আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এরপর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করা হয়েছে রুহুল কবির রিজভীকে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো:

    • বৃহস্পতিবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। সন্ধ্যায় নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। ছয় জন সংসদ সদস্য এই ভোটে অংশ নেননি।
    • বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীসহ বিরোধী দলীয় প্রার্থী অলি আহমদ। এছাড়া তাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।
    • বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
    • কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলের অগ্নিকাণ্ডের এক দিন কেটে যাওয়ার পরে শনাক্ত করা হলো আরও দুই জন বাংলাদেশি পর্যটকের মরদেহ। এতে নিহত নয়জনের মধ্যে বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো সাতজনে।
    • গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার।
    • পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই’ এর প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া আদেশে 'আইনের ব্যত্যয় ঘটেছে' দাবি করে এটি পুনর্বিবেচনার আবেদন করেছে বলে সরকার, জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ।
    • যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী জর্জ ওয়াশিংটন বুধবার মধ্যপ্রাচ্যে সেন্টকমের দায়িত্বাধীন এলাকায় এবং ইরানের নিকটবর্তী অঞ্চলে প্রবেশ করেছে।
    • ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট আল-মাসিরাহ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, গোষ্ঠীটি সৌদি আরবের ‘সংবেদনশীল’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
    • লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী দেশটির দক্ষিণে ভারী কামান নিয়ে হামলা চালিয়েছে।
    • ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সর্বশেষ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিচকো। এমন এক সময়ে এই হামলা হলো, যখন ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখোমুখি।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা চালু করবেন, পাশাপাশি যেসব দেশ ইরানকে সহায়তা করে বা তার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেবেন। তার এই হুমকির পর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান, যুক্তরাষ্ট্র সামরিক যুদ্ধে ব্যর্থ হয়ে অর্থনৈতিক যুদ্ধ শুরু করছে বলে মন্তব্য করেছেন ইরানি কর্মকর্তারা।
    • ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, আবার “যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমাদের অস্ত্র সব দিক থেকেই অতীতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে”।
    • সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও স্বামী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত হয়েছিলেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী দীপু মনি। নির্ধারিত সময় শেষে সন্ধ্যা ছয়টায় তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
    • বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন- দিল্লিতে এমন আশা করা হচ্ছে বলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী তাকে জানিয়েছেন।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার

    তুরস্ক, মিসর ও কাতার গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, ইসরায়েলকে “যুদ্ধবিরতি চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, যা উত্তেজনা বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে।”

    দেশ তিনটি আরও বলেছে, “মধ্যস্থতাকারী দেশগুলো জোর দিয়ে বলছে যে, একটি গুরুত্বপূর্ণ সময়ে ইসরায়েলি হামলার এই বৃদ্ধি আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে।”

    তুরস্ক, মিসর এবং কাতারের মতে, বর্তমানে “গাজা সংঘাতের অবসানের জন্য সমন্বিত পরিকল্পনা” বাস্তবায়নে ব্যাপক প্রচেষ্টা চলছে। এর মধ্যে শান্তি প্রতিষ্ঠা বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে ইসরায়েলি কর্মকর্তাদের বৈঠক অন্তর্ভুক্ত রয়েছে এবং আলোচনার প্রক্রিয়ায় “গঠনমূলক পদক্ষেপ” নেওয়া হয়েছে।

    তুরস্ক, মিসর ও কাতার বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় এবং “শান্তি মিশন”-কে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং উত্তেজনার আরও বৃদ্ধি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

  3. ইমরান খানকে হাসপাতালে পাঠানোর আদেশ পুনর্বিবেচনার আবেদন পাকিস্তান সরকারের

    পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই’ এর প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া আদেশে 'আইনের ব্যত্যয় ঘটেছে' দাবি করে এটি পুনর্বিবেচনার আবেদন করেছে বলে সরকার, জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ।

    ইসলামাবাদে পার্লামেন্ট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানা সানাউল্লাহ বলেন, “ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের কোনো সময়সীমা নেই। সরকার একটি রিভিউ পিটিশন দায়ের করেছে এবং আজ বা কালকের মধ্যে এর সিদ্ধান্ত হতে পারে।”

    রানা সানাউল্লাহ বলেন, সরকারের দায়ের করা রিভিউ পিটিশনের সিদ্ধান্ত আসুক, তারপর পরিস্থিতি আরও স্পষ্ট হবে।

    সরকার সংবিধান ও আইনের দ্বারা বাধ্য এবং সুপ্রিম কোর্টের রায় বিচারিক আদালতের জন্য বাধ্যতামূলক বলেও উল্লেখ করেন মি. সানাউল্লাহ।

    এই সিদ্ধান্তের ফলে ফৌজদারি বিচার ব্যবস্থায় সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলে সরকার মনে করছে বলে জানান তিনি।

    তিনি প্রশ্ন তোলেন, “তাহলে কি প্রত্যেক বন্দিকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হবে? তাহলে তো হাজার হাজার আবেদন জমা পড়বে।”

    এই আদেশের ফলে এখন অধস্তন আদালতের কাছে এ ধরনের আবেদন নাকচ করার কোনো সুযোগ থাকবে না বলেও জানান তিনি।

    তার মতে, সরকার আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাতে বাধ্য এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে।

    প্রসঙ্গত, মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তরের এবং তার স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ আদালত বলেছে, যে কোনো অভিযুক্তের স্বাস্থ্যসেবার অধিকার একটি মৌলিক অধিকার।

  4. মধ্যপ্রাচ্যে পৌঁছালো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জর্জ ওয়াশিংটন

    যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী জর্জ ওয়াশিংটন বুধবার মধ্যপ্রাচ্যে সেন্টকমের দায়িত্বাধীন এলাকায় এবং ইরানের নিকটবর্তী অঞ্চলে প্রবেশ করেছে।

    সেন্টকম এক্সে জর্জ ওয়াশিংটনের ডেকের একটি ছবি প্রকাশ করে লিখেছে, “জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পূর্বপরিকল্পিত একটি মিশনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনা করছে এবং গতকাল সেন্টকমের দায়িত্বাধীন এলাকায় প্রবেশ করেছে।”

    গত সপ্তাহে খবর প্রকাশিত হয়েছিল যে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ত্যাগ করার পর মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর স্থলাভিষিক্ত হবে।

    জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবহরে যোগ দেওয়ার ফলে, এটি হবে ওই অঞ্চলে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী।

    এর আগে ইউএসএস আব্রাহাম লিংকন-এ অবস্থানরত পাঁচ হাজার নাবিকের মানসিক স্বাস্থ্য এবং রণতরীটিতে খাবারসহ প্রয়োজনীয় সরবরাহের অবস্থা নিয়ে উদ্বেগের খবর প্রকাশিত হয়েছিল। তবে মার্কিন নৌবাহিনী এবং ডোনাল্ড ট্রাম্প এসব জল্পনা-কল্পনা অস্বীকার করেছেন।

  5. কলকাতায় হোটেলে আগুনে নিহত ৯ জনের মধ্যে সাত জনই বাংলাদেশি বলে শনাক্ত

    কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলের অগ্নিকাণ্ডের এক দিন কেটে যাওয়ার পরে শনাক্ত করা হলো আরও দুই জন বাংলাদেশি পর্যটকের মরদেহ।

    তার মধ্যে একটি সাতক্ষীরার বাসিন্দা রেবতী সরকারের এবং অপরটি একই জেলার এস এম আলিমুজ্জামানের বলে চিহ্নিত করা হয়েছে।

    এছাড়াও গতকালই চিহ্নিত করা হয়েছে ঢাকা নিবাসী আহমেদ বাবুর দেহ। কলকাতার বাংলাদেশ হাইকমিশনের তরফ থেকে খবর পেয়ে ছুটে এসেছিলেন আহমেদ বাবুর প্রতিবেশী এম ডি সোহেল।

    তিনি জানালেন মৃত আহমেদ বাবুর পরিবারে রয়েছেন তার এক ছেলে ও এক মেয়ে। ঢাকায় কসমেটিক সামগ্রীর ব্যবসা ছিল তার।

    অন্যদিকে মৃত রেবতী সরকারের ছেলে মানিক সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনিও খবর পেয়ে কলকাতা ছুটে আসার জন্য ট্রেন ধরেছেন।

    ১৯শে অগাস্ট ভোর রাতে ঘটা অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো আতঙ্কের মধ্যে আছেন স্থানীয়রা। এছাড়াও কলকাতায় বিভিন্ন উদ্দেশ্যে আসা বাংলাদেশি পর্যটকদের মধ্যেও উৎকণ্ঠা রয়েছে।

    প্রসঙ্গত, অগ্নিকাণ্ডে মৃত মোট নয় জনের মধ্যে দুই জন ভারতের নাগরিক। আর পাঁচ জনের পরিচয় বুধবারই শনাক্ত করা হয়েছিল, যাদের মধ্যে চারজন একটি পরিবারের সদস্য।

  6. সৌদি আরবের বিমানবন্দর ও তেলের স্থাপনায় হামলার দাবি ইয়েমেনের হুথিদের

    ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট আল-মাসিরাহ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, গোষ্ঠীটি সৌদি আরবের ‘সংবেদনশীল’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

    সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, এসব হামলা চালানো হয়েছে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমের নজরান শহরের বিমানবন্দর এবং আরামকো কোম্পানির স্থাপনাগুলোয়।

    সৌদি আরব এখনো এই খবর নিশ্চিত বা অস্বীকার করেনি।

  7. লেবাননের দক্ষিণে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা

    লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী দেশটির দক্ষিণে ভারী কামান নিয়ে হামলা চালিয়েছে।

    ওয়াদি আল-সালুকি ও আল-হাজির শহরে, পাশাপাশি কাবরাহ, তুলিন এবং হুলা উপত্যকায় এসব হামলা হয়েছে বলে জানানো হয়।

    বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী দেশের দক্ষিণাঞ্চলের আল-মানসৌরি শহরকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে।

  8. রাশিয়ার হামলায় কিয়েভে অন্তত ১৫ জন নিহত

    ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সর্বশেষ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিচকো। এমন এক সময়ে এই হামলা হলো, যখন ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখোমুখি।

    ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, শহরজুড়ে রাতভর হামলা হয়েছে। আবাসিক ভবন ও গুদামঘরগুলো হামলার শিকার হয়েছে। এছাড়া একটি শিশু হাসপাতাল ও একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    কিয়েভে ধ্বংসপ্রাপ্ত একটি অ্যাপার্টমেন্ট ভবনের সামনে বিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র ভিতালি ক্লিচকো বলেন, ইউক্রেনের “গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। আমাদের অংশীদারদের সমর্থন দরকার।”

    এসব সরঞ্জাম সরবরাহের জন্য কিয়েভ পশ্চিমা মিত্রদের ওপর নির্ভরশীল।

    দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “যতদিন ইউক্রেনের কাছে পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা না থাকবে, ততদিন শান্তির বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাববে না রাশিয়া।”

    বৃহস্পতিবার সকালে ইউক্রেনের বিমান বাহিনীর প্রকাশিত এক হালনাগাদ তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, রাতের হামলায় ব্যবহৃত রাশিয়ার কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা যায়নি।

    রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভর করে আসছে। তবে ইরানের সঙ্গে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদের মজুদের বড় একটি অংশ ব্যবহার করেছে।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক স্থাপনা ও গুদামঘরকে লক্ষ্য করে আকাশ, স্থল এবং সমুদ্রভিত্তিক অস্ত্র ব্যবহার করেছে।

  9. বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলের গেজেট প্রকাশ

    বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

    বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেটটি প্রকাশিত হয়।

    এতে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করা হয়।

    এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১ এর বিধি(৬) অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা করা হলো।

    উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বঙ্গভবনে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার।

    নির্বাচনে পর বৃহস্পতিবারই ফলের গেজেট প্রকাশের ঘোষণা দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

  10. রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় জন সংসদ সদস্য

    বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে অংশ নেননি ছয় জন সংসদ সদস্য।

    তাদের মধ্যে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস এবং মোস্তফা কামাল পাশা স্পিকারের কাছে চিঠি দিয়ে অসুস্থতার কারণে ভোটে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন।

    এছাড়া দলটির আরেক সংসদ সদস্য ওসমান ফারুক চিকিৎসার কারণে দেশের বাইরে থাকায় ভোটে অংশ নিতে পারেননি।

    এদিকে, নৈতিক স্খলনজনিত কারণে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দেননি।

    দেশের বাইরে অবস্থান করায় খেলাফত মজলিসের সংসদ সদস্য আবুল হাসান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেননি।

    ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানাও রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে অংশ নেননি।

  11. বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

    একইসঙ্গে এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে দলটি।

    উল্লেখ্য, বিএনপির আগের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

  12. রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন অলি আহমদ

    বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীসহ বিরোধী দলীয় প্রার্থী অলি আহমদ।

    বৃহস্পতিবার বিকেল পাঁচটায় রাষ্ট্রপতি পদের ভোট গণনার ফল ঘোষণার পরে এক সংবাদ সম্মেলন করে মি. আহমদ তাকে অভিনন্দন জানান।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, “জাতির এই সন্ধিক্ষণে রাষ্ট্রপতি হিসেবে আপনার প্রতিটি সিদ্ধান্ত দেশের রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক চর্চা ও জনগণের আস্থার ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।”

    নতুন রাষ্ট্রপতি ব্যক্তি, দল ও গোষ্ঠীগত বিবেচনার ঊর্ধ্বে থেকে দেশ ও নাগরিকদের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেবেন বলে প্রত্যাশা করেন অলি আহমেদ।

    রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি এবং অলি আহমেদ ৮৮টি ভোট পেয়েছেন।

  13. নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট জামায়াত আমিরের

    বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

    নির্বাচনের ফল ঘোষণার পরপরই মি. আলমগীরের একটি ছবিসহ এই পোস্ট দেন তিনি।

    মি. রহমান লিখেছেন, “আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তাঁর সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই।”

  14. যেসব জায়গায় মাঝারি ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

    বাংলাদেশের আট বিভাগে আগামী পাঁচদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

    এর প্রভাবে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেটের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

    এছাড়া, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    পাঁচ দিন ধরেই বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  15. নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ও এমপিরা

    মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি ঘোষণার পরপরই তুমুল করতালি দিয়ে সংসদ সদস্যরা তাকে অভিনন্দন জানান।

    প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে হাত মেলান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    পরে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। এরপরে অন্যান্য এমপিরাও তাকে অভিনন্দন জানান।

    নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ সময় বেশ উৎফুল্ল দেখা যায়।

  16. বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বিএনপির প্রার্থী মি. আলমগীর সর্বোচ্চ ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হলেন। এতোদিন দলটির মহাসচিব পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

    বৃহস্পতিবার বিকেল পাঁচটায় রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। পরে গেজেট প্রকাশ করা হবে বলে এর আগে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

    ভোট গণনা শেষে সিইসি বলেন, "ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা ৩৪৩টি। অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা ছয়টি। বৈধ ব্যালট পেপার ৩৪৩টি। চারটি ব্যালট পেপার রিপ্লেস করা হয়েছে। বৈধ ব্যালট পেপারের মধ্যে অলি আহমেদ পেয়েছেন ৮৮টি ভোট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। "

    পরে সর্বোচ্চ ভোট পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করেন সিইসি।

    জাতীয় সংসদের কক্ষে বেলা দুইটায় ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়, শেষ হয় বিকাল পাঁচটায়।

  17. রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা

    বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোট নেওয়া হয়।

    রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

    রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, ভোট গণনা শেষে কোন প্রার্থী কতটি ভোট পেলেন, কতটি ভোট বাতিল বা নষ্ট হলো, এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

    যিনি বিজয়ী হবেন বা যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, রাষ্ট্রপতি হিসেবে তার নাম ঘোষণা করা হবে। এরপর গেজেট প্রকাশ করা হবে।

  18. ৩৫ বছর আগের নির্বাচনে রাষ্ট্রপতি হয়েছিলেন কে?

    বাংলাদেশে ১৯৯১ সালে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার পর ওই বছর ৮ই অক্টোবর সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

    ওই সময়ে বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বদরুল হায়দার চৌধুরী।

    নির্বাচনে আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুর রহমান বিশ্বাস। বদরুল হায়দার চৌধুরীর পেয়েছিলেন ৯২ ভোট এবং আব্দুর রহমান বিশ্বাস পেয়েছিলেন ১৭২ ভোট।

    নির্বাচনে সংরক্ষিত এমপিসহ ৩৩০ জন ভোটার থাকলেও ভোট দিয়েছিল মাত্র ২৬৪ জন। আর ভোট দেননি ৬৬জন এমপি।

    বাংলাদেশে রাষ্ট্রপতি পদে ওই নির্বাচনের পর গত ৩৫ বছরে আটবার রাষ্ট্রপতি নির্বাচন হলেও একক প্রার্থী থাকায় কোনো ভোট অনুষ্ঠিত হয়নি।

  19. পরবর্তী যুদ্ধে আমরা আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করব: আইআরজিসি

    ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, আবার “যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমাদের অস্ত্র সব দিক থেকেই অতীতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে।”

    তার মতে, “এই পার্থক্য ওয়ারহেডের প্রজন্ম, আঘাতের নিখুঁততা, ক্ষেপণাস্ত্রের পাল্লা কিংবা অন্য যেকোনো ক্ষেত্রে প্রতিফলিত হতে পারে।”

    আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, “সব ধরনের সামরিক অস্ত্রের ক্ষেত্রে আমরা প্রতিদিন অগ্রগতি অর্জন করছি এবং এমন অস্ত্র তৈরি করছি যা আরও নিখুঁত, আরও ধ্বংসাত্মক এবং আরও প্রযুক্তিনির্ভর।”

  20. ‘সামরিক যুদ্ধ কার্যকর না হওয়ায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে’- ইরানে প্রতিক্রিয়া

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পরিকল্পনায় প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।

    বিষয়টিকে আমেরিকার নিজস্ব সংকট থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার একটি চেষ্টা বলে অভিহিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “ব্যর্থ নীতি চালিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া কেবল আরও ব্যর্থতাই বয়ে আনবে এবং ইরানিদের শত্রুতা বাড়াবে। আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি।”

    এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এখন পর্যন্ত “কোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান” শুরু করতে যাচ্ছেন।

    তিনি যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি আহ্বান জানান, “ইরানি হুমকি পরাজিত করতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে”।

    এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, “সামরিক যুদ্ধ কোনো ফল দেয়নি, এখন তারা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক যুদ্ধ।”

    “তারা দাবি করছে ইরান পরাজয়ের দ্বারপ্রান্তে এবং টিকে আছে খুবই দুর্বল অবস্থায়, অথচ একই সময়ে তারা তাদের সব মিত্রের কাছে সাহায্যের জন্য অনুরোধ করছে!”

    তিনি আরও বলেন, “সমস্যা হলো তাদের ভুল হিসাব-নিকাশ, যা ঢাকতে গিয়ে তারা প্রতিবার নিজেদের জন্য আরও বড় ব্যর্থতা তৈরি করতে বাধ্য হচ্ছে।”