আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা

ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। অন্যদিকে, বাংলাদেশের উল্লেখযোগ্য খবরের মধ্যে রয়েছে, অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আলোচনায় আসা বিএনপি নেতা ইশরাক হোসেন প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। আজ সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

সরাসরি কভারেজ

রিপোর্ট করছেন তারেকুজ্জামান শিমুল, সম্পাদনায় কাদির কল্লোল

  1. সোমবার দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো:

    • নানা গুঞ্জন, আলোচনা-সমালোচনার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি 'স্বেচ্ছায়' সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন।
    • প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও বিএনপি চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন।
    • ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। এ অবস্থায় সাধারণ মানুষের জানমাল ও সম্পদ রক্ষার স্বার্থে কিছু শহরে মেয়রদেরকে আংশিকভাবে কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু।
    • বাংলাদেশে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, রূপালী এবং জনতা ব্যাংকের তিন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ করেছে সরকার।
    • বাংলাদেশে চলতি বছর ডেঙ্গুজ্বরে মৃত্যুর সংখ্যা সাড়ে তিনশ' ছাড়িয়ে গেছে।
    • হাম ও এর উপসর্গে বাংলাদেশে গত সাত মাসে শিশুমৃত্যুর সংখ্যা ১২০০ ছাড়িয়েছে।
    • অবশেষে দেশে ফিরছেন কম্বোডিয়ার অভিবাসন পুলিশের হাতে আটক ৩০ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে তাদের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর কথা রয়েছে।
    • ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
    • ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
    • ইয়েমেনের দক্ষিণ-মধ্য শাবওয়া প্রদেশের একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত ৫৩ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন ইয়েমেন সরকারের কর্মকর্তারা।
    • যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মধ্যেই সোমবার ইরান সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যুদ্ধ থামানোর প্রচেষ্টার অংশ হিসেবেই তিনি তেহরানে গেছেন বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বিবিসি বাংলার লাইভপাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অন্যান্য খবর পড়তে বিবিসি বাংলার মূলপাতায় ক্লিক করুন।

  2. ফ্রান্সের কুলেইনসে অপ্রাপ্ত বয়স্কদের রাত ১১টার পরে বাইরে থাকায় নিষেধাজ্ঞা

    ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর কুলেইনে অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েদের রাত ১১টার পর বাইরে থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন স্থানীয় মেয়র।

    সোমবার শহরটির মেয়র ক্রিস্টোফ রুলিয়ন সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে লিখেছেন যে, এদিন থেকে শহরের অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের স্থানীয় সময় রাত ১১টার পর আর বাইরে থাকার অনুমতি নেই।

    এর আগে, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানিয়েছিলেন যে, বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের ঘটনার জেরে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

    এ অবস্থায় সাধারণ মানুষের জানমাল ও সম্পদ রক্ষার স্বার্থে কিছু শহরে মেয়রদেরকে আংশিকভাবে কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানান ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু।

  3. সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ

    বাংলাদেশে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, রূপালী এবং জনতা ব্যাংকের তিন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ করেছে সরকার।

    তারা হলেন: সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।

    তারা তিনজনই সাবেক অন্তর্বর্তী সরকারের সময় এমডি পদে নিয়োগ পেয়েছিলেন।

    সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা আলাদা তিনটি চিঠিতে এই সুপারিশ করা হয়েছে। ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

    এর আগে, রাষ্ট্রমালিকানাধীন আরেক ব্যাংক অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছিল।

  4. ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সোমবার ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

    "ধর্মটা হতেই পারে আমার একটি ধর্ম, আপনার একটি ধর্ম। কিন্তু রাষ্ট্রটা আমাদের সকলের...আমরা সকলেই এই দেশের সন্তান, এই দেশের মানুষ, বাংলাদেশি। আমরা প্রত্যেকে মানুষ। এটি হচ্ছে আমাদের সবচেয়ে আগের পরিচয়," বলেন তারেক রহমান।

    "আসুন, আমরা সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি," যোগ করেন প্রধানমন্ত্রী।

  5. ইয়েমেনে হুথিদের হামলায় সরকারি বাহিনীর ৫৩ সদস্য নিহত, আহত দুই শতাধিক

    ইয়েমেনের দক্ষিণ-মধ্য শাবওয়া প্রদেশের একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত ৫৩ জন সদস্য নিহত হয়েছেন।

    এ ঘটনায় আরও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন ইয়েমেন সরকারের কর্মকর্তারা।

    হুথিরা হামলার দায় স্বীকার করেছে।

    এমন একটি সময় ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর ওই প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে হামলা চালানো হলো যার আগে সৌদি আরব ও ইয়েমেনি বাহিনী হুথিদের বিরুদ্ধে যৌথভাবে হামলা শুরু করেছে।

    বার্তা সংস্থা রয়টার্সের হামলার একটি ভিডিও যাচাই করেছে, যেখানে হামলার পর সামরিক ঘাঁটিতে হতাহতদেরকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।

    নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেন সরকারের কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, হামলার সময় ক্যাম্পে প্রশিক্ষণ মহড়া চলছিল। তখন আকস্মিকভাবেই হুথিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হানে।

  6. ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেফতার

    ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    সোমবার সন্ধ্যায় বনানী থেকে গ্রেফতার করা হয়েছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন ডিএমপি গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।

    তবে ঠিক কী অভিযোগে মি. আগারওয়ালাকে গ্রেফতার করা হয়েছে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

    মি. আগারওয়াল বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য।

    জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর তিনি আরও একবার গ্রেফতার হয়েছিলেন।

    সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে ২০২৪ সালের তেসরা সেপ্টেম্বর তাকে গ্রেফতার করেছিল তৎকালীন র‌্যাব, যা বর্তমানে 'এসআরবি' নামে পরিচিত।

    পরে জুলাই গণঅভ্যুত্থানের সময়ের একটি হত্যা মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হয়।

    দু'টি মামলাতেই জামিন পেয়ে ২০২৫ সালের পহেলা অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।

  7. যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মধ্যেই ইরান সফরে গেলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

    ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার জন্য সরকারি সফরে তেহরানে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

    গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর মার্কিন হামলা শুরু হওয়ার পর এটিই তার প্রথম সফর। মি. ল্যাভরভ এমন একটি সময় তেহরানে গেলেন, যার কিছুদিন আগে ইরানের ওপর আবারও হামলা চালানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

    যুদ্ধ থামানোর প্রচেষ্টার অংশ হিসেবেই তিনি তেহরানে গেছেন বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

    সোমবার তেহরানে পৌঁছানোর পর মি. ল্যাভরভ প্রথমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন।

    পরে এক যৌথ সংবাদ সম্মেলনে মি. আরাকচি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের যে কোনো সামরিক সমাধান নেই, এ ব্যাপারে রাশিয়া ও ইরান একমত হয়েছে।

    তেহরান ছাড়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দেখা করার কথা রয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের।

  8. ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা সাড়ে তিনশ' ছাড়াল

    বাংলাদেশে চলতি বছর ডেঙ্গুজ্বরে মৃত্যুর সংখ্যা সাড়ে তিনশ' ছাড়িয়ে গেছে।

    এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু মারা গেছে চারজন। একই সময়ে, নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৫১ জন ডেঙ্গু রোগি।

    সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

    অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগির সংখ্যা এক লাখ ১৪ হাজার ২৫১ জনে দাঁড়িয়েছে।

    তাদের মধ্যে এক লাখ সাত হাজার ৮৬৬ জন ইতোমধ্যেই চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে গেছেন। বাকি প্রায় ছয় হাজার ৩৩ জন রোগি বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

  9. বিএনপি চাইলে মেয়র নির্বাচন করতে শতভাগ প্রস্তুত: ইশরাক হোসেন

    প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও বিএনপি চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন।

    সোমবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

    "এগুলো নিয়ে আমি দীর্ঘদিন যাবত কাজ করে আসছি, তাই আমি বলেছি যে আমি সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। যদি দল আমাকে মনে করে যে, আমার নির্বাচন করা প্রয়োজন দলের স্বার্থে, তাহলে আমি শতভাগ প্রস্তুত রয়েছি।

    দল থেকে অন্য কাউকে মেয়র প্রার্থী করা হলে তাকেও সহযোগিতা করবেন বলে জানান মি. হোসেন।

  10. ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা

    ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।

    এ অবস্থায় সাধারণ মানুষের জানমাল ও সম্পদ রক্ষার স্বার্থে কিছু শহরে মেয়রদেরকে আংশিকভাবে কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু।

    তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করবে এবং 'এই তহবিল সহিংসতার নেপথ্যে থাকা ব্যক্তিদের কাছ থেকেই আসবে'।

    "এমন একটি আইন প্রণয়ন করা হবে, যার মাধ্যমে এটা নিশ্চিত করার উপায় বের করা হবে যে, যারা সম্পদের ক্ষতি করেছে, তাদেরকেই ক্ষতিপূরণ দিতে হবে," বলেন লেকোর্নু।

    দাঙ্গা ও লুটপাটের ফলে যারা কাজ হারিয়েছেন, তাদের জন্য একটি 'আংশিক বেকারত্ব তহবিল' গঠনের ঘোষণাও দিয়েছে ফ্রান্স সরকার।

    জনগণ যাতে দ্রুত সেই তহবিলের সহায়তা পেতে পারে, সেটি নিশ্চিত করতে ফ্রান্স সরকার বীমা সংস্থাগুলোর সাথে কথা বলছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

    চলমান বিক্ষোভ, দাঙ্গা, লুটপাটসহ সামগ্রিকভাবে অস্থিতিশীল পরিস্থিতির জন্য উগ্র-বামপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন সেবাস্তিয়ান লেকোর্নু।

    এর বিরুদ্ধে প্যারিসে সোমবার অভিযান শুরু হচ্ছে বলে জানিয়ে তিনি বলেছেন, অভিযানে দুইশ' কর্মকর্তা অংশ নিবেন, যারা সহিংসতার ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের চিহ্নিত করবেন।

    এদিকে, ফ্রান্সে চলমান বিক্ষোভ ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ কাছে পদত্যাগের ইচ্ছাপোষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।

    কিন্তু প্রেসিডেন্টম্যাক্রঁসেটি প্রত্যাখ্যান করে তাকে স্বপদে বহাল থাকার আহ্বান জানিয়েছেন।

  11. হামে ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ১২০০ ছাড়ালো

    হাম ও এর উপসর্গে বাংলাদেশে গত সাত মাসে শিশুমৃত্যুর সংখ্যা ১২০০ ছাড়িয়েছে।

    সবশেষ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা ১২০১ জনে দাঁড়িয়েছে।

    এর মধ্যে ১০৪ শিশুর মৃত্যু যে হাম আক্রান্ত হওয়ার কারণে হয়েছে, সেটি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বাকি ১০৯৭ শিশু মারা গেছে শরীরে হাম উপসর্গ নিয়ে।

    সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৯৩ জন মারা গেছে ঢাকা বিভাগে।

    এর বাইরে, সিলেট বিভাগ ১৯৩ জন, চট্টগ্রামে ১০১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৪, বরিশালে ৬৫, খুলনায় ৫১ এবং রংপুর বিভাগে ১৭ শিশু হাম ও এর উপসর্গ নিয়ে মারা গেছে।

    এদিকে, গত একদিনে সারা দেশে এক হাজার ৩০৭ শিশু নতুন করে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩৫ শিশুর হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া শিশুর সংখ্যা দুই লাখ ১৪ হাজার ৫৫১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

  12. বন্দিশালা থেকে মুক্তির পর কম্বোডিয়া থেকে মঙ্গলবার দেশে ফিরছেন ৩০ বাংলাদেশি

    অবশেষে দেশে ফিরছেন কম্বোডিয়ার অভিবাসন পুলিশের হাতে আটক ৩০ বাংলাদেশি নাগরিক।

    মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে তাদের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর কথা রয়েছে।

    অভিবাসন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন 'অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন' এক বিবৃতিতে জানিয়েছেন, ওই ৩০ বাংলাদেশি কাজের আশায় বিভিন্ন সময় কম্বোডিয়ায় গিয়েছিলেন।

    কিন্তু সেখানে যাওয়ার পর কিছু চক্র তাদেরকে আটকে রেখে স্ক্যামের মতো বেআইনি কাজ করতে বাধ্য করতো।

    একপর্যায়ে কম্বোডিয়া সরকার তাদেরকে উদ্ধার করে দেশে ফেরার সুযোগ করে দেয়। কিন্তু গত তেসরা সেপ্টেম্বর নমপেন বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানকার ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে বন্দিশালায় পাঠায়।

    ঘটনাটি জানার পর 'অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন' আটক বাংলাদেশিদের মুক্তি নিশ্চিত করে দ্রুত দেশে ফেরানোর দাবি জানায় বাংলাদেশ সরকারের কাছে।

    সেই প্রেক্ষিতেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠানো হয়, যেখানে বন্দি ৩০ বাংলাদেশি নাগরিকের দ্রুত মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

    এরপর থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সহায়তায় আটক বাংলাদেশিরা মুক্তি পেয়েছেন এবং মঙ্গলবার দেশে ফিরে আসছেন বলে বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে।

  13. 'স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি', পদত্যাগের পেছনে যেসব কারণ দেখালেন ইশরাক

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, তিনি স্বেচ্ছায় প্রতিমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    সোমবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন তিনি।

    সংবাদ সম্মেলনে মি. হোসেন বলেন, তিনি মনে করেন অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে ভুল করেননি।

    "যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, আমি যদি কাউকে আঘাতপ্রাপ্ত করে থাকি বাংলাদেশের যে পর্যায়ের মানুষ হোক এই অভিযানের মাধ্যমে, সেটার জন্যে আগেই আমি দুঃখপ্রকাশ করে নিচ্ছি।"

    "কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি কোনো ভুল সেদিন করিনি। আমি কেন এটা বলছি, কারণ আমি কেবল আমার নিরাপত্তার জন্যে আমার হাতে যতটুকু সময় প্রয়োজন রেখেছিলাম, তার পরবর্তীকালে সেটি আর দৃশ্যমান হয় নাই," বলেন ইশরাক হোসেন।

    অভিযান নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন পদত্যাগের ঘোষণা দেওয়া মি. হোসেন।

    তাকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা চলতে থাকায় বিএনপি যেন বিব্রত না হয়, সেজন্য তিনি নিজেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগ করার ইচ্ছাপোষণ করেছেন বলে দাবি করেন মি. হোসেন।

    তবে সরকার ও বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন রোববার। পরদিন আজ তিনি পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।

    প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি।

  14. অবশেষে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

    নানা গুঞ্জন, আলোচনা-সমালোচনার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

    দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

    "আজকের দিন হতে আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে," বলেন মি. হোসেন।

    এখন থেকে মাদকসহ অন্যান্য সামাজিক সমস্যা নিয়ে পুরোদমে কাজ করবেন বলেও সাংবাদিকদের জানান।

    এর আগে, পদত্যাগের ঘোষণা দিতে দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাবে পৌঁছান ইশরাক হোসেন। সে সময় তাকে ঘিরে নেতাকর্মীদের শ্লোগান দিতেও দেখা যায়।

    গত শনিবার অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করার একটি ভিডিও নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন।

    সেই পোস্টটি ছড়িয়ে পড়লে এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার জন্ম দেয়। পরদিন রোববার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন মি. হোসেন।

    প্রধানমন্ত্রী কার্যালয়ের একাধিক সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছেন, তাকে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার নির্দেশ দেওয়ার পর তিনি একটি পদত্যাগপত্রের খসড়াও প্রস্তুত করেছিলেন।

    রাত দশটার দিকে বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও খবর ছড়িয়ে পড়ে যে, ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনেও ইশরাককে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এমন খবর প্রচার করা হয়। এ নিয়ে তোলপাড় তৈরি হলে রাতেই ইশরাক হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন "গণমাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত খবর অসত্য ও বিভ্রান্তিকর"।

    এর কয়েক ঘণ্টা পর সোমবার সকালে আবারও নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে ইশরাক হোসেন দুপুরে আনুষ্ঠানিক পদত্যাগ করার ঘোষণা দেন।

  15. গতকাল রোববারের উল্লেখযোগ্য কিছু ঘটনা

    • সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে ডেকে এনে বৈঠক করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় প্রায় ১৮০০ জন বাংলাদেশি আটকে রয়েছেন বলে দাবি করেছে মানবপাচার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন’। বিশেষ বিমানে করে তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি করেছে সংগঠনটি।
    • ঢাকার আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় ভবন তৈরি করা হবে, যেখানে ২০২৯ সালে অফিস করতে পারবেন কর্মকর্তা-কর্মচারিরা।
    • ফেব্রুয়ারির বদলে আগামী বছর একুশে বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে। সাতই জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলা একাডেমি।
    • হাম ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ১২০০ ছুঁই ছুঁই করছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও অন্তত সাতজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ৩৪৮ জনে দাঁড়িয়েছে।
    • দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেফতার করা হয়েছে।
    • পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ, সাত পাকিস্তানি সেনা নিহতের দাবি করেছে তালেবান সরকারের কর্মকর্তারা।
    • কানাডায় সামরিক ঘাঁটিতে 'ভয়াবহ অগ্নিকাণ্ড', ডজনেরও বেশি হতাহতের শঙ্কা।
    • ধর্ম অবমাননার অভিযোগ তুলে সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার ঘটনায় প্রধান অভিযুক্ত ফজলুল হক আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ।
    • কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টা পার হওয়ার পরেও নিহত ১০ জনের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান পায়নি পুলিশ। বাকি সাতজনের পরিবার যোগাযোগ করায় তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
  16. বিবিসি বাংলার লাইভ