ঢাকার তিনটি বাস টার্মিনাল নগরীর বাইরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
বাংলাদেশের রাজধানী ঢাকার যানজট সমস্যা নিরসনে ঢাকার তিনটি বাস টার্মিনাল নগরীর বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রীসহ ঢাকার দুইটি সিটি কর্পোরেশনের প্রশাসকও উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বিবিসি বাংলাকে বলেন, “ঢাকা শহরের মধ্যে থাকা বাস টার্মিনালগুলোতে রাস্তার ওপর বাস দাঁড়িয়ে থাকায় বিভিন্ন সময় যানজট ও ভোগান্তি সৃষ্টি হয়। যে কারণে ঢাকার তিনটি বাস টার্মিনালকে শহরের বাইরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।
তিনি জানান, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনালকে নগরীর বাইরে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে।
সরকারের নেওয়া এই সিদ্ধান্ত কবে বাস্তবায়ন হবে, এমন প্রশ্নের জবাবে মি. মিল্টন জানান, খুব দ্রুতই এই টার্মিনালগুলো সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে। তবে ঠিক কবে নাগাদ তা বাস্তবায়ন হবে- এমন কোন নির্দেশনা দেওয়া হয়নি।