আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী অলি আহমদ

জামায়াত-এনসিপির ১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে এলডিপির সভাপতি অলি আহমদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আগামী ২০শে অগাস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চোখ রাখুন বিবিসি বাংলা লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রাষ্ট্রপতি নির্বাচনে ইসি থেকে দুইটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

    বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে দুইটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি।

    রোববার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

    এর আগে, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০শে অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    এছাড়া ১৩ই অগাস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ই অগাস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাইকরা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ই অগাস্ট।

    এদিকে, জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোটের পক্ষ থেকে রোববার প্রার্থী ঘোষণা করা হয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে।

    রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা যাচাই বাছাই শেষে আগামী ১৮ই অগাস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

    পরবর্তীতে আগামাী ২০শে অগাস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

    নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয় ইসিকে।

    এই ভোটে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

  2. রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদকে প্রার্থী ঘোষণা করল জামায়াত-এনসিপির জোট

    রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অলি আহমদকে প্রার্থী করার কথা জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

    অলি আহমদ ১১ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পাটি - এলডিপির চেয়ারম্যান।

    রোববার দুপুরে ঢাকায় ১১ দলীয় জোটের নেতারা রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের জন্য আনুষ্ঠানিক বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান জোটের আরেক শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

    তফসিল অনুযায়ী প্রার্থী মনোনয়ন দাখিল করতে হবে আগামী ১৩ই অগাস্টের মধ্যে, আর ভোটগ্রহণ হবে ২০ শে অগাস্ট।

    সাবেক সামরিক কর্মকর্তা অলি আহমদ একজন মুক্তিযোদ্ধা এবং ১৯৯১ সালের বিএনপি সরকারের সাবেক মন্ত্রী।

    দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার পর ২০০৬ সালে অলি আহমদ দল থেকে বেরিয়ে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি নামে নতুন দল গঠন করেন।

    এদিকে, গত ২৪শে জুলাই নিজের মেয়াদের দেড় বছরের মতো সময় বাকি থাকতেই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    এর আগে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিলো, রাষ্ট্রপতি নির্বাচনে তারা প্রার্থী দেবে না।

    সেসময় কারণ হিসেবে বলা হয়েছিলো প্রার্থী দেয়া হলেও জয়ী না হওয়ার সম্ভাবনার কথা। কারণ সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আছে বিএনপির। ফলে তাদের সমর্থনের বাইরে কার্যত: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ নেই।

    আরো পড়তে পারেন:

  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে