আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার চার মাসের বেশি সময় পর তেহরানে রোববার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অুনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে। ফেব্রুয়ারির ২৮ তারিখে নিহত হন ইরানের সাবেক সবোর্চ্চ নেতা আলী খামেনি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আলী খামেনির জানাজায় ছিলেন না ইরানের শীর্ষনেতা মোজতবা খামেনি

    রোববার সকালে তেহরানের কেন্দ্রীয় মসজিদে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির যে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে, সেখানে দেখা যায়নি তার ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে।

    তবে, আলী খামেনির অন্য তিনপুত্র মেইসাম, মাসুদ এবং মুস্তফা খামেনি জানাজায় অংশ নিয়েছেন। তাদেরকে জানাজা নামাজের সামনের সারিতেই দেখা গেছে।

    ফেব্রুয়ারির ২৮ তারিখে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হয়েছিলেন ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

    হামলায় আলী খামেনি ছাড়াও তার জামাতা এবং নাতনিসহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

    এরপর মোজতবা খামেনিকে ইরানে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়।

  2. সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

    বাংলাদেশে সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

    রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

    এতে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ডে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে।

    বিষয়টি অনতিবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

    প্রসঙ্গত, বাংলাদেশে সরকারি অনুষ্ঠান এবং রাজনৈতিক কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ড তৈরি করার প্রচলন রয়েছে।

    বিষয়টি নিয়ে নানা সময়ে আলোচনা ও সমালোচনাও হয়েছে।

  3. দীর্ঘদিন পর জনসম্মুখে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান

    অনেকদিন পর জনসম্মুখে দেখা গেল ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদিকে।

    রোববার সকালে তেহরানের একটি মসজিদে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় মি. ভাহিদি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা।

    যুদ্ধের প্রথমদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আইআরজিসি'র তৎকালীন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর জেনারেল ভাহিদিকে বিপ্লবী গার্ডের সর্বাধিনায়ক নিযুক্ত করা হয় বলে জানা যায়।

    এরপর জেনারেল ভাহিদিকে খুব কমই জনসম্মুখে দেখা গেছে।

    দেশটির সরকারি বার্তাসংস্থা আইআরএনএ প্রকাশিত একটি ভিডিওতেও জেনারেল ভাহিদিকে কালো টুপি মাথায় দিয়ে জানাজা অনুষ্ঠানে দেখা গেছে।

  4. এটি আমেরিকার স্বর্ণযুগের সূচনামাত্র: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণের উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ওয়াশিংটন ডিসি’র ন্যাশনাল মলে দেওয়া ওই ভাষণে তার শাসনামলের নানান অর্জন তুলে ধরে মি. ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র তার স্বর্ণযুগে প্রবেশ করেছে।

    “এটি কেবল আমেরিকার স্বর্ণযুগের ভোর, যার নিয়তি লিখে দিয়েছেন ঈশ্বর,” বলেন ট্রাম্প।

    পূর্ব নির্ধারিত এই ভাষণ শোনার জন্য অসংখ্য মার্কিন নাগরিক সভাস্থলে একত্রিত হন। বৈরি আবহাওয়ার মধ্যেই তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়।

    গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বিদ্যুৎ চমকানির মধ্যেই মি. ট্রাস্প ন্যাশনাল মলে এসে পৌছালে হাজার হাজার মানুষ তাকে হাত তালি দিয়ে স্বাগত জানান।

    প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প তার শাসনামলের অর্জন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন।

    এর মধ্যে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাসের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। ভোট দেওয়ার জন্য নাগরিকত্ব ও পরিচয়পত্রের প্রমাণ বাধ্যতামূলক করে আইনটি পাস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

    সেইসঙ্গে আরও জানান যে, অসুস্থতা, সামরিক মোতায়েন বা অন্যান্য ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া ডাকযোগে ভোটের ব্যালট পাঠানো নিষিদ্ধ করবে তার সরকার।

    ভাষণে বারবার ‘সাম্যবাদের প্রেতাত্মা’ শব্দটি উচ্চারণ করতে শোনা যায় ট্রাম্পকে। সাম্যবাদকে ক্যান্সারের সঙ্গে তুলনা করেছেন সেটা “অবশ্যই ছেঁটে ফেলতে হবে” বলে মন্তব্য করেন তিনি।

    আর্টেমিস ২-এর ক্রুদেরকে মঞ্চে হাজির করেন ট্রাম্প। এরপর তাদের হাতে বিশেষ পতাকা তুলে দেওয়া হয়।

    প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সভাস্থলে আসার জন্য উপস্থিত জনতাকে ধন্যবাদ দেন ট্রাম্প, তারপর “ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন," বলে ভাষণ শেষ করেন।

    অনুষ্ঠানে আতশবাজি ফুটানোর পাশাপাশি আকাশে যুদ্ধবিমানের বিশেষ প্রদর্শনীও দেখানো হয়।

  5. তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অুনষ্ঠিত

    তেহরানের কেন্দ্রীয় মসজিদে স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অুনষ্ঠিত হয়েছে।

    ফেব্রুয়ারির ২৮ তারিখে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হয়েছিলেন ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

    শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি তাবরিজি জানাজা নামাজের নেতৃত্ব দেন। গতকালই জানিয়ে দেয়া হয়েছিল যে মোজতবা খামেনি পিতার জানাজা পড়াবেন না।

    বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই জানাজা উপলক্ষে শুক্রবার থেকেই তেহরান মসজিদে কড়া নিরাপত্তা জারি করা হয়।

    আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার চার মাসেরও বেশি সময় পর, দেশটিতে তার জন্য ছয় দিনের রাষ্ট্রীয় শোকপালন ও শেষ বিদায়ের শোভাযাত্রা ঘোষণা করা হয়।

    শুক্রবার থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সাবেক এই আয়াতুল্লাহর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

    শনিবার সকাল স্থানীয় সময় ভোর ছয়টায় তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় মূল আনুষ্ঠানিকতা শুরু হয়, সেখানে দর্শনার্থীরা রোববার বিকেল পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

    ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের একটি ধর্মীয় পরিবারে ১৯৩৯ সালের ১৯শে এপ্রিল জন্ম হয়েছিল আলী খামেনির। আট ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

    এই মাশহাদেই বৃহস্পতিবার তাকে দাফন করা হবে।

    তার বাবা সৈয়দ জওয়াদ খামেনি ছিলেন স্থানীয়ভাবে সুপরিচিত একজন শিয়া পণ্ডিত। মা খাদিজে মির্দামাদীও একজন ধার্মিক নারী ছিলেন।

  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে