ট্রাম্প

শুক্রবারের মধ্যে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরুর ‘সম্ভাবনা’ রয়েছে বলে নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ‘তদন্তের’ জন্য হরমুজ প্রণালি থেকে দু'টি জাহাজ ইরানের জলসীমায় নেওয়ার দাবি করেছে আইআরজিসি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো:

    • ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ জানিয়েছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ সদস্যদের হামলায় গুরুতর আহত হওয়ার পর আরও এক ফরাসি শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে।
    • লেবাননের দক্ষিণাঞ্চলের আল-তিরি গ্রামে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি।
    • আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনা হওয়ার "সম্ভাবনা রয়েছে" বলে নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি- বিএসএফ পতাকা বৈঠকের পর তাদের ফিরিয়ে আনা হয়।
    • বাংলাদেশের কুমিল্লায় সেনানিবাস এলাকায় নিহত ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খবরটি নিশ্চিত করেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম।
    • বাংলাদেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
    • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পাকিস্তানের যুদ্ধবিরতির আহ্বানের পর ইরান তাদের রাজনৈতিক পরিস্থিতির ওপর সতর্কভাবে নজর রাখছে।
    • বাংলাদেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
    • ইরানি গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালিতে যে তিনটি জাহাজ হামলার শিকার হয়েছে, তা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর - আইআরজিসি।
    • ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পাম্প পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন।
    • ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিসিকে জানায়—চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার নতুন দফায় তারা অংশ নেবে কি না, সে বিষয়ে তেহরান এখনো সিদ্ধান্ত নেয়নি।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইরান “আর্থিক ধসের” মুখে পড়েছে এবং তারা "অবিলম্বে প্রণালিটি খুলে দিতে চায়"।

    বিবিসি বাংলা'র লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলা'র মূল পাতায়।

  2. ফরাসি শান্তিরক্ষী হত্যার ঘটনায় লেবাননের প্রেসিডেন্টের নিন্দা

    দক্ষিণ লেবাননে জাতিসংঘের মিশন ইউনিফিলে হামলার ঘটনার কয়েকদিন পর আরও এক ফরাসি শান্তিরক্ষীর হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

    এর আগে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ জানান, শনিবারের ওই হামলার পর আরও একজন ফরাসি নাগরিক মারা গেছেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘটনার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে দায়ী করেন।

    তবে ইরান-সমর্থিত হেজবুল্লাহ এ ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

    আউনের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তিনি পুনরায় এই ঘটনার নিন্দা জ্ঞাপন করছেন এবং ফ্রান্স সরকার ও ইউনিফিল নেতৃত্বের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

  3. প্রধানমন্ত্রীর আরও দু'জন বিশেষ সহকারী নিয়োগ

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও দু'জন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।

    এর মধ্যে একজন হলেন এস এম জিয়াউদ্দিন হায়দার, যাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।

    এ ছাড়া মো. সাইমুম পারভেজকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী করা হয়েছে।

    মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

  4. লেবাননে আরও এক ফরাসি শান্তিরক্ষীর মৃত্যু, বললেন ম্যাক্রঁ

    গত ১৬ই এপ্রিল দক্ষিণ লেবাননে ইউনিফল শান্তিরক্ষীরা (ফাইল ফটো)

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গত ১৬ই এপ্রিল দক্ষিণ লেবাননে ইউনিফল শান্তিরক্ষীরা (ফাইল ফটো)

    ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ জানিয়েছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ সদস্যদের হামলায় গুরুতর আহত হওয়ার পর আরও এক ফরাসি শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, করপোরাল আনিসে জিরাদাকে গতকাল দেশে ফিরিয়ে আনা হয় এবং আজ সকালে তিনি মারা যান।

    গত শনিবার দক্ষিণ লেবাননে জাতিসংঘের মিশন ইউনিফিলে দায়িত্ব পালনের সময় আরেক ফরাসি শান্তিরক্ষী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

    ওই হামলার জন্য হেজবুল্লাহকে দায়ী করেন ম্যাক্রঁ।

    যদিও ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে যে এই ঘটনাটির সঙ্গে তারা জড়িত ছিল না।

    সেদিনের ঘটনায় আরও দুইজন শান্তিরক্ষী আহত হয়েছেন।

    এর আগে ম্যাক্রঁ বলেছিলেন, হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে তার "পূর্ণ সমর্থন" আছে।

    তবে তার আশঙ্কা করছেন যে চলমান সামরিক অভিযান বন্ধ না হওয়ায় এই যুদ্ধবিরতি অকার্যকর হতে পারে।

    তিনি হেজবুল্লাহকে অস্ত্র ত্যাগ করতে বলেন ও ইসরায়েলকে লেবাননের সার্বভৌমত্বকে সম্মান করতে বলেন।

  5. লেবাননে গাড়িতে ইসরায়েলি হামলায় দুইজন নিহত, বলছে রাষ্ট্রীয় গণমাধ্যম

    লেবাননের দক্ষিণাঞ্চলের আল-তিরি গ্রামে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি।

    গতকাল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ বাসিন্দাদের লিতানি নদী, ওয়াদি আল-সালুকি এবং ওয়াদি আল-সালহানি এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্কবার্তা দিয়েছে।

    তারা বলেছে, সেখানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর সন্ত্রাসী কার্যক্রম চলমান রয়েছে।

    গত ১৬ই এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা ১০ দিন পর্যন্ত কার্যকর থাকার কথা। এ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে রাষ্ট্রদূত পর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে।

    যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দোষারোপ করছে হেজবুল্লাহ ও ইসরায়েল।

    এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, দক্ষিণ লেবাননে তাদের ওপর হেজবুল্লাহ হামলা চালিয়েছে।

  6. যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে 'হতে পারে', নিউ ইয়র্ক পোস্টকে ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনা হওয়ার "সম্ভাবনা রয়েছে" বলে নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের সূত্রগুলো তাদের জানিয়েছে, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরু হতে পারে। এ ব্যাপারে ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি জবাব দিয়েছেন, "সম্ভাবনা আছে"।

  7. বিএসএফের নিয়ে যাওয়া দুই বাংলাদেশি কিশোরকে ফিরিয়ে আনা হয়েছে

    পঞ্চগড়ে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া
    ছবির ক্যাপশান, পঞ্চগড়ে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া

    বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি- বিএসএফ পতাকা বৈঠকের পর তাদের ফিরিয়ে আনা হয় বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

    এর আগে, বিবিসি বাংলাকে পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, তারা জানতে পেরেছেন যে ওই দুই কিশোরের বাড়ি জেলার আটোয়ারী উপজেলায়। তারা ওই সীমান্তে ঘুরতে গিয়েছিলো।

    পঞ্চগড়ের স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে জানা যায়, আজ বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

    তাদের বর্ণনা অনুযায়ী, এরকম ঘটনা ওই সীমান্তে প্রায়ই ঘটে। কারণ সীমান্তের ওই দিকে ভারতের বিশাল এক চা বাগান আছে। ওখানে মানুষ এমনিতেই ঘুরতে যায়। ওই দুই কিশোরও গিয়েছিলো। পরে বিএনএফ তাদের আটক করে নিয়ে যায়।

  8. তনু হত্যাকাণ্ডে প্রথমবারের মতো একজন গ্রেফতার

    সোহাগী জাহান তনু

    বাংলাদেশের কুমিল্লায় সেনানিবাস এলাকায় নিহত ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খবরটি বিবিসি বাংলাকে নিশ্চিত করেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম।

    গ্রেফতারকৃত ব্যক্তি হলেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান।

    হাফিজুর রহমানকে তার বাসভবন থেকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে।

    তনু হত্যাকাণ্ড নিয়ে পড়তে পারেন...

  9. প্রাথমিকের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

    বাংলাদেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্কুলে পাটের তৈরি ব্যাগ বিতরণ কার্যক্রম সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক খবরে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বরাত দিয়ে খবরে বলা হয়, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিন মন্ত্রণালয়, যথাক্রমে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্রও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই বৈঠক হয়েছে।বৈঠকে প্রতিটি উপজেলায় দুটি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একটি পরীক্ষামূলক প্রকল্প দিয়ে এই কার্যক্রম শুরু করা হবে”।

    দেশীয় পাট শিল্পকে রক্ষা এবং পরিবেশকে দূষণমুক্ত করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

    বৈঠকের পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের বলেন, জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে এই কর্মসূচি শুরু হবে। স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন।

    তিনি বলেন, প্রথম মাসে এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ ও ড্রেস দেওয়া হবে। সরকারের এই কার্যক্রমে প্রথম ধাপে প্রতি উপজেলার দুটি স্কুল পাবে।পর্যায়ক্রমে সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মাহদী আমিন।

  10. স্বার্থ রক্ষায় ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে ইরান: ইসমাইল বাঘাই

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পাকিস্তানের যুদ্ধবিরতির আহ্বানের পর ইরান তাদের রাজনৈতিক পরিস্থিতির ওপর সতর্কভাবে নজর রাখছে।

    এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

    টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইআরএনএ বাঘাইকে উদ্ধৃত করে বলেছে, ইরান তাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার্থে "প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা" গ্রহণ করবে।

    গত রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দেন।

    তখন তিনি এও মন্তব্য করেন যে ইরানের সরকার "বাজেভাবে বিভক্ত।"

    ওয়াশিংটনের সঙ্গে ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা আছে কিনা, সে প্রসঙ্গে বাঘাই বলেন, "জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হলো কূটনীতি। যখনই আমরা মনে করবো যে কূটনীতি প্রয়োগের প্রয়োজন আছে এবং তার জন্য যথোপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, তখন আমরা পদক্ষেপ নেবো।"

  11. ‘তদন্তের’ জন্য দু'টি জাহাজ ইরানের জলসীমায় নেওয়ার দাবি আইআরজিসির

    এমএসসি ফ্রানচেস্কা

    ছবির উৎস, AGUSTIN ALAPONT VIA MARINE TRAFFIC

    ছবির ক্যাপশান, এমএসসি ফ্রানচেস্কা জাহাজ (ফাইল ফটো)

    ইরানের রাষ্ট্রীয় টিভির টেলিগ্রাম চ্যানেলসহ বিভিন্ন ইরানি গণমাধ্যম ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর একটি বিবৃতি প্রকাশ করেছে।

    বিবৃতিতে তারা বলেছে, "কার্গো, নথিপত্র ও রেকর্ড পরীক্ষা করার জন্য" পানামা'র পতাকাধারী 'এমএসসি ফ্রানচেস্কা' এবং একটি গ্রিক কোম্পানির মালিকানাধীন 'এপামিনোন্দাস' নামের দু'টি জাহাজকে ইরানের জলসীমায় নিয়ে যাওয়া হয়েছে।

    তাদের দাবি, জাহাজগুলো "অনুমতি ছাড়া চলাচল করছিল" এবং "বারবার নিয়ম ভেঙেছে"।

    বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, জাহাজগুলো "গোপনে" হরমুজ প্রণালি ছেড়ে যাওয়ার চেষ্টা করছিল এবং জাহাজের নেভিগেশন সিস্টেমে কারচুপি করেছে।

    এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

    বিবৃতিতে আরও বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচল নজরদারিতে রাখা হচ্ছে এবং “নিয়মভঙ্গকারীদের” বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচল তারা নজরদারিতে রাখছে এবং "নিয়মভঙ্গকারীদের" বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    তবে এই বিবৃতিতে পানামা'র পতাকাধারী 'ইউফোরিয়া' জাহাজটির বিষয়ে কিছু উল্লেখ নেই।

  12. হামের উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু

    বাংলাদেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

    আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২২৯ জন এবং নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৯ জন।

    এই সময়ের মাঝে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

    এখন পর্যন্ত হাম রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।

  13. হরমুজে তিনটি জাহাজে হামলা, দু'টিকে জব্দ করেছে আইআরজিসি: ইরানি গণমাধ্যম

    ইরানি গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালিতে যে তিনটি জাহাজ হামলার শিকার হয়েছে, তা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর - আইআরজিসি।

    আইআরজিসি'র সাথে সম্পৃক্ত ফার্স নিউজ এজেন্সি বলছে, ইউফোরিয়া নামের একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং সেটি এখন ইরানের উপকূলের কাছে আটকে আছে।

    ইরানি গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, এমএসসি ফ্রানচেস্কা ও এপামিনোন্দাস নামের দু’টি জাহাজকে জব্দ করা হয়েছে এবং সেগুলোকে এখন ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

  14. হরমুজ প্রণালিতে তৃতীয় জাহাজে হামলা: ভ্যানগার্ড

    ২০১৮ সালে জার্মানিতে এমএসসি ফ্রানচেস্কা জাহাজ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ২০১৮ সালে জার্মানিতে এমএসসি ফ্রানচেস্কা জাহাজ

    হরমুজ প্রণালি অতিক্রম করার সময় আরও একটি কার্গো জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে মেরিটাইম গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড।

    পানামার পতাকাবাহী জাহাজটির নাম এমএসসি ফ্রানচেস্কা। এটি হরমুজ প্রণালি হয়ে দক্ষিণ দিকে ওমান উপসাগরের দিকে এগোচ্ছিল। হামলার সময় ইরানের উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে ছিল।

    ভ্যানগার্ড জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জাহাজটির সঙ্গে যোগাযোগ করে এবং তাদের নোঙর ফেলার নির্দেশ দেয়।

    জাহাজটি জানিয়েছে, জাহাজের বাইরের কাঠামো ও ভেতরের থাকার জায়গার ক্ষতি হয়েছে।

    এ নিয়ে আর কোনো বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

  15. পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে চীন

    চীনের সড়কে গাড়ি

    ছবির উৎস, Getty Images

    ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পাম্প পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন।

    চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা হিসেবে কাজ করা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন জানিয়েছে, বিশ্ববাজারে তেলের দামের পরিবর্তনের সাথে মিল রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রতি দশ কর্মদিবস পরপর আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে পেট্রোলের দাম নির্ধারণ করে কমিশন।

    পেট্রোলের দাম কমে যাওয়ায় ৫০ লিটারের একটি ট্যাংক ভর্তি করতে গেলে চালকদের প্রায় তিন ডলার সাশ্রয় হবে।

    ইরান যুদ্ধে শুরুর পর তেলের দাম বেড়ে যাওয়ায় বেইজিং একাধিকবার পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়িয়েছিল।

  16. যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার শান্তি আলোচনায় যোগ দেওয়ার বিষয়ে ইরানে ‘এখনো সিদ্ধান্ত হয়নি’: মুখপাত্র

    এসমাইল বাঘাই
    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

    ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিসিকে জানায়—চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার নতুন দফায় তারা অংশ নেবে কি না, সে বিষয়ে তেহরান এখনো সিদ্ধান্ত নেয়নি।

    বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিজ ডুসেটকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, প্রথম দফার ইসলামাবাদ আলোচনায় ইরান “সদিচ্ছা ও গুরুত্বের অনুভূতি নিয়ে” করেছিল।

    তবে তিনি অভিযোগ করেন, আলোচনার অপর পক্ষটি “গুরুত্বহীনতা ও সদিচ্ছার অভাব” দেখিয়েছে।

    তিনি যুক্তরাষ্ট্রের “ইউ-টার্ন, যুদ্ধাপরাধের হুমকি”র কথাও উল্লেখ করেন। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক দুই দিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত—যেখানে তিনি আবারও হুমকি দেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের ভাষায় “খুবই ন্যায্য ও যুক্তিসংগত একটি চুক্তির প্রস্তাব” গ্রহণ না করে, তবে তিনি “সব বিদ্যুৎকেন্দ্র ও প্রতিটি সেতু ধ্বংস” করবেন।

    হোয়াইট হাউস মঙ্গলবার রাতে নিশ্চিত করেছে, শান্তি আলোচনার দ্বিতীয় দফায় অংশ নিতে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।

  17. ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে, হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দিতে চায়: ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইরান “আর্থিক ধসের” মুখে পড়েছে।

    ট্রুথ সোশালে একটি পোস্টে তিনি লিখেছেন, “ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখতে চায় না, তারা এটি খোলা রাখতে চায় যাতে তারা প্রতিদিন ৫০০ মিলিয়ন ডলার আয় করতে পারে (এবং এটি বন্ধ থাকলে তাদের এই পরিমাণ অর্থই লোকসান হবে!)”।

    ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের প্রেক্ষাপটে “মুখ রক্ষা” করতেই তেহরান এই প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছিল বলেও তিনি দাবি করেন।

    “চার দিন আগে লোকজন আমার কাছে এসে বলেছিল, ‘স্যার, ইরান অবিলম্বে প্রণালিটি খুলে দিতে চায়’। কিন্তু আমরা যদি তা করি, তাহলে ইরানের সাথে কখনোই কোনো চুক্তি হতে পারবে না, যদি না আমরা তাদের দেশের বাকি অংশ, তাদের নেতাদেরসহ উড়িয়ে দিই!”

    আরেকটি পোস্টে তিনি লিখেছেন, “ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে! তারা অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে চায়”।

    দেশটি “টাকার জন্য হাহাকার করছে” বলেও তিনি লিখেন।

  18. হরমুজ প্রণালিতে দুটি জাহাজে গুলি চালিয়েছে আইআরজিসি: ইউকেএমটিও

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি, ফাইল ছবি

    যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি জাহাজের ওপর গুলি চালানো হয়েছে।

    ব্রিটিশ রয়্যাল নেভির নেতৃত্বাধীন সংস্থাটি বলেছে, হামলার দ্বিতীয় ঘটনার সময় বহির্গামী জাহাজটি ইরানের পশ্চিম দিকে প্রায় আট নটিক্যাল মাইল দূরে ছিল এবং সেটি এখন পানিতে থেমে আছে।

    ইউকেএমটিও বলছে, জাহাজটির কোনো ক্ষতি হয়নি এবং জাহাজের নাবিকরাও নিরাপদ আছেন।

    বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে এখন উচ্চ মাত্রার তৎপরতা চলছে। ওই এলাকায় সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে জাহাজগুলোকে তা জানাতে বলা হয়েছে।

    এর আগে ইউকেএমটিও জানায়, ওমানের উত্তর পূর্বে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) একটি গানবোট হামলা চালায়, এতে জাহাজটির ব্রিজে গুরুতর ক্ষতি হয়।

    সংস্থাটির মতে, একটি আইআরজিসি "গানবোট" জাহাজটির কাছে আসে। কোনো "ভিএইচএফ চ্যালেঞ্জ" ছিল না।

    অর্থাৎ, রেডিওর মাধ্যমে কোনো আগাম সতর্কবার্তা দেওয়া হয়নি বা যোগাযোগ করা হয়নি। এরপর গানবোটটি জাহাজটির ওপর গুলি চালায়, যার ফলে জাহাজটির ব্রিজে "গুরুতর ক্ষতি" হয়েছে।

  19. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরানের আর কোনো উপায় নেই। তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধি পাঠাতেই হবে”।
    • ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ হবে ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া”।
    • যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান অনেকটা স্পষ্ট করে বলেছে যে বল এখন ইরানের কোর্টে।
    • পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে ইসলামাবাদের উদ্যোগের প্রতি বেইজিংয়ের “পূর্ণ সমর্থন” রয়েছে।
    • পেন্টাগন জানিয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে "অবৈধ নেটওয়ার্ক" ভেঙে দিতে অভিযানের অংশ হিসেবে মার্কিন বাহিনী নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে।
    • ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, একটি ইরানি তেল বহনকারী জাহাজ মার্কিন অবরোধ ভেঙে দেশের দক্ষিণাঞ্চলের একটি বন্দরে প্রবেশ করেছে।
    • ইরানের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘তুসকা’ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জব্দ করার ঘটনাকে “কঠোর ভাষায়” নিন্দা জানিয়েছে ইরান এবং এটি দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
    • বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির তথ্যের প্রাথমিক সত্যতা পেয়েছে ট্রাইব্যুনাল গঠিত কমিটি।
    • ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন দল ও জোট থেকে এবং স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৫৩ জন প্রার্থী।
    • নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে জানিয়ে সংসদে সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
  20. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে