আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর পর এবার বেড়েছে গণপরিবহনের ভাড়াও। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটার বাস ভাড়া বেড়েছে ১৭ পয়সা। মঙ্গলবার দুপুরে সড়ক পরিবহন ও পরিবহন মালিকদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

    বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর পর এবার বেড়েছে গণপরিবহনের ভাড়াও।

    সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটার বাস ভাড়া বেড়েছে ১৭ পয়সা।

    মঙ্গলবার দুপুরে সড়ক পরিবহন ও পরিবহন মালিকদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

    বিকেলে সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম বলেন, “হিসাব অনুযায়ী এক টাকা বাড়লে এক পয়সা বাড়ে। আমি পরিবহন মালিকদের ম্যানেজ করে, কনভিন্স করে, পরিস্থিতিটা বুঝিয়ে ১৭ পয়সা বাড়ানোর একটা সিদ্ধান্ত হয়েছে। ১৭ পয়সা বাড়বে ২০ টাকা বাড়ার ফলে, প্রতি কিলোমিটারে। সেটাই নির্ধারিত হয়েছে”।

    তিনি বলেন, “যে কোন ভাড়াই এক ধরনের চাপ। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তেলের মূল্য বৃদ্ধির ফলে ভাড়া যা বেড়েছে, তা যৌক্তিকের চেয়েও কম রাখতে আমরা সক্ষম হয়েছি”।

    বৈঠকের পরপরই সরকারদলীয় সংসদ সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, “পরিবহন মালিকরা বিআরটিএ’র সাথে বসে এগ্রিমেন্ট করবে। মেট্রোপলিটন কিংবা জেলা সব জায়গাতেই তারা তিন পয়সা কম নেবে। আজই হয়তো প্রজ্ঞাপন হবে”।

    এর আগে সোমবার রাতে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। ২০শে সেপ্টেম্বর রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় এবং পরদিন ২১শে সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়।

    সরকারের ঘোষণা অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা। কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকেই পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের আলোচনা শুরু হয়।

  2. গতকালের খবর:

    • বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।
    • জাতীয় সংসদ ভবনের বিপরীতে অবস্থিত ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মি. ইসলাম এবং তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    • রাশিয়ার রাজধানী মস্কো এলাকায় শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেন তাদের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। এই হামলায় শহরের প্রধান তেল শোধনাগার ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
    • বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডিএনএ সংগ্রহ করা হবে।
    • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জন মারা গেছে। অন্যদিকে, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় চার শিশু মারা গেছে। একইসময়ে, ৮৮ জন হামে আক্রান্ত হয়েছে।
    • নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • কুমিল্লায় নিহত শিশু অপ্রতিমের হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, “অপ্রতিমের যে আইফোনটি ছিল সেটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এ সময় প্রথমে তুহিন পরবর্তীতে ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় উপর্যুপরি আঘাত করে।”
    • বাসে আগুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের সনাক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • ২০২৪ সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং অধ্যাপক জাফর ইকবালসহ আট জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে