আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, সেটা নির্ধারিত হবে আদালতে: তথ্য উপদেষ্টা

এখন কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কিনা, সেটা বিচারের পর দল হিসাবে নিষিদ্ধ হবে কিনা, সেটা আদালতে নির্ধারিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। দিনের প্রধান খবরগুলো জানতে নজর রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়....

সরাসরি কভারেজ

  1. ধানমণ্ডিতে সাংবাদিকদের 'আওয়ামী লীগের দোসর' আখ্যা দিয়ে জামায়াত কর্মীদের মারধরের অভিযোগ

    ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে একটি বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেওয়া নিয়ে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীর সাথে বাকবিতণ্ডা ও মারধরের অভিযোগ উঠেছে।

    বাংলাদেশের একটি সংবাদপত্র দৈনিক সকালের মাহফুজুর রহমান শিশির নামে একজন সাংবাদিককে এ সময় মারধরের অভিযোগ উঠেছে।

    এদিকে, এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

    মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতা-কর্মীরা আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করে।

    বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই সংক্রান্ত ভিডিও প্রকাশিত হয়েছে।

    এসব ভিডিওতে দেখা যায়, একজন সাংবাদিককে রাস্তায় ফেলে মারধর করছেন মিছিলে অংশ নেওয়া জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

    এ সময় অন্য সাংবাদিকদের ওপরও হামলা করতে উদ্যত হলে তারা হাতে থাকা ক্যামেরা ও ট্রাইপড উপরে উঠিয়ে নিজেদের ‘আমরা সাংবাদিকতো’ বলে পরিচয় দিচ্ছেন বলে ভিডিওতে দেখা যায়।

    কিন্তু জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা আবারো তাদের মারতে উদ্যত হলে বারবার নিজেদের সাংবাদিক পরিচয় দিতে দেখা যায় সাংবাদিকদের।

    এই ঘটনার পর সেখানকার পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    উল্লেখ্য, মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল ধানমণ্ডির প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে।

    এদিকে, এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

    জামায়াতে ইসলামীর ফেসবুক পেইজে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “এই ঘটনার পেছনে প্রকৃতপক্ষে কারা জড়িত এবং কীভাবে এই ভুল বোঝাবুঝির সূত্রপাত হলো, তা খতিয়ে দেখতে দলের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ পর্যালোচনা করা হবে। যদি আমাদের কোনো স্তরের কর্মীর সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  2. আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে:তথ্য উপদেষ্টা

    আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

    মঙ্গলবার দুপুরে এক ব্রিফিং এ মি. রহমান এ কথা জানান।

    স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতারা অংশগ্রহণ করতে পারবে কি না এমন এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কোন দলই পার্টিসিপেট করে না।

    তথ্য উপদেষ্টা বলেন, “বিএনপিও পার্টিসিপেট করে না, জামায়াতও করে না, আওয়ামী লীগও করবে না। হ্যাঁ বিএনপির একজন নেতা করতে পারেন, কিন্তু তিনি ওখানে নির্দলীয় হিসেবে যাবেন।”

    মি. রহমান বলেন, “যেহেতু আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পূর্ণ নির্দলীয় বা দলীয় প্রতীক ছাড়া হবে, তাই সেখানে আইনি কোনো বাধা নেই।”

    “অতীতে কেউ আওয়ামী লীগ করলেও, তিনি যদি কোনো অপরাধের সাথে জড়িত না থাকেন বা তার বিরুদ্ধে মামলা না থাকে, তবে তিনি ব্যক্তি হিসেবে অংশ নিতে পারবেন। কিন্তু কোনো দলীয় ব্যানার, স্লোগান বা দলীয় কর্মসূচি সামনে আনা যাবে না। অপরাধী হলে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে” বলেন তথ্য উপদেষ্টা মি. রহমান।

  3. কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ঢাকায় ১৮ নেতা-কর্মী গ্রেফতার

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    ডিএমপি জানিয়েছে, রাজধানীর ১২টি থানায় অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মোট ১৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

    এর মধ্যে, রমনা থানা থেকে দুই জন, শাহবাগে একজন, ধানমন্ডি থেকে দুই জন, হাজারীবাগ দুইজন, বংশালে একজন, সূত্রাপুর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।

    এছাড়াও পল্টন থেকে একজন, তেজগাঁও থানা থেকে দুই জন, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে একজন, মিরপুর থেকে তিনজন, পল্লবী থেকে একজন এবং কাফরুল থানা থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

    একইসঙ্গে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন থাকার কথাও জানানো হয়েছে।

    এর আগে, সোমবার থেকেই দলটির প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

  4. দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, সেটা নির্ধারিত হবে আদালতে: তথ্য উপদেষ্টা

    আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ থাকলেও দলটি মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই বিচারের পর রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, সেটি নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

    মঙ্গলবার দুপুরে এক ব্রিফিং এ এই কথা বলেন তিনি।

    মি. রহমান বলেন, “রাজনৈতিক দলগুলো আমি মনে করি তারা একটা সিম্বোলিক কারণে আছে। কারণ হচ্ছে, একটা নিষিদ্ধ ঘোষিত দল, নিষিদ্ধ ঘোষিত আসলে কথাটা ঠিক না।”

    “আমরা টেকনিক্যালি যদি বলি, নাম যদি এভাবে বলি আওয়ামী লীগ দলটা, নিষিদ্ধ হবে কি হবে না এই জিনিসটা একটু ক্লিয়ার করে রাখা দরকার, সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে” বলেন মি. রহমান।

    আর এখন দলটির কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

    “যেটা হয়েছে, ওই পর্যন্ত যেহেতু তারা বিচারাধীন থাকবে, সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, সন্ত্রাস দমন আইন ২০০৯ এর অধীনে। সো তাদের কর্মসূচি হচ্ছে নিষিদ্ধ। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায় তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। সো সরকার সেখানে ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক এবং রাজনৈতিক দলগুলোর এখানে আসলে করার কিছু নেই,” বলেন তথ্য উপদেষ্টা।

    আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে তিনি মনে করেন, কোনো কিছু করার নৈতিক সাহস নেই আওয়ামী লীগের।

  5. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে চার দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত।
    • ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সেই সাথে লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকেও তিনি পদত্যাগ করছেন। লন্ডনে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তিনি এই ঘোষণা দেন।
    • কিয়ের স্টারমারের পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যান্ডি বার্নহ্যাম নিশ্চিত করেছেন যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
    • বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নাশকতার আশঙ্কায় ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সোমবার থেকেই সেনা মোতায়েন করা হয়েছে।
    • জাতীয় সংসদের বাজেট প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর মিছিল ও প্রতিবাদকে একজন নারী সংসদ সদস্য ‘মবোক্রেসি’ বলায় অধিবেশনে বিতর্ক সৃষ্টি হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি কোনো অশ্লীল শব্দ নয়।
    • সিলেটের শাহজালাল মাজারে দান বাক্সে জমা পড়া টাকা প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে।
    • চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্তের আঁধারমানিক এলাকা থেকে পুটন মোল্ল নামের একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
    • পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রথম বাজেট পেশ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার।
    • বিয়ের অনুষ্ঠানে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করলে দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন।
    • আগামী তিন মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
    • দেশে গুম, খুন ও গণহত্যার বিচার দ্রুত করা, বিরোধী দলের ওপর নির্যাতন বন্ধ এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ, সমাবেশের দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।
  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে