নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ

মিয়া গোলাম, রুমিন ফারহানাম শফিকুর রহমান, নাসির উদ্দিন পাটওয়ারী ছবি কোলাজ
Published
পড়ার সময়: ৩ মিনিট

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে চলছে ভোটগ্রহণ। বড় ধরনের অনিয়মের কোনো খবর না এলেও নির্বাচন ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ করেছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতা ও স্বতন্ত্র প্রার্থী।

প্রতিপক্ষের প্রভাব খাটানোর অভিযোগ করেছেন এবারের নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তার অভিযোগ, কুমিল্লার লাকসামের বরুড়া এলাকার কয়েকটি ভোটকেন্দ্র থেকে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

এছাড়াও , তার নিজের নির্বাচনী এলাকা ঢাকা -১৫ তে মনিপুর গার্লস স্কুল কেন্দ্রে বিপক্ষের সমর্থকরা প্রভাব খাটানোর চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

তবে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দিয়েছে বলে জানান মি. রহমান।

কারা বের করে দিয়েছে, এমন প্রশ্নের স্পষ্ট জবাব না দিয়ে তিনি বলেন "প্রতিপক্ষ"।

তবে সামগ্রিকভাবে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

"কোথাও কোথাও প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে" বলে দাবি করেছেন জামায়তের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। খুলনা-৫ আসন থেকে নির্বাচনে লড়ছেন তিনি।

মি. পরওয়ার বলেন, ''সামগ্রিকভাবে ভোটের যে চিত্র, তাতে কিছু জায়গায় ভোট কেন্দ্রের বাইরে প্রভাব খাটানোর চেষ্টা আছে"।

তবে মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারছে বলেও মন্তব্য করেছেন তিনি।

কেন্দ্রে ভোট দিচ্ছেন একজন নারী ভোটার

ছবির উৎস, Getty Images

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

এদিকে সেনাবাহিনীর সামনে দলের কর্মী সমর্থকদের মাথায় আঘাত করার অভিযোগ করেছেন ঢাকা আট আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ।

তিনি বলেন, এরপর সেনাবাহিনীকে তারা অভিযোগ জানালে সেনাবাহিনী তাদের উদ্ধার করে পাঠিয়ে দেয়।

এছাড়াও ঝুঁকিপূর্ণ দুটি কেন্দ্রে 'ভোট ডাকাতির মহোৎসব' চলছে এবং তারা "গায়ে পড়ে মারামারি করে ঢাকা-৮ আসনের ভোট বানচাল করতে চাচ্ছে" বলেও মন্তব্য করেন মি. পাটওয়ারী।

তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, তাদের ওপর আঘাত করলে বেশিরভাগ ক্ষেত্রেই পাল্টা আঘাত করার ইচ্ছা ছিল না তাদের। কিন্তু তাদেরকে যদি মারতে আসা হয়, তাহলে এবার উল্টো পক্ষকে মার খেতেও হবে।

"এখন সময় প্রতিরোধের। যদি ঢাকা-৮'এ ভোট ডাকাতি হয়, তাহলে মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আল্লাহ'র কসম করে বলছি, সেই রাজত্ব আমরা খানখান করে দিবো। তছনছ করে দিবো। (নির্বাচনে জয়ী) হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দিবো"।

এ অভিযোগ অস্বীকার করেছে বিএনপি । দলটির নির্বাচন পরিচালনা কমিটিরএকজন সদস্য বিবিসি বাংলাকে বলেছেন, সেখানে ভোট ডাকাতি বা অনিয়মের কোনো ঘটনা ঘটেনি।

ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন নারী ভোটাররা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন নারী ভোটাররা

এর আগে, সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন্ন ফারহানা নিজ এলাকায় ভোট দেয়া শেষে সাংবাদিকদের জানান, তার এলাকার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দুপুরের দিকে 'সিল মারার পায়তারা' চলছে বলে তার কাছে খবর এসেছে।

পূর্ব সতর্কতা থেকে সেনাবাহিনী, পুলিশ ও ডিসি'র কাছে কেন্দ্রগুলোর নামগুলো পাঠানোর কথাও জানান তিনি।

এছাড়া ভোটকেন্দ্রে কিছু অনিয়মের অভিযোগ করেছে বিএনপিও। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনাব মাহ্দী আমিন এক বিবৃতিতে সারা দেশ থেকে গত রাতে পাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে জানিয়েছেন, চলমান ভোটগ্রহণ প্রক্রিয়ার পূর্ণাঙ্গ চিত্র এখনো তাদের হাতে আসেনি।

"তবে নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশব্যাপী কিছু জায়গায় কিছু অসংগতি এবং অনাকাঙ্ক্ষিত বিষয় আজও দেখা যাচ্ছে, কোনো কোনো কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেলেও ভোটগ্রহণ প্রক্রিয়ার গতি আশানুরূপ নয়"।

এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি এবং আশা প্রকাশ করেন যে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে সেগুলো সমাধান করবেন।

প্রসঙ্গত, এবারের জাতীয় নির্বাচনে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো আয়োজিত এই নির্বাচনে নেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনের পাশাপাশি চলছে গণভোটও।