সোলেডার শহর 'ছেড়ে যাবার কথা বিবেচনা করছে' ইউক্রেনীয় বাহিনী

সোলেডার শহরটির অধিকাংশই এখন রুশ বাহিনীর দখলে
ছবির ক্যাপশান, সোলেডারের প্রতিরক্ষার জন্য লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনী
Published

ইউক্রেন বলছে পূর্বাঞ্চলীয় সোলেডার শহরে এখনও প্রচণ্ড যুদ্ধ চলছে, তবে সামরিক বাহিনীর একজন মুখপাত্র আভাস দিয়েছেন যে তাদের কম্যান্ডাররা সোলেডার থেকে নিজেদের প্রত্যাহার করে নেবার কথা বিবেচনা করছেন।

ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার সোলেডারের পরিস্থিতি তার ভাষায় “কঠিন” বলে উল্লেখ করেন।

শহরটির বড় এলাকাই ধ্বংস হয়ে গেছে বলে খবরে বলা হচ্ছে।

ইউক্রেনীয় মুখপাত্রটি বলছেন, বাখমুট শহরের নিকটবর্তী সোলেডারে তাদের সৈন্যরা রুশ ওয়াগনার বাহিনীর 'সবচেয়ে ভালোভাবে প্রস্তুতি নেয়া' যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে।

বুধবারই ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন দাবি করেন যে সোলেডার শহরটি তার বাহিনী দখল করেছে।

তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে যুদ্ধ এখনো চলছে।

সোলেডার শহরের ধ্বংসলীলা
ছবির ক্যাপশান, সোলেডার শহরের ধ্বংসলীলা। অগাস্টে স্যাটেলাইটে ধারণকৃত ছবিতে (বামে) সোলেডর । হামলার পরের চিত্র (ডানে) যা জানুয়ারিতে ধারণ করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেন, “রুশরা তাদের হাজার হাজার লোককে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, কিন্তু আমরা আমাদের অবস্থান ধরে রেখেছি।“

এক সংবাদ ব্রিফিংএ তিনি আরো বলেছেন, রাশিয়া ইউক্রেনে তাদের সেনা অবস্থান বাড়াচ্ছে।

হান্না মালিয়ার বলেন, এক সপ্তাহ আগেও ইউক্রেনে রুশ সেনা ইউনিটের সংখ্যা ছিল ২৫০টি - তবে মস্কো এখন এক কৌশলগত উদ্যোগ নিয়ে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ২৮০টি করেছে ।

এসব ইউনিটে নতুন নিয়োগ-পাওয়া সৈন্যরা রয়েছে বলে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সূত্রে বলা হয়।

ওয়াগনার বাহিনী
ছবির ক্যাপশান, ওয়াগনার বাহিনীর সদস্যরা সোলেডারের খনির সুড়ঙ্গগুলোতে ঢুকে পড়েছে ।

আরেকজন উর্ধতন সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ওলেক্সেই গ্রোমভ ব্রিফিংএ বলেছেন, ইউক্রেনে সামরিক পরিস্থিতি ‘দুরূহ’।

তার কথায়, পূর্ব ফ্রন্টে প্রচণ্ড লড়াই চালিয়ে রুশ বাহিনী ইউক্রেনের রক্ষণব্যুহ ভেঙে তাদের সৈন্যদের ঘিরে ফেলার চেষ্টা করছে।

মি. গ্রোমভ আরো বলেন, উত্তর দিকে বেলারুসের ভূখন্ড ব্যবহার করে আক্রমণ চালানোর সম্ভাবনা পুরো বছর জুড়েই জোরদার থাকবে।

মানচচিত্রে পূর্ব ইউক্রেনের সোলেডার, বাখমুট ও অন্যান্য এলাকা
ছবির ক্যাপশান, মানচচিত্রে পূর্ব ইউক্রেনের সোলেডার, বাখমুট ও অন্যান্য এলাকা

মি. প্রিগোশিন এর আগে বলেছেন, সোলেডার শহরের ভেতরে ঢোকার লড়াইয়ে শুধু ওয়াগনার যোদ্ধারাই অংশ নিচ্ছে। আর রুশ বাহিনী ইউক্রেনীয় অবস্থানগুলোর ওপর বিমান আক্রমণ চালাচ্ছে।

প্রায় ১০,০০০ লোকের বাসস্থান লবণের খনিসমৃদ্ধ শহর সোলেডার রুশ দখলে চলে গেলে তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাখমুট শহরটি ঘিরে ফেলতে রুশ সৈন্যদের সহায়তা করবে।

তা ছাড়া এর ফলে বাখমুট শহরটিতে রসদপত্র সরবরাহের জন্য নিকটবর্তী স্লোভিয়ানস্কের সাথে গুরুত্বপূর্ণ সংযোগপথটিও প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে। 

তা ছাড়া সোলেডারের খনির গভীর সুড়ঙ্গগুলোর নেটওয়ার্ককে ইউক্রেন-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ঢুকতে ব্যবহার করতে পারবে রাশিয়া।