আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বাড়ালে নিজেদের স্বার্থ রক্ষার হুঁশিয়ারি চীনের

ইরান এবং তাদের বাণিজ্যিক অংশীদারদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়াতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ঘোষণার জবাবে চীন তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করবে বলে জানিয়েছে। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের 'দ্বৈত নাগরিকত্ব' প্রশ্নে টিআইবি বলেছে, এরকম নিয়োগ সংবিধানসম্মত নয় এবং এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা না করে পদ গ্রহণও প্রশ্নবিদ্ধ।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো:

    • রাজধানীর গুলশান থানার একটি প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশাকে গ্রেফতার করেছে পুলিশ।
    • ইরানে বিক্ষোভকারীদের হত্যার ঘটনাকে একটি “মানবিক সংকট” হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় ফুটপাথে শিশুর দুধ গরম করা নিয়ে এক ফুটপাথবাসী মহিলাকে তীব্র ভর্ৎসনা করেন পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
    • ইরান এবং তাদের বাণিজ্যিক অংশীদারদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়াতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ঘোষণার জবাবে চীন তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করবে বলে জানিয়েছে। কারণ ইরানের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে চীনও রয়েছে।
    • ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক চাপ প্রয়োগের কর্মসূচি নিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আনসারী বলেছেন, এই নিষেধাজ্ঞাগুলো একতরফা এবং কাতার মধ্যস্থতার মাধ্যমে এই সংকট সমাধানের পক্ষপাতী।
    • 'টেকনোক্র‍্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়' এবং এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা না করে পদ গ্রহণও প্রশ্নবিদ্ধ বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।
    • বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের 'দ্বৈত নাগরিকত্ব' প্রশ্নে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাংবিধানিকভাবেই শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
    • জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ এবং সারের সংকট সমাধানসহ ছয় দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।
    • রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কেউ যাতে কারাগারে আটক না থাকে বর্তমান সরকার অবশ্যই সেটি নিশ্চিত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
    • গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচটি শিশু মারা গেছে।
    • সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে সরকারের কোন ধরনের মানসিকতা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
    • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের রেভোল্যুশনারি গার্ড বা আইআরজিসির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সর্বোচ্চ ১০ মিলিয়ন বা এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।
    • প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, বাংলাদেশ সরকার চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে।
    • যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে ৪৭ বছর পর সিরিয়াকে বাদ দিয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

  2. প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার

    রাজধানীর গুলশান থানার একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশাকে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার সন্ধ্যা সাড়ে আটটায় গুলশান-২ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদ।

    পুলিশ কর্মকর্তা মি. আহমেদ বলেন, “কিছুক্ষণ আগে গুলশান দুই থেকে প্রতারণার মামলায় সাজা পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।”

    পুলিশ জানিয়েছে, ২০০৮ সালে ফ্ল্যাট সংক্রান্ত একটি প্রতারণা তাকে গ্রেফতার করা হয়েছে। সেখানে তার নাম বিদিশা হোসেইন বলে উল্লেখ রয়েছে।

  3. ইরান তাদের বেশিরভাগ সামরিক বাহিনীর সদস্যদের বেতন দিতে পারছে না: ট্রাম্প

    ইরানে বিক্ষোভকারীদের হত্যার ঘটনাকে একটি “মানবিক সংকট” হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট লিখেছেন, “দেউলিয়া হয়ে যাওয়া ইরান তাদের সামরিক বাহিনীর একটি বড় অংশের সদস্যদেরকে বেতন দিতে পারছে না, আবার একই সাথে নজিরবিহীন মাত্রায় বিক্ষোভকারীদের হত্যা করছে। এমনকি যখন তারা প্রতিবাদ বা বিক্ষোভ করছে না তখনও।”

    “এটি একটি বিশাল মানবিক সংকট এবং এটি এখনই বন্ধ হতে হবে” লিখেছেন ট্রাম্প।

    ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনার ঘোষণা দিয়েছে।

    সোমবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরো লিখেছিলেন, “ইরান পুরোপুরি ধ্বংস বা পতনের মুখে।”

  4. ‘ফুটপাথে থাকবেন না, থাকার ব্যবস্থা করব’: ‘ভাইরাল’ ফুটপাথবাসী নারীকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় ফুটপাথে শিশুর দুধ গরম করা নিয়ে এক ফুটপাথবাসী মহিলাকে তীব্র ভর্ৎসনা করেন পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

    ঘটনার কয়েকদিন পর আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ দেখা যায় ওই ফুটপাথবাসী মহিলাকে।

    মি. অধিকারী বলেন, “আমি বললাম, আমি কর্পোরেশনকে বলে দেব, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তায় থাকবেন না। ফুটপাথ তো মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। উনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি।”

    বামপন্থী দলগুলি এবং তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “যারা এখন কবিতা, ছড়া লিখেছেন… ৩৪ বছর, তারপর ১৫ বছর মমতার-আপনাদের কেউ এনাদের খোঁজ নেননি।”

  5. রংপুরের পুলিশ কমিশনার পদে রদবদল

    রংপুরে আলোচিত চার খুনের ঘটনার মধ্যে নতুন পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব পেয়েছেন পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশীদ।

    মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মাহবুবুর রহমানকে রংপুরের কমিশনারের দায়িত্ব দেওয়া হয়।

    এর আগে মি. মাবুদকে গত ১২ই অগাস্ট রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছিল। যদিও তিনি তারপরেও কমিশনারের দায়িত্ব পালন করছিলেন।

    গত এপ্রিল মাসের ২২ তারিখে হাইওয়ে পুলিশের ডিআইজি পদ থেকে আব্দুল মাবুদকে রংপুরের কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। সাড়ে তিন মাসের মধ্যে তাকে সেখান থেকে সরিয়ে রংপুর রেঞ্জের ডিআইজি করা হয়।

    রংপুরের নতুন কমিশনার এমন সময়ে দায়িত্ব নিলেন যখন শহরে এক শিক্ষক পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা ঘিরে সারাদেশে আলোচনা চলছে।

  6. ইরানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বাড়ালে নিজেদের স্বার্থ রক্ষার হুঁশিয়ারি চীনের

    ইরান এবং তাদের বাণিজ্যিক অংশীদারদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়াতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ঘোষণার জবাবে চীন তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করবে বলে জানিয়েছে। কারণ ইরানের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে চীনও রয়েছে।

    চীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, চীন এই “অবৈধ একতরফা নিষেধাজ্ঞার” তীব্র বিরোধিতা করছে এবং তাদের অধিকার সুরক্ষায় “সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা” গ্রহণ করবে।

    গত সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট নতুন এই অর্থনৈতিক ব্যবস্থার ঘোষণা দেন।

    তিনি সতর্ক করে বলেছিলেন, ইরানের সাথে আর্থিক অংশীদারিত্ব রাখা যে কোনো দেশকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা হবে।

    ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হলো চীন। যদিও ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের কারণে সম্প্রতি এই বাণিজ্য কিছুটা কমে গিয়েছে।

    চীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান আরো বলেন, “চীন ও ইরানের মধ্যবর্তী পারস্পরিক সহযোগিতা সবসময়ই আন্তর্জাতিক আইনের কাঠামোর ভেতরে থেকে পরিচালিত হয়ে আসছে এবং এতে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা মোটেও উচিত নয়।”

  7. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংকট সমাধানের একমাত্র পথ আলোচনা, নিষেধাজ্ঞা নয়: কাতার

    ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক চাপ প্রয়োগের কর্মসূচি নিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আনসারী বলেছেন, এই নিষেধাজ্ঞাগুলো একতরফা এবং কাতার মধ্যস্থতার মাধ্যমে এই সংকট সমাধানের পক্ষপাতী।

    এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন তিনি।

    মাজিদ আনসারী বলেন, “এই নিষেধাজ্ঞাগুলো একতরফা। এগুলো জাতিসংঘের নিষেধাজ্ঞা নয় কিংবা বহুপাক্ষিক সংস্থাগুলোরও সিদ্ধান্ত নয়। তাই এই প্রশ্নগুলো তাদের করা উচিত যারা এগুলো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

    তিনি আরো বলেন, “আমাদের অগ্রাধিকার সবসময় আলোচনার মাধ্যমে একটি কূটনৈতিক সমাধানের দিকে ছিল। আমরা সব পক্ষকে কাতার, পাকিস্তান এবং অন্যান্য আঞ্চলিক শক্তির মধ্যস্থতায় হওয়া আলোচনায় পূর্ণাঙ্গভাবে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি এটিই এই সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র পথ। আমরা আবারো সব পক্ষকে আলোচনায় বসতে অনুরোধ করছি।”

    আল জাজিরার তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি বন্ধে ইরানের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন অনুসারে নৌ-চলাচলের স্বাধীনতার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন মি. আনসারী।

    একইসঙ্গে তিনি জানান, কোনো পক্ষ থেকে কোনো প্রকার হুমকি আসলে তার জবাব দিতে কাতারের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।

    তবে তিনি জোর দিয়ে বলেন, “কাতারি সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা, পণ্য রপ্তানি পুনরায় শুরু করা, বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সাপ্লাই চেইন সুরক্ষিত রাখা।”

    পাকিস্তানের পাশাপাশি কাতারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যের সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

    যদিও ইরান কাতারের গ্যাস স্থাপনায় আঘাত হেনেছে এবং সেখানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল-উদেইদে বারবার বোমা হামলা চালিয়েছে।

    অন্যদিকে, ইরান দাবি করছে, যুদ্ধের প্রথদিকে কাতার গুলি করে তাদের দুইটি বিমান ভূপাতিত করে সেগুলোর তিনজন পাইলটকে বন্দি করে রেখেছে এবং তাদের সাথে যোগাযোগ করার সুযোগ দাবি করেছে দেশটি।

  8. দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন 'শুট দ্য মেসেঞ্জার' প্রবণতার দৃষ্টান্ত: টিআইবি

    'টেকনোক্র‍্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী' পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয় এবং এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা না করে পদ গ্রহণও প্রশ্নবিদ্ধ বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।

    একইসঙ্গে 'দ্বৈত নাগরিকত্বের' প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন “শুট দ্য মেসেঞ্জার” প্রবণতার দৃষ্টান্ত এবং মুক্ত গণমাধ্যম ও জনগণের তথ্য জানার অধিকারের প্রতি হুমকি উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি।

    মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এমন উদ্বেগ জানিয়েছে।

    তবে, মঙ্গলবারই আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, সাংবিধানিকভাবেই শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব রয়েছে, এমনকি সংশ্লিষ্ট দেশের সক্রিয় রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে প্রকাশিত হয়েছে বিষয়টি উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, “টেকনোক্র‍্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ অসাংবিধানিক। সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য নন-এমন ব্যক্তিকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের ক্ষেত্রে তাকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে।”

    “অন্যদিকে, ৬৬(২)(গ) অনুচ্ছেদ অনুযায়ী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জনকারী বা সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকারকারী ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য। একইসঙ্গে ৬৬(২ক) অনুচ্ছেদে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে বিদেশি নাগরিকত্ব ত্যাগের বিষয়টিও সুস্পষ্ট। ফলে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকা অবস্থায় টেকনোক্র‍্যাট কোটায় তার নিয়োগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে নিজের অবস্থান প্রকাশ না করে প্রতিমন্ত্রীর পদ গ্রহণের মাধ্যমে তিনি নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছেন” বলেন মি. ইফতেখারুজ্জামান।

    একইসঙ্গে, সাংবাদিকদের প্রশ্নে তিনি যেভাবে পাল্টা প্রশ্ন করেছেন সেটি “পতিত কর্তৃত্ববাদী আমলের “শুট দ্য মেসেঞ্জার” চর্চারই প্রতিফলন” বলেও উল্লেখ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক।

    “সংবাদটি কে করেছে বা কে প্রশ্ন তুলেছে, তা এখানে মূল বিষয় নয়। মূল প্রশ্ন হলো, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সময় তার বিদেশি নাগরিকত্ব বহাল ছিল কি না। এমন একটি সুস্পষ্ট সাংবিধানিক ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া তার দায়িত্ব” বলেন ড. ইফতেখারুজ্জামান।

    স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগকে কেন্দ্র করে চলমান বিতর্কের মূল বিষয় দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে নিজের অবস্থান সুস্পষ্ট করারও আহ্বান জানিয়েছে টিআইবি।

    এছাড়া সরকারের অন্য কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সমমর্যাদার দায়িত্বশীল ব্যক্তির দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন থাকলে, স্বচ্ছতা ও সাংবিধানিক জবাবদিহির স্বার্থে তাদের ক্ষেত্রেও একইভাবে অবস্থান ও তথ্য জনসমক্ষে প্রকাশ করার আহ্বান জানিয়েছে টিআইবি।

  9. সাংবিধানিকভাবেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শপথ নিয়েছেন: আইনমন্ত্রী

    বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাংবিধানিকভাবেই শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

    মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন আইনমন্ত্রী।

    তিনি বলেন, “প্রথম কথা হলো আইনে যেটা আছে সেটা আছে, দ্বিতীয় হলো এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন। এখানে ব্যত্যয়ের কোন কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবেই করেছি। এটাকে বলে ডিবি ক্লজ। যখন শপথ নেয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবেই দিয়েছি।”

    সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সাংবাদিকরা তার ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করেছিলেন।

    তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, এমন এক প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পাল্টা প্রশ্ন করেছিলেন, এ নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা?

  10. জুলাই গণহত্যার বিচারসহ ছয় দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি ঘোষণা

    জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ এবং সারের সংকট সমাধানসহ ছয় দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।

    মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    মি. পরওয়ার জানান, পাঁচই সেপ্টেম্বর সকাল সাতটায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। চট্টগ্রামের লালদিঘী ময়দানে গিয়ে এই লংমার্চ শেষ করবে ১১ দলীয় ঐক্য।

    একইসঙ্গে, পর্যায়ক্রমে সকল বিভাগীয় শহরে এই কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।

    জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, ছয়টা দাবি আমাদের প্রধান দাবি হিসেবে লংমার্চের কর্মসূচিতে উল্লেখ করেছি। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানের গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো আমরা শাপলা চত্বর থেকে।”

    একইসঙ্গে, লংমার্চের সময়ে সাধারণ মানুষের চলাচলে যাতে কম বিঘ্ন ঘটে, সে বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মি. পরওয়ার।

    “মহাসড়কের একটি অংশ দিয়ে লংমার্চের বহর চলাচলের পরিকল্পনা রয়েছে, যাতে অন্য অংশ দিয়ে সাধারণ যানবাহন চলাচল অব্যাহত রাখা যায়। তবে এত বড় কর্মসূচির কারণে কোথাও সাময়িক ভোগান্তি সৃষ্টি হতে পারে। তাই আমরা দেশবাসীর নিকট অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি” বলেন মি. পরওয়ার।

  11. রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কেউ যাতে কারাগারে আটক না থাকে সরকার অবশ্যই সেটি নিশ্চিত করবে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কেউ যাতে কারাগারে আটক না থাকে বর্তমান সরকার অবশ্যই সেটি নিশ্চিত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

    মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমাদের সরকারের স্ট্যান্ড হচ্ছে যে, আমরা মানবাধিকার রক্ষায় আমরা সচেষ্ট আছি। আমরা দায়বদ্ধ জনগণের কাছে। বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক যেই দলই হোক, অন্যায়ভাবে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যাতে অন্যায়ভাবে জেলে না থাকে আটক না থাকে সেটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে।”

    বাংলাদেশে অনির্দিষ্টকাল ধরে রাজনৈতিক প্রতিপক্ষের ব্যক্তিরা বিনা বিচারে কারাগারে আটক রয়েছে হিউম্যান রাইটস এমন উদ্বেগ প্রকাশ করে সোমবার বিবৃতি দিয়েছিল।

    মঙ্গলবার সেই বিষয়টি উল্লেখ করে মানবাধিকার নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “গত ১৭ বছরে যে ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বাংলাদেশে, দেশের ইতিহাসে এ ধরনের মানবতা কখনো লঙ্ঘিত হয়নি।”

    “সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার নেতা-কর্মীরা। সুতরাং আমরা কখনোই চাইবো না যে, বর্তমানে বা ভবিষ্যতে গত ফ্যাসিস্ট আমলটা ফেরত আসুক। আমরা চাই প্রত্যেকটি মানুষের মিনিমাম মানবাধিকার যেন নিশ্চিত হয়” বলেন মিজ ওবায়েদ।

    জুলাই গণঅভ্যুত্থানের পরে হওয়া মামলাগুলো রিভিউ করার কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরে অনেক মামলা হয়েছে, যেসব মামলাগুলা লিগ্যাল যেগুলো হওয়া উচিত ছিল, খুনীদের নামে মামলা হয়েছে, যারা গুম খুনের অর্ডার দিয়েছে তাদের নামে মামলা হয়েছে।”

    “আবার অনেকে অতি উৎসাহী হয়েও কিছু মামলা করেছে। সেই মামলাগুলোও কিন্তু আইন মন্ত্রণালয় বলেছে যে, তারা রিভিউ করবে। মামলাগুলো রিভিউ করে তারা যদি সত্যতা না পায়, কোন বেসিস না থাকে সেই মামলাগুলো রিভিউ করে তারা ব্যবস্থা নেবে এটা কিন্তু আইন মন্ত্রণালয় থেকে পরিষ্কার করে বলেছে” বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

  12. হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচটি শিশু মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮৬টি শিশু।

    মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছে চার শিশু। বাকি একজন সিলেট বিভাগে মারা গেছে।

    গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৪৪টি শিশু মারা গেছে। আর একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৯টি শিশু।

  13. সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধে সরকারের কোন মানসিকতা নেই: তথ্যমন্ত্রী

    সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে সরকারের কোন ধরনের মানসিকতা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

    মঙ্গলবার সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি বিষয়ে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

    ব্রাক্ষণবাড়িয়াতে কনসার্ট বন্ধ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, “আমরা প্রথম থেকে দেখছি আজকে থেকে না, ৪০ বা ৫০ বছর ধরে দেখে আসছি যে, কালচারাল বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে একটা গোষ্ঠী সব সময়ই এরকম করে। এটা বাংলাদেশে অনেক সময়ই হয়ে আসছে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আমরা জানি ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের পাশে কীভাবে থাকতে হয়। কিছু কিছু মানুষ ওভার রিঅ্যাক্ট করে।”

    পুলিশ কনসার্টের পারমিশন বাতিল করেছে মানে সরকার সহযোগিতা করেনি এমন প্রশ্নে মি. পার্থ বলেন, " নট নেসেসারিলি, কনসার্ট বাতিল হওয়া মানেই যে সরকার সহযোগিতা করেনি। মেবি সেখানে সিকিউরিটি ইস্যু ছিল আরো অনেক কিছু ছিল সেটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে জানতে পারব। মাঝে মাঝে কনসার্ট অন্যান্য ডিফারেন্ট কারণেও বাতিল করা হয়, নট নেসেসারি কারো অবজেকশনের কারণে।”

    “আমাদের সরকারের তরফ থেকে এই ধরনের কোন মানসিকতা নেই যে কালচারাল কোন ব্যাপারে বাধা বা বিঘ্ন এইরকম” বলেন তথ্যমন্ত্রী মি. পার্থ।

    গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এক প্রশ্নে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, “গণতন্ত্র বিশ্বাস করাটা আসলে মানসিকতার ব্যাপার, এটা সিস্টেমের ব্যাপার না। ১৭ বছর দেখেছি সমালোচনা নেয়ার মানসিকতা ছিল না।”

    “আমরা কাউকে নিয়ন্ত্রণ করবো না, আমরা কারো মুখ বন্ধ করে দেব না। আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা অংশ” বলেন তথ্যমন্ত্রী।

  14. আইআরজিসি কমান্ডারদের কয়েকজনের বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের রেভোল্যুশনারি গার্ড বা আইআরজিসির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সর্বোচ্চ ১০ মিলিয়ন বা এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ অ্যাকাউন্ট এক্স-নেটে দেওয়া এক বার্তায় লিখেছে, “এই ব্যক্তিরা বিপ্লবী গার্ডের এমন সব ইউনিটের নেতৃত্ব দেন, যারা সশস্ত্র হামলার মাধ্যমে মার্কিন কর্মীদের লক্ষ্যবস্তু করেছে এবং ধ্বংসাত্মক সাইবার অভিযানের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আঘাত হেনেছে।”

    এই তালিকায় রয়েছেন বিপ্লবী গার্ডের কমান্ডার আহমদ ভাহিদি, খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি এবং গার্ডের সাইবার বিভাগের কমান্ডার হামিদরেজা লাশগারিয়ান।

    তালিকায় আরও রয়েছে আইআরজিসির সাবেক মহাকাশবাহিনী কমান্ডার সাঈদ আগাজানির নাম এবং আইআরজিসির গোয়েন্দা বিভাগের কমান্ডার মাজিদ খাদেমির নাম। সাম্প্রতিক যুদ্ধে তারা দুজনই নিহত হন।

  15. চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, বাংলাদেশ সরকার চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে।

    মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।

    চিনের তৈরি জে-১০সিই ফাইটার বিমান বাংলাদেশ কিনতে পারে এমন আলোচনার কথা উল্লেখ করে মি. রহমান এ কথা জানান।

    তিনি বলেন, “সাম্প্রতিক একটা রিয়েল এক্সপেরিয়েন্স আছে কমব্যাট সিচুয়েশনে। ভারত-পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল, সেটা করেছিল চাইনিজ জে-১০। এই তথ্য এখন প্রতিষ্ঠিত। সুতরাং চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার, এখন রাফালকে বলা হয় ৪.৫ জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা। তার সাথে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। সো, বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি।”

    তিনি জানান, ইউরোপীয়ান যুদ্ধবিমানের তুলনায় চীনের তৈরি যুদ্ধবিমানের দাম তুলনামূলকভাবে অনেক কম।

    “একটা কথা বলে রাখা ভালো, সিমিলার কোয়ালিটির রাফাল বলি বা ইউরো ফাইটার টাইফুন বলি, ইউরোপীয়ান ভ্যারিয়েন্টের তার তুলনায় চাইনিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম,” বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

    তিনি আশা প্রকাশ করে বলেন, “আশা করি আমাদের সরকার জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য সব রকমের পদক্ষেপ নেবে।”

  16. যুক্তরাষ্ট্র ৪৭ বছর পর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের তালিকা থেকে বাদ দিল সিরিয়াকে

    যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে ৪৭ বছর পর সিরিয়াকে বাদ দিয়েছে। বিদেশি বিনিয়োগের পথে থাকা বাধা দূর করা এবং দেশটিকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে পুনরায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দেওয়ার পর বর্তমানে ওই তালিকায় রয়েছে মাত্র তিনটি দেশ– ইরান, উত্তর কোরিয়া ও কিউবা।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, গত জুলাইয়ে প্রথম প্রস্তাবিত এবং সোমবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত সিরিয়ার জন্য “সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার সুযোগ” তৈরি করবে।

    মার্কিন অর্থমন্ত্রী স্কট বেস্যান্টও বলেন, “আজকের এই পদক্ষেপ সিরিয়ায় আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করবে, যা রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করবে।”

    আল-কায়েদার একটি সহযোগী সংগঠনের নেতৃত্ব দেওয়ার কারণে একসময় যার মাথার জন্য যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করেছিল, সেই সাবেক যোদ্ধা ও বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকেও এর আগে স্বাগত জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

    গত বছর যুক্তরাষ্ট্র আহমেদ আল-শারার নেতৃত্বাধীন ইসলামপন্থি গোষ্ঠী তাহরির আল-শামকে তাদের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরিয়ে দেয়।

    ২০২৪ সালের শেষ দিকে সরকারবিরোধী বাহিনীর অভিযানের নেতৃত্ব দেয় তাহরির আল-শাম ফ্রন্ট। সেই অভিযানের ফলেই সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন।

  17. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়ার প্রস্তাব রেখে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে বাংলাদেশের মন্ত্রিসভা।
    • ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, এমন এক প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পাল্টা প্রশ্ন করেছেন, "এ নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা?"
    • কানাডা থেকে আমদানি করা গাড়ি, ট্রাক ও গাড়ির যন্ত্রাংশের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • এনইইটি বা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি।
    • বাগেরহাটের মোংলার নিখোঁজ মিরাজ শেখকে আটক, হেফাজতে নেওয়া বা গুম করার অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর আগে সোমবার ভুক্তভোগীর পরিবার একটি সংবাদ সম্মেলন করে। সেখানে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দাবি করে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনাই প্রথম গুমের ঘটনা।
    • বাংলাদেশের চলচ্চিত্রে নব্বই'র দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা অভিনেতা আশরাফুল হক ডনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি।
    • ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ই মার্চ থেকে পরীক্ষা শুরু হবে।
    • ফেনীতে নূসরাত জাহান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ১৬ আসামির মধ্যে ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বাকিদের মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আর চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
    • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে অ্যান্ডি বার্নহ্যাম একটি চুক্তির ঘোষণা দেবেন, যার আওতায় ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করে ইউক্রেন নিজের দেশেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে।
  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে