ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইলেন অ্যাটর্নি জেনারেল
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের যুক্তি-তর্ক শেষে এই আবেদন করেন মি. কাজল।
পরে এক ব্রিফিং এ তিনি বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা রয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের মদত ছাড়া একজন ব্যক্তি এমন অপরাধী হয়ে উঠতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।
“এই আসামি নিজে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন। অধস্তনদের আদেশ দিয়ে অপরাধ করতে বাধ্য করেছেন। ব্যক্তিগত, যৌথ এবং ঊর্ধ্বতন কমান্ডারের দায়ে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে,” বলেন মি. কাজল।
একইসঙ্গে, মি. আহসানের সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও করেন তিনি।