আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পত্রিকা: 'প্রধানমন্ত্রীর সফরে খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার'
মানবজমিন পত্রিকার খবর- প্রধানমন্ত্রীর সফরে খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে দীর্ঘ দুই বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারো উন্মুক্ত হওয়ার আশা করছে বাংলাদেশ। আসছে ২১শে জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।
এ ছাড়াও দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি ইস্যুতে গুরুত্বপূর্ণ অগ্রগতির আশা করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
সরকারের উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ইতিবাচক বার্তার মধ্যে শ্রমবাজার খোলার সম্ভাবনা জোরালো হলেও সিন্ডিকেট নিয়ে উদ্বেগ কাটেনি।
সংশ্লিষ্টরা বলছেন, সফরকালে শীর্ষ পর্যায়ের আলোচনায় ইতিবাচক সিদ্ধান্ত এলে বাংলাদেশি কর্মীদের জন্য আবারো খুলে যেতে পারে বহুল কাঙ্ক্ষিত মালয়েশিয়ার শ্রমবাজার।
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ থেকে ২২শে জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর সফর করবেন।
এরপর ২৩ থেকে ২৬শে জুন সরকারপ্রধানের চীন সফরের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে অভিবাসন সংক্রান্ত বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা হবে।
যুগান্তর পত্রিকার খবর - সংবিধান সংশোধন ইস্যুতে উত্তাপ ছড়াবে সংসদ
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬ ২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। গণঅভ্যুত্থানের পর নতুন সরকারের এটিই প্রথম বাজেট হওয়ায় অধিবেশনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাজেট উপস্থাপন করা হবে। পাওয়ার পয়েন্ট, ডিজিটাল স্ক্রিন, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও গ্রাফিক্সের মাধ্যমে বাজেটের আয় ব্যয় এবং অর্থনৈতিক তথ্য তুলে ধরা হবে। সরকারের প্রস্তুত করা ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং উচ্চ প্রবৃদ্ধি অর্জনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সংসদ সদস্যদের আলোচনার পর আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে। এর আগে চলতি অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন করা হবে। অধিবেশন কতদিন চলবে, তা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে।
প্রথম আলো পত্রিকার খবর- ফ্যামিলি কার্ডসহ সামাজিক খাতে দেড় লাখ কোটি টাকা
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা করার পরিকল্পনা করেছে সরকার। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা। নতুন বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো নতুন কর্মসূচি যুক্ত করা হচ্ছে। পাশাপাশি বয়স্ক ভাতাসহ কয়েকটি কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়ানো হবে।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য ও বৈষম্য কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে গত ৭ মে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপকারভোগীর সংখ্যা ও ভাতার হার চূড়ান্ত করা হয়।
নতুন ব্যবস্থায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের জন্য জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হচ্ছে। ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন ও অভিভাবকের এনআইডি প্রয়োজন হবে। একই সঙ্গে প্রকৃত উপকারভোগী শনাক্ত করতে ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি নামের একটি অনলাইন তথ্যভান্ডার চালুর পরিকল্পনা রয়েছে, যাতে ভাতা সঠিক মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করা যায়।
কালের কণ্ঠ পত্রিকার খবর- শূন্যরেখা থেকে বেশ কজনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ ইন তৎপরতা সম্প্রতি দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় সীমান্তে বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, মেহেরপুর ও পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ শতাধিক মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে। মেহেরপুরে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে সর্বশেষ একটি অপচেষ্টা ব্যর্থ হলেও কয়েকজন সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়েছে বলে জানা গেছে। পঞ্চগড়ে ১০ জন মানুষ সীমান্তে দীর্ঘ সময় ধরে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
বিজিবি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের আটটি পৃথক পুশ ইন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। এসব ঘটনায় মোট ৭৯ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল। নওগাঁ, ঝিনাইদহ, লালমনিরহাট, পঞ্চগড় ও নেত্রকোনাসহ বিভিন্ন সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে।
বিজিবি বলেছে, আন্তর্জাতিক আইন ও বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী কোনো পুশ ইন গ্রহণযোগ্য নয় এবং অবৈধভাবে কাউকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সঙ্গে আনসার সদস্যরাও নজরদারিতে যুক্ত হয়েছেন।
নয়া দিগন্ত পত্রিকার খবর- প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত
বাংলাদেশ ও তুরস্ক কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্র পর্যায়ে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা বাড়াতে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অংশগ্রহণে একটি পরামর্শ কাঠামো গড়ে তোলা হবে। আলোচনায় রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান।
বণিক বার্তা পত্রিকার খবর- ডিসিদের নির্লিপ্ততায় বাড়ছে না করের পরিধি
জেলা পর্যায়ে রাজস্ব দপ্তরের কার্যক্রম নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও পরিবীক্ষণের দায়িত্ব জেলা প্রশাসকদের (ডিসি) ওপর ন্যস্ত।
তবে কর আহরণের পরিধি বা করজাল সম্প্রসারণে তাদের কার্যকর সম্পৃক্ততা এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেনি। ফলে রাজস্ব আহরণ বাড়াতে প্রত্যাশিত অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যদিও কর নির্ধারণ, আদায় ও প্রশাসনিক ব্যবস্থাপনার মূল দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর), তবুও মাঠ প্রশাসনের সক্ষমতা যথাযথভাবে ব্যবহার করা গেলে করজাল বহু গুণ সম্প্রসারণ সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।
স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ব্যবসা-বাণিজ্য, ভূমি ব্যবস্থাপনা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেলা প্রশাসকরা। তাই তাদের নিয়মিত কার্যক্রমের মাধ্যমেই নতুন করদাতা শনাক্তকরণ এবং কর অনুবর্তিতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব বলে মনে করেন খাতসংশ্লিষ্টরা।
দ্য ডেইলি স্টার পত্রিকার খবর Bangladesh heats up faster than before অর্থাৎ আগের চেয়ে দ্রুততার সাথে তাপ বাড়ছে বাংলাদেশের
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন ও তীব্র আবহাওয়াজনিত দুর্যোগ বাড়ছে। বন্যা ও ঘূর্ণিঝড় যেখানে তাৎক্ষণিক ধ্বংস ডেকে আনে, সেখানে তাপমাত্রা ধীরে ধীরে মানুষের স্বাস্থ্য ও কর্মক্ষমতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ, যেখানে ক্রমবর্ধমান তাপপ্রবাহ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) তাপপ্রবাহকে চার ভাগে ভাগ করেছে, মৃদু ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, মাঝারি ৩৮ থেকে ৪০ ডিগ্রি, তীব্র ৪০ থেকে ৪২ ডিগ্রি এবং চরম তাপপ্রবাহ ৪২ ডিগ্রির বেশি। বাংলাদেশে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় মার্চ থেকে জুন পর্যন্ত, যার মধ্যে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যায়।
গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালের এপ্রিল ছিল ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহের মাসগুলোর একটি। ২০২৫ সালের মে মাসে তাপমাত্রার অনুভূত মাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা স্বাস্থ্য ও জীবিকায় বড় ঝুঁকি তৈরি করে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, নগরায়ন এবং সবুজ এলাকা কমে যাওয়ার কারণে এই পরিস্থিতি এখন নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে।
আজকের পত্রিকার খবর- বিনা মূল্যের বই ছাপানোয় ১৮৩ কোটির অনিয়ম
২০২৪ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যবই ছাপানোর কাজে ১৮৩ কোটি টাকার বেশি অনিয়ম ও আর্থিক ক্ষতির তথ্য উঠে এসেছে সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) অধীন শিক্ষা অডিট অধিদপ্তরের প্রতিবেদনে। এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তা কর্মচারীরা বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত ভাতা ও সম্মানী গ্রহণ করেছেন এবং নির্ধারিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি।
নিরীক্ষা অনুযায়ী, ছাপাখানা তদারকি ও বিভিন্ন নামে সম্মানী বাবদ প্রায় ৬৪ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত উদ্দীপনা ভাতা গ্রহণসহ নানা অনিয়মের বিষয়ও উঠে এসেছে, যা ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
সরকার ২০২৪ শিক্ষাবর্ষে প্রায় ২৭ কোটি বই বিনামূল্যে বিতরণ করে, যার মধ্যে মাধ্যমিক স্তরে ২১ কোটি ৩৩ লাখ বই ছাপানো হয়। শুধু মাধ্যমিক স্তরের বই ছাপাতে ব্যয় হয় ৮৬৩ কোটি টাকার বেশি, যার ওপরই এই নিরীক্ষা প্রতিবেদন তৈরি করা হয়েছে।
নিউ এইজ পত্রিকার খবর- BNP MPs voice concerns over law and order অর্থাৎ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্যরা
জাতীয় সংসদে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তারা বলেন, সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও হত্যার মতো অপরাধ বৃদ্ধি পাওয়ায় সরকার সমালোচনার মুখে পড়ছে।
বৈঠকে কয়েকজন সংসদ সদস্য আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া কিছু বিচারককে বিভিন্ন জেলা থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। এ বিষয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, বিচারক বদলির ক্ষমতা আইন মন্ত্রণালয়ের নেই। তবে সম্ভাব্য বদলির জন্য একটি তালিকা সুপ্রিম কোর্টে পাঠানো যেতে পারে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্যরা। তাদের মতে, ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভুয়া তথ্য ছড়ানো, ব্যক্তিগত চরিত্রহনন এবং গণমাধ্যমের বাইরে বিচার পরিচালনার প্রবণতা বাড়ছে।
টাইমস অফ বাংলাদেশের খবর- Bangladeshis enslaved in Cambodia's cyber scam ring অর্থাৎ প্রতারণার শিকার বাংলাদেশি কম্বোডিয়ায় গিয়ে দাসত্বের মুখে
বাংলাদেশি বংশোদ্ভূত আবদুল্লাহ আল মামুন, যিনি 'অপু' নামে পরিচিত, কম্বোডিয়ায় একটি আন্তঃদেশীয় মানবপাচার ও সাইবার প্রতারণা চক্র পরিচালনার অভিযোগে আলোচনায় এসেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি হতাশাগ্রস্ত বাংলাদেশিদের ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় নিয়ে গিয়ে সাইবার স্ক্যাম কার্যক্রমে বাধ্য করেন এবং প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করেন।
ময়মনসিংহের এই ব্যক্তি ২০১৫ সালের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ ঘুরে শেষ পর্যন্ত কম্বোডিয়ার নমপেনে স্থায়ী হন। সেখানে তিনি কম্বোডিয়ান পাসপোর্ট ব্যবহার করে নিজেকে একটি রাজনৈতিক দলের কম্বোডিয়া শাখার পদধারী হিসেবে পরিচয় দিয়ে আইনি নজরদারি এড়ানোর চেষ্টা করেন, যদিও ওই পদটির অস্তিত্ব নেই বলে দলীয় কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চিত করেছে।
বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর এই নেটওয়ার্ক আরও সক্রিয় হয়ে ওঠে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রায় ২ হাজার ৪০৮ জন বাংলাদেশি কম্বোডিয়ায় গেছেন বলে বিএমইটির তথ্য জানায়। এদিকে সিআইডির মানবপাচার ইউনিট চক্রটির স্থানীয় সহযোগীদের শনাক্ত ও নজরদারিতে কাজ করছে।