আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, বাংলাদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে

দিল্লির একটি রেস্তোরায় আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় নেতারা অবশ্য ২১ জনের মৃত্যুর দাবি করছেন। এদিকে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে। দিনের প্রধান খবরগুলো জানতে নজর রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. দিল্লিতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ বাংলাদেশি আহত

    ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাই কমিশন।

    দিল্লির বাংলাদেশ হাই কমিশনের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পাতায় এক পোস্টে বলা হয়েছে, আহতদের মাঝে তিন জন সাকেতের ম্যাক্স হাসপাতালে ও বাকি দুইজন সফদারজাং হাসপাতালে চিকিৎসাধীন।

    এ ঘটনায় শোক প্রকাশ করে হাইকমিশন আরও জানায়, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

    স্থানীয় আজ বুধবার সকালে দিল্লির মালভিয়া নগরের লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুন লাগে। এ ঘটনায় ১০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রশাসন চারজনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও স্থানীয় বিজেপি বিধায়ক সতীশ উপাধ্যায় বলেছেন, নিহতের সংখ্যা ২১ জন এবং ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে।

  2. বাংলাদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে

    বাংলাদেশে বিদ্যুতের পাইকারি ও খুচরা পর্যায়ের দাম বাড়ানো হয়েছে। পহেলা জুন থেকেই নতুন দাম কার্যকর হবে।

    আজ বুধবার ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, পাইকারিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম সাত টাকা থেকে এক টাকা ৩৯ পয়সা বাড়িয়ে আট টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নয় টাকা ১১ পয়সা থেকে এক টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    এতে পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ দাম বাড়ানো হয়েছে।

    এর আগে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে গত ২০শে ও ২১শে মে গণশুনানি করেছিলো বিইআরসি।

  3. খানজাহান আলী মাজারের দীঘির কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে

    বাগেরহাটের খানজাহান আলী মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে।

    বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, জননিরাপত্তার স্বার্থে অনুযায়ী মাজারের দিঘির কুমিরটি অপসারণের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হচ্ছে প্রাণীটি।

    কুমিরের বিষয়ের পরবর্তীতে কি সিদ্ধান্ত নেয়া হবে তা পরে জানানো হবে বলে তিনি জানান।

    বুধবার সকালে পুকুর থেকে কুমিরটিকে ফাঁদ পেতে ধরা হয়। এরপর সেটিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সুন্দরবনে নিয়ে যাওয়া হয়।

    মাজারে আগত দেশি-বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল মঙ্গলবার গভীর রাতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার পর মাজার এলাকায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে দীঘিতে থাকা কুমিরটিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    তবে কুমিরটিকে এখন খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে।

    উল্লেখ্য, সোমবার রাত ৮টার দিকে মাজার সংলগ্ন দীঘিতে গোসল করতে নেমে আট বছর বয়সী ফাতেমা আক্তার কুমিরের আক্রমণের শিকার হয়।

    প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কুমিরটি শিশুটির পা ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। পরে মঙ্গলবার ভোরে মাজার সংলগ্ন দীঘির মহিলা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

  4. দিল্লির মালভিয়া নগরে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বহু মানুষের হতাহতের খবর

    ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় লেমন গ্রিন নামের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    এ ঘটনায় ১০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রশাসন চারজনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও স্থানীয় বিজেপি বিধায়ক সতীশ উপাধ্যায় বলেছেন, নিহতের সংখ্যা ২১ জন এবং ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে।

    এদিকে, ভারতের অন্যতম প্রধান জাতীয় রাজনৈতিক দল আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ বলেছেন, "এই আগুনে ২১ জন জীবন্ত পুড়ে মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।"

    ফায়ার কর্মকর্তা এ কে মালিক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন যে বুধবার সকাল ৮:৫০ মিনিটে ঘটনার খবর পাওয়া যায়।

    তিনি জানান যে এটি একটি বহুতল ভবন। এতে একটি বেসমেন্ট, নিচতলা এবং তার ওপরে পাঁচটি তলা রয়েছে।

    তার মতে, "ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি যে এই ভবনটি কেবল আবাসিক এলাকা হিসেবে ব্যবহৃত হচ্ছিল না। মনে হচ্ছে এখানে থাকা অধিকাংশ মানুষই সেইসব রোগীদের আত্মীয় বা পরিচিত ছিলেন, যাদের চিকিৎসা রাস্তার ঠিক সামনে অবস্থিত ম্যাক্স হাসপাতালে চলছিল।"

    মালিক জানান, "এখানে থাকা মানুষের মধ্যে বিদেশি নাগরিকরাও ছিলেন। আগুন বেশ দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছিল। অত্যন্ত কম সময়ের মধ্যে এটি নিয়ন্ত্রণে আসে। এখন আমরা ভবনটি পুরোপুরি খালি করে দিয়েছি এবং পরবর্তী ব্যবস্থার জন্য তা পুলিশের কাছে হস্তান্তর করেছি।"

    এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও), দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং লেফটেন্যান্ট গভর্নর তারণজিৎ সিং সান্ধু।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিএমও জানিয়েছে, নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে।

    দক্ষিণ দিল্লির দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এসডিএম জিতেন্দ্র কুমার বলেন, "ইমারতের নিচে একটি রেস্তোরাঁ চালানো হচ্ছিল এবং আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে রেস্তোরাঁ থেকেই হয়তো ভবনে আগুন লেগেছে।"

    তিনি বলেন, "আমাদের কাছে সুনির্দিষ্ট বিস্তারিত তথ্য নেই তবে এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সাত-আটজন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।"

    জিতেন্দ্র কুমার জানান, এই ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে সেজন্য এ ধরনের ভবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

    মালভিয়া নগরের সাবেক বিধায়ক এবং আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতী সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, "বুধবার সকাল আটটায় এই আগুন লেগেছে কারণ এলাকায় তারের জট লেগে রয়েছে।"

    তিনি বলেন, "সকাল আটটায় আগুন লাগে। তারের জটলা রয়েছে, যেখান থেকে সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। পাশেই একটি হোটেল রয়েছে যেখানে ২০ থেকে ২৫টি রুম আছে। সামনেই ম্যাক্স হাসপাতাল। সেখানে যারা চিকিৎসা করাতে আসেন, তাদের পরিবার এই হোটেলে থাকেন।"

    "শর্ট সার্কিট থেকে প্রথমে রান্নাঘরে আগুন লাগে যা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। সামনে একটি লেপ-তোশকের দোকান রয়েছে, সেই দোকানি তার সব লেপ বিছিয়ে দিয়েছিলেন, যার ওপর লাফিয়ে পড়ে মানুষ বাইরে বেরিয়েছেন।"

  5. গতকাল সারাদিন যা যা হয়েছে:

    • জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
    • ঢাকার মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ। শিশুটির বাবা ও মা, বোন ও তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। কাল আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছে আদালত।
    • "বাংলাদেশে... কাকে দিয়ে খুন করিয়েছিলেন?" মঙ্গলবার ২রা জুন কলকাতার ধর্মতলায় একটি ধর্না মঞ্চ থেকে বড় দাবি করলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিজেপির বিরুদ্ধে মঙ্গলবার ধর্নায় বসেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জী।
    • ভারত থেকে বাংলাদেশে কয়েকজন ব্যক্তিকে ঠেলে দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • হরমুজ প্রণালি পুরোপুরি পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
    • কম্বোডিয়া ও মিয়ানমারের মতো অনলাইন স্ক্যাম (প্রতারণা) সেন্টার পরিচালনার প্রস্তুতি নেওয়ার অভিযোগে কাঠমান্ডু পুলিশ বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে।
    • বাংলাদেশে সাংবাদিকদের দলীয় নিপীড়নের চক্র ভেঙে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে দেওয়া নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
    • স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এমন অনিয়মিত ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে লিবিয়ার ত্রিপোলি থেকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে সরকার।
    • এখন থেকে ন্যুনতম পক্ষে ৫০ ভাগ মামলা গাড়ির মালিককে না দিয়ে চালকের বিরুদ্ধে করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) মো. আনিসুর রহমান।
    • বাগেরহাটে খানজাহান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধারের পর ময়না তদন্ত ছাড়াই জানাজা শেষে দাফন করা হয়েছে।
    • আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ভোলায় অনুষ্ঠিত জানাজায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। পরে তাকে সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।
    • বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্য লাইন থেকে মিয়ানমারের দশ গজ ভেতরে মর্টার শেল বিস্ফোরণে সতনাইম তঞ্চঙ্গা নামের এক কিশোর নিহত হয়েছেন।
    • ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়া “সম্ভবত জিলহজ মাসের শেষে এবং মহররম মাসের শুরুতে” অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপ-প্রধান মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ।
  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে