আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

২০১৩ সালের পাঁচ ও ছয়ই মে ঢাকার মতিঝিলে শাপলা চত্বর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. যুক্তরাষ্ট্রের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত

    যুক্তরাষ্ট্রের সিয়াটলের বার্ষিক ফুড ফেস্টিভ্যাল 'বাইট অব সিয়াটল' এ স্থানীয় সময় আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে বন্দুকধারী হামলায় তিনজন নিহত হন। সেই সাথে আহত হয়েছেন অনেক মানুষ।

    এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে, অন্য আরেকজন সন্দেহভাজন পালিয়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ প্রচণ্ড গোলাগুলি শুরু হলে তারা পালানোর এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগে পর পর অনেকগুলো গুলির শব্দ শুনতে পান।

    কয়েকজন পরিস্থিতিটিকে 'সম্পূর্ণ বিশৃঙ্খলা' এবং 'বিপর্যয়কর' বলে বর্ণনা করেছেন।

    সিয়াটলের সহকারী পুলিশ প্রধান টাইরন ডেভিস জানিয়েছেন, বন্দুকধারীর হামলায় দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন, অপরজনকে গুরুতর আহত অবস্থায় হার্বারভিউ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

    সিয়াটলের মেয়র কেটি উইলসন এ হামলাকে 'অবিশ্বাস্য এক ট্রাজেডি' বলে বর্ণনা করে বলেছেন, শহরে বন্দুকধারীর হামলা বহুগুন বেড়ে গেছে। সর্বশেষ কয়েকদিনের মধ্যে তিনটি বড় বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

    সিয়াটলের দমকল বিভাগ নিশ্চিত করেছে যে ঘটনাস্থল থেকে পাঁচ জন আহতের মধ্যে দুই বছরের এক শিশুসহ চার জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    সিয়াটল সেন্টারের আশপাশের এলাকা এড়িয়ে চলার জন্য সর্বসাধারণকে আহ্বান জানিয়েছে পুলিশ।

  2. শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

    ২০১৩ সালের পাঁচ ও ছয়ই মে ঢাকার মতিঝিলে শাপলা চত্বর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের 'গণহত্যার' অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।

    চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, এই মামলায় গণহত্যার দুইটি অভিযোগ আনা হয়েছে। ৬১ জনকে হত্যার অভিযোগে এই গণহত্যার অভিযোগ দুটি আনা হয়েছে।

    কারণ এখানে আইনানুযায়ী নির্দিষ্ট ইসলামী গোষ্ঠীকে লক্ষ্য করে 'গণহত্যা' চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, ২০১৩ সালের পাঁচ ও ছয়ই মে দুইদিনব্যাপী ঢাকার শাপলা চত্বর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জে এই 'গণহত্যার' ঘটনা ঘটে।

    ৬১ জন নিহতের মধ্যে ক্ষতিগ্রস্তদের পরিবারের পক্ষ থেকে ৫৮ জনের তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে জানান চিফ প্রসিকিউটর।

    এই মামলায় শেখ হাসিনা ছাড়াও হাসানুল হক ইনু, মহিউদ্দিন খান আলমগীর, র্যাবের সাবেক মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে।

    মামলাটিতে আট আসামিকে গ্রেফতার দেখানো হবে।

    তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একে এম শহীদুল হক, দীপুমনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপাসহ আটজনকে গ্রেফতার দেখানো হবে।

    আর যারা পলাতক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

  3. রোববার সারা দিন যা যা ঘটেছে

    • পদত্যাগের দু’দিন পর বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজ বাসায় উঠেছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।
    • সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে দেখা করে দেশটির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
    • সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে এটা করতে গিয়ে তিনি যেন অন্যায়ের শিকার না হন, সে বিষয়টিও নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
    • লন্ডনে চিকিৎসারত অবস্থায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন, এমন কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, সংবিধানে রাষ্ট্রপতিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যার ফলে তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি আইনে মামলা করা যায় না।
    • জার্মানির বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দেওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে দেশটির পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির নাম আব্দুল বাল্লুত, যিনি লেবানন বংশোদ্ভূত একজন জার্মান নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
    • যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করায় ইরানের দিক থেকেও আর কোনো পাল্টা হামলা চালানো হচ্ছে না বলে জানিয়েছেন ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।
    • অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে