রোববার সারাদিন যা যা ঘটেছে:
- কওমি ধারার সাতটি ইসলামি দল বৈঠক করে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় একটি লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
- মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র, কিশোরগঞ্জের জলমহাল দখল সংঘর্ষ এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান টিআইবি।
- আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা ও লুটপাটের ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগের শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
- ঢাকায় নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ তুলেছেন, সেটিকে ‘ঢালাও অভিযোগ’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
- 'ফেসবুকে এসে অভিযোগ করলেও হামলার ঘটনায় থানায় মামলা কেন করেননি?' স্বরাষ্ট্রমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে মি. মুক্তাদির অভিযোগ করেছেন, হামলার ঘটনার পরপরই তিনি ক্যান্টনমেন্ট থানায় যান এবং রোববার ভোর পর্যন্ত সেখানে ছিলেন। তার দাবি, সে সময় তার মামলা নেওয়া হয়নি।
- বাংলাদেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও অন্তত নয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে অকালে প্রাণ হারানো শিশুর সংখ্যা এক হাজার ৯৬-তে দাঁড়িয়েছে।
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্ততপক্ষে দুই হাজার ১৫৮ জন রোগী হাসপাতালে হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত এটাই একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হওয়ার রেকর্ড।
- যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে 'বড় ঘটনা' ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সন্দেহে ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের সমাধান কেবলমাত্র 'আলোচনার মাধ্যমেই সম্ভব' বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
- দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দু'টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সেখানে এলোপাথাড়ি গুলিতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন।
- বিদেশে পাচার করার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশীয় প্রজাতির ১১৬৩টি ‘কড়ি কাইট্টা’ কচ্ছপ উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
- কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে রোববার দুপুরে হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে ফিল্ম ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হচ্ছে।
বিবিসি বাংলার অন্যান্য খবর পড়ার জন্য মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।