আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পত্রিকা: 'জামিনপ্রাপ্ত ৪২৬ দুর্ধর্ষ সন্ত্রাসী তৎপর'
'জামিনপ্রাপ্ত ৪২৬ দুর্ধর্ষ সন্ত্রাসী তৎপর' যুগান্তরের শিরোনাম।
খবরে বলা হচ্ছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একে একে জামিন পায় শীর্ষ সন্ত্রাসীরা। এদের মধ্যে আছে মগবাজারের আরমান, মিরপুরের আব্বাস, মোহাম্মদপুরের পিচ্চি হেলাল, বাড্ডার ফ্রিডম রাসু, হাজারীবাগের সানজিদুল ইসলাম ইমন প্রমুখ।
এছাড়া বিশেষ ক্ষমতা আইনে বন্দি থাকা ৪২৬ দুর্ধর্ষ সন্ত্রাসী জেল থেকে বেরিয়ে এসেছে অন্তর্বর্তী সরকারের সময়। মুক্তি পেয়ে বেশির ভাগ সন্ত্রাসী পুরোনো আন্ডারওয়ার্ল্ড পুনর্গঠনে তৎপর হয়ে উঠে।
আত্মগোপনে থাকা এসব সন্ত্রাসী এখন ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক। তারা এখন এলাকাভিত্তিক নতুন সাম্রাজ্য গড়ে তুলছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসীদের পাশাপাশি দুর্ধর্ষ সন্ত্রাসীরা তাদের অনুসারীর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। সক্রিয় করছে পুরোনো ক্যাডার বাহিনী ও শুটার গ্রুপকে।
জমি দখল, চাঁদাবাজি এবং ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে তৈরি হয়েছে অস্থিরতা। শীর্ষ সন্ত্রাসীরা হোয়াটসঅ্যাপ বা সিগন্যাল অ্যাপে বিদেশের নম্বর থেকে ফোন করে ব্যবসায়ীদের ভয় দেখায়। আর স্থানীয় সহযোগীরা টাকা সংগ্রহ করে।
নিউ এইজের শিরোনাম 'India ramps up push-in bids after BJP win in WB' অর্থাৎ 'পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর পুশইন তৎপরতা বাড়াচ্ছে ভারত'।
খবরে বলা হচ্ছে, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর, অবৈধভাবে বাংলাদেশে লোক পাঠানোর জন্য নতুন নতুন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি।
সম্প্রতি বিজিবি বেশ কয়েকটি ভারতীয় অনুপ্রবেশের প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। অন্যদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ যাচাই-বাছাই ছাড়াই জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তে বহু লোককে জড়ো করেছে বলে জানা গেছে।
সোমবার যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে বাংলাদেশে প্রবেশ করানোর বিএসএফের একাধিক প্রচেষ্টা বিজিবি সদস্যরা আটকে দিয়েছে।
বিজিবি-৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম খান জানিয়েছেন, বেনাপোল স্থলবন্দরের কাছে সীমান্তের ভারতীয় অংশে পুরুষ, মহিলা ও শিশুসহ লোকজনকে জড়ো করে বিএসএফ।
'বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যবৃদ্ধির ঘোষণা আজ' বণিক বার্তার শিরোনাম।
খবরে বলা হচ্ছে, দেশে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা হতে যাচ্ছে আজ। এতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম সর্বোচ্চ ১৯ শতাংশ এবং খুচরা পর্যায়ে ১৫-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনসহ (বিইআরসি) সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কয়েকটি সূত্র।
বিইআরসি বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ প্রস্তাবের বিষয়ে আজ বেলা ৩টায় তাদের সিদ্ধান্ত ঘোষণা করবে বলে জানিয়ে গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মূল্যবৃদ্ধি ঘোষণা হলে ১ জুন থেকে তা কার্যকর হবে।
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম সর্বোচ্চ ১৯ শতাংশ এবং খুচরা পর্যায়ে ১৫-২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন হলে শতাংশের হিসাবে তা হবে দেড় দশকের মধ্যে সর্বোচ্চ।
এর আগে ২০১১ সালের ডিসেম্বরে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ২১ দশমিক ৪৬ ও খুচরা পর্যায়ে ১৪ দশমিক ১৬ শতাংশ বাড়ানো হয়েছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ বৃদ্ধি।
'৭ হাজার কোটির বিদ্যুৎকেন্দ্র নিয়ে এ কেমন ছেলেখেলা!' দেশ রূপান্তরের শিরোনাম।
খবরে বলা হচ্ছে, প্রায় ৭ হাজার কোটি টাকার এক রাষ্ট্রীয় বিদ্যুৎকেন্দ্র নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে সাবেক অন্তর্বর্তী সরকার। ওই সরকারের প্রভাবশালী এক উপদেষ্টার কারণে গ্যাঁড়াকলে পড়েছে রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।
দৈনিক মাত্র ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস না দেওয়ায় কেন্দ্রটির টেস্টিং এবং কমিশনিং করা সম্ভব হয়নি। দীর্ঘ দিন পড়ে থাকায় কেন্দ্রটিতে এখন যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।
খুলনায় সরকারি এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল)। বন্ধ নিউজপ্রিন্ট মিলের জমি থেকে ৫০ একর জমি নিয়ে কেন্দ্রটি গড়ে উঠেছে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বেঁধে দেওয়া সময়ের বাইরে আর গ্যাস দিতে চাননি। যদিও এই অভিযোগ অস্বীকার করে উল্টো তিনি বলেছেন 'আমিইতো গ্যাস দিতে বলেছিলাম'।
'প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়' নয়াদিগন্তের শিরোনাম।
খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে চীন বা ভারত নয়, মালয়েশিয়া যাচ্ছেন। আগামী ২১শে জুন দুই দিনের সফরে তার কুয়ালালামপুর সফরের প্রস্তুতি চলছে।
এরপর প্রধানমন্ত্রীর চীন সফরের কথা থাকলেও এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। ভারত সফরের বিষয়টি এখনো আলোচনায় আসেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে অভিবাসনসংক্রান্ত বিষয়টি গুরুত্বের সাথে আলোচনায় আসবে। এ ছাড়া উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।
কর্মকর্তাদের মতে, প্রধানমন্ত্রীর প্রথম সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেয়া মূলত আন্তর্জাতিক অংশীদারিত্ব বহুমুখীকরণ এবং অর্থনৈতিক কূটনীতি জোরদার করার ক্ষেত্রে ঢাকার প্রচেষ্টাকেই প্রতিফলিত করে।
কালের কণ্ঠের শিরোনাম 'ব্যবসা ধসের মাশুল খেলাপি ঋণ'।
খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ প্রায় স্থবির ছিল। হামলা, মামলা, জ্বালাও-পোড়াও, মব সন্ত্রাস, অ্যাকাউন্ট জব্দ, হয়রানি, বিদেশযাত্রায় বাধাসহ নানা কারণে ব্যবসায়ী-উদ্যোক্তারা হতাশ-বিক্ষুব্ধ ছিলেন, যার প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যে।
এর ফলে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্যে খাটালেও পরিস্থিতি অনুকূলে না থাকায় ব্যবসায় লোকসান বাড়ে। তখন ঋণের কিস্তি বা সুদ দেওয়া কঠিন হয়ে পড়ে অনেক উদ্যোক্তার জন্য। এখনো ওই ধারা অব্যাহত রয়েছে। এর ধাক্কা লেগেছে খেলাপি ঋণে।
অনিচ্ছা সত্ত্বেও অনেক ব্যবসাপ্রতিষ্ঠান খেলাপিতে পরিণত হচ্ছে। তার প্রমাণ মিলেছে বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত মার্চভিত্তিক খেলাপি ঋণের প্রতিবেদনে। কারণ মাত্র তিন মাসের ব্যবধানে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বেড়েছে খেলাপি ঋণ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, গত ডিসেম্বর মাস শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল পাঁচ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা।
'সন্ত্রাসী চক্রের দাপটে আতঙ্কে চিকিৎসকেরা' আজকের পত্রিকার শিরোনাম।
খবরে বলা হচ্ছে, রাজধানীর সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সন্ত্রাসী চক্রের হামলা, হুমকিতে আতঙ্কে রয়েছেন চিকিৎসক - কর্মচারীরা।
এসব প্রতিষ্ঠানে আউটসোর্সিং নিয়োগ, দরপত্র, চাঁদাবাজি, কর্মচারী সমিতির নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসী চক্রগুলোর আধিপত্য বিস্তারের বিরোধে লক্ষ্যবস্তু হচ্ছেন হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীরা।
সন্ত্রাসী চক্রের সঙ্গে হাসপাতালগুলোর কিছু কর্মচারীর আঁতাত রয়েছে। কর্মচারী সমিতির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে বক্ষব্যাধি হাসপাতালের এক কর্মচারী নেতা খুন হয়েছেন।
দুই হাসপাতালের উপপরিচালককে কোপানো হয়েছে। হামলার শিকার হয়েছেন কয়েকজন কর্মকর্তা। প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে কয়েকজনকে। হামলার পর কেউ বদলি হয়েছেন, কেউ কর্মস্থলে ফেরেননি।
এ পরিস্থিতিতে সরকার মহাখালীর হাসপাতালপাড়ায় পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা করেছে। পাশাপাশি সব হাসপাতালে আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে।
'এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ পেছাচ্ছে' সমকালের শিরোনাম।
খবরে বলা হচ্ছে, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ পেছানোর অনুরোধে সমর্থন জানিয়েছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)।
এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪শে নভেম্বর পর্যন্ত করতে অনুরোধ করেছিল ঢাকা। সিডিপি তা ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করেছে।
এলডিসি তালিকা থেকে বের হয়ে কোন দেশে উন্নয়নশীল দেশের তালিকায় ঢুকবে, তা পর্যালোচনার পর সুপারিশ করে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) অধীন গঠিত সিডিপি।
বাংলাদেশের বিষয়ে সিডিপির সুপারিশ আগামী মাসের তৃতীয় সপ্তাহে ইকোসকে উঠবে। পরিষদ অনুমোদন করলে তা আগামী সেপ্টেম্বরে সাধারণ পরিষদের অধিবেশনে তোলা হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
'৪০ বছর পর সাধারণ পরিষদে সভাপতির আসনে বাংলাদেশ' মানবজমিনের শিরোনাম।
খবরে বলা হচ্ছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন তিনি।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি ভোট। ড. খলিল দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ এই পরিষদের সভাপতি নির্বাচিত হলেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস-এর উপস্থিতিতে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
এর আগে সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা ভোটাধিকার প্রয়োগ করেন। ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৯০টি রাষ্ট্র ভোট দেয়। ড. খলিল আগামী সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
৪০ বছর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ও পরবর্তীতে জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী।
'ব্যাংক রেজোল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিল হবে' প্রথম আলোর শিরোনাম।
খবরে বলা হচ্ছে, সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামি ব্যাংকে বিতর্কিত মালিকদের ফেরার সুযোগ রাখবে না সরকার। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ব্যাংক রেজোল্যুশন আইনের যে ধারায় এই সুযোগ রাখা হয়েছিল, সেটা বাতিল করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
বিএনপি সরকার গত ১০ এপ্রিল অন্তর্বর্তী সরকারের করা ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ আইনে পরিণত করে। আইনটি সংসদে পাসের আগে ১৮ (ক) নামে একটি নতুন ধারা যুক্ত করা হয়।
এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংক রেজোল্যুশনের আওতায় যাওয়ার আগে যাঁরা এর শেয়ার ধারক ছিলেন, তাঁরা চাইলে পরে আবার সেই ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক চাইলে অন্য কোনো উপযুক্ত ব্যক্তিকেও এ সুযোগ দিতে পারবে।
দ্য ডেইলি স্টারের শিরোনাম 'Cities to fight dengue blind' অর্থাৎ 'প্রস্তুতি ছাড়াই ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে হবে শহরগুলোকে'।
খবরে বলা হচ্ছে, বর্ষা মৌসুম আসন্ন হলেও, স্বাস্থ্য কর্তৃপক্ষ এখনো বর্ষার আগের কীটতাত্ত্বিক সমীক্ষা পরিচালনার জন্য কোনো উদ্যোগ নেয়নি। বিশেষজ্ঞদের মতে মশার প্রজনন কেন্দ্রস্থল চিহ্নিত করতে এবং বড় ধরনের ডেঙ্গু প্রাদুর্ভাব প্রতিরোধের জন্য এই সমীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০২৪ সাল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর বর্ষার আগে, বর্ষাকালে ও বর্ষার পরে এডিস মশার লার্ভা শনাক্ত করার জন্য ঢাকায় তিনটি বার্ষিক কীটতাত্ত্বিক জরিপ পরিচালনা করত। ডেঙ্গু সংক্রমণ তীব্র হওয়ার আগেই জীবাণুর প্রজননস্থলগুলো ধ্বংস করার জন্য সমীক্ষার ফলাফল দুটি সিটি করপোরেশনকে জানিয়ে দেওয়া হতো।
গত বছর শুধু প্রাক-বর্ষা সমীক্ষা করা হয়েছিল। কিন্তু এ বছর সমীক্ষা চালানোর জন্য এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এটি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও কীটতত্ত্ববিদদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মশার লার্ভা দ্রুত শনাক্তকরণ ও ধ্বংস করা না হলে বর্ষাকালে ডেঙ্গু রোগীর সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যেতে পারে, যা স্বাস্থ্য ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে।