লাইভ, এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় আসছে নতুন আইন, জানালেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

র‍্যাব পরিচালনায় নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে, কোনো চুক্তিতে রাজি না হলে ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না। অন্যদিকে ইরান বলেছে, তারা মার্কিন প্রস্তাবের জবাব দিয়েছে, কিন্তু পরমানু সমৃদ্ধি ইস্যুতে কোনো আলোচনা হবে না। দিনের প্রধান খবরগুলো জানতে নজর রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় আসছে নতুন আইন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    র‌্যাব পরিচালনায় নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    আজ আজ সোমবার দুপুরে ঢাকার কুর্মিটোলায় র‍্যাবের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদরদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "আমরা আশা করছি, আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকারকে সমুন্নত রেখে র‍্যাব তার সকল কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে র‍্যাবের জন্য একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যার অধীনে একটি এলিট ফোর্স হিসেবে একটি বাহিনী থাকবে। আমরা র‍্যাবের নাম পরিবর্তন করবো কিনা বা অন্য নতুন এলিট ফোর্স রেইজ করবো কিনা, সেটি এখনও চিন্তাভাবনার বিষয়। সরকার চিন্তাভাবনা করছে।"

    "তবে সব ক্ষেত্রেই...এলিট ফোর্সের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে," জানান তিনি।

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "আমরা জানি, র‍্যাবের কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাঝে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না, যেগুলো ফ্যাসিবাদী শাসনামলে ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি - সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কয়েকজন কর্মকার্তার কর্মকাণ্ডের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না। যারা আইনের বাইরে গিয়েছে, তাদের নিজ নিজ আইনের আওতায় এনে জবাবদিহিতার ব্যবস্থা করা হচ্ছে। কারণ প্রতিষ্ঠান দায়ী না, তারা ব্যক্তিগতভাবে দায়ী।"

    র‍্যাব বিগত সরকারের আমলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে উল্লেখ করে তিনি বলেন যে যুক্তরাষ্ট্র যে কারণ র‍্যবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, যা এখনো বহাল রয়েছে। কিন্তু "এলিট ফোর্স হিসেবে একটি নতুন ফোর্স যদি আমরা রিনেম বা রেইজ করি, তাহলে হয়তো তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন।"

    র‍্যাবের জন্য নতুন আইন প্রণয়নে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই আইন তিনি নিজে তদারকি করবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সেই আইন এখনও আমার সামনে আসেনি। এটা নিয়ে বিশেষজ্ঞরা কাজ করছে।"

    তিনি আরও বলেন, ''বর্তমানে র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের কিছু ধারার অধীনে পরিচালিত হচ্ছে, যা দীর্ঘদিন ধরে ‘অ্যাডহক’ ভিত্তিতে চলেছে। একটি বাহিনী এভাবে পরিচালিত হওয়া ঠিক নয়। তাই আমরা আলাদা আইন করছি, যেখানে বাহিনীর ক্ষমতা, দায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা স্পষ্টভাবে নির্ধারণ থাকবে।''

  2. চুক্তি না হলে ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না: ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে খুব তাড়াতাড়ি রাজি না হয়, তাহলে চরম পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

    ট্রুথ সোশ্যাল একাউন্টে দেওয়া একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ''ইরানের জন্য সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে, তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। না হলে ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না।''

    ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদনে অনুযায়ী, বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলার পরেই ট্রাম্পের এই হুমকি সামনে এলো।

    এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যুদ্ধ অবসানে ইরান কোনো চুক্তিতে রাজি না হলে ইরানের পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে।

    কয়েকদিন আগেই ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি এখন 'মুমুর্র্ষ অবস্থায়' রয়েছে।

  3. ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আপস করবে না ইরান: ইসমাইল বাঘায়ি

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি

    ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনোপ্রকার আলোচনা বা আপস করবে না ইরান, বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

    এ প্রসঙ্গে তিনি বলেন, “আলোচনা বা আপস করার মতো বিষয় এটি না। নন-প্রোলিফারেশন ট্রিটির (এনপিটি) আওতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃত।”

    এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি, যার লক্ষ্য পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। এই চুক্তি অনুযায়ী বিশ্বের দেশগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে, তবে অস্ত্র তৈরি নয়।

    মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত আদান-প্রদানের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসমাইল বাঘায়ি বলেন, “ইরানের দাবিগুলো পরিষ্কার।”

    তার ভাষায়, “উদাহরণ হিসেবে, তারা ইরানের জব্দকৃত সম্পদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে নিজেদের শর্ত বলছে। কিন্তু আমরা এটিকে আমাদের ন্যায্য দাবি হিসেবে দেখি।”

    তিনি আরও বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র আর বিশ্বাসযোগ্য নয়।”

    পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাতসহ এই অঞ্চলের দেশগুলোর উচিত সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া মন্তব্য করে তিনি আরও বলেন, ''এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শান্তি আনার বদলে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে''।

  4. গতকালের খবর:

    • অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির কাছে তালিকা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।
    • পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি’র প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি’র নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
    • ভারতের চেন্নাই থেকে ঢাকায় পৌঁছেছে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ। সোমবার ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করা হবে বলেও জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। এসময় সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলার বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সম্পাদক পরিষদের নেতারা।
    • গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বা ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও পুলিশের বিক্ষোভ ও দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে হাম উপসর্গে ৪৫৯ শিশুর মৃত্যু হলো।
    • ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের জন্য জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এ পর্যন্ত প্রায় ২৪৬টি সন্দেহভাজন সংক্রমণ এবং ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে