পত্রিকা: 'ডিএনএ রিপোর্টে ধর্ষণের প্রমাণ, চার্জশিট প্রস্তুত'

মানবজমিন পত্রিকার শীর্ষ খবর- ডিএনএ রিপোর্টে ধর্ষণের প্রমাণ, চার্জশিট প্রস্তুত
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। সিআইডি'র পক্ষ থেকে সেই ডিএনএ টেস্টের রিপোর্ট শনিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তার হাতে তুলে দেয়া হয়।
ডিএনএ টেস্টের তথ্য অনুযায়ী, হত্যার আগে রামিসাকে ধর্ষণের আলামত মিলেছে। একইসঙ্গে মামলাটির চূড়ান্ত তদন্তকাজও সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে লোমহর্ষক এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।
মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার এসআই মো. অহিদুজ্জামান মানবজমিনকে বলেন, ঘটনার পর থেকেই আমাদের একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ শুরু করে। এই কয়েকদিন দিনে-রাতে কাজ করেছি আমরা। প্রথমে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত করা হয়। এরপর সিআইডি'র সহায়তায় ডিএনএ টেস্ট সম্পন্ন করা হয়।


বণিক বার্তা পত্রিকার খবর- ঈদযাত্রার চাপ বাড়তেই একদিনে দেশের সড়কে প্রাণ হারাল ২১ জন
কুষ্টিয়ার খোকসায় বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বাসটি একটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যশোর, দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, জয়পুরহাট, ফরিদপুর, খাগড়াছড়ি, মানিকগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও বহু মানুষের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত যানবাহনের সংঘর্ষ বা চাপায় প্রাণহানি ঘটে।
কিছু ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়, আবার কেউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অনেক স্থানে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কিছু যানবাহন জব্দ করা হলেও বেশ কিছু ক্ষেত্রে চালক পালিয়ে গেছে।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
প্রথম আলোর শীর্ষ খবর- হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল
হামের উপসর্গ নিয়ে বা নিশ্চিত হামের তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে কোন বয়সের, কোন আর্থসামাজিক শ্রেণির মানুষ তারা, হামে আক্রান্ত হওয়ার কত দিন পর তাদের মৃত্যু হচ্ছে, মৃত্যুর আগে তাদের কোন ধরনের চিকিৎসা হয়েছিল—তার কোনো তথ্য প্রকাশ করছে না।
হামের বর্তমান পরিস্থিতিতে মানুষের করণীয় বিষয়ে সরকারের পক্ষে কোনো প্রচার–প্রচারণাও নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় হামের রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে বলে দাবি করছে। যদিও হামে মৃত্যু কমছে না। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, কিছু ব্যবস্থা নিলে মৃত্যু কমানো সম্ভব হতো।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, 'আমরা শুনেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালে কয়েকটি ভেন্টিলেটর দেওয়া নিয়ে বেশ প্রচারে নেমেছে। মৃত্যু কমাতে হলে হাসপাতালে রোগীর চাপ কমাতে হবে। শুধু ভেন্টিলেটর শিশুদের বাঁচাতে পারবে না।'
তিন দিন আগে সংবাদ সম্মেলন করে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছিলেন, হামে আক্রান্তদের পাঁচজনের মধ্যে চারজনের বয়স পাঁচ বছরের নিচে। অন্যদিকে দুই সপ্তাহ আগে ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক প্রধান শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক আবিদ হোসেন মোল্লা প্রথম আলোকে বলেছিলেন, হামে আক্রান্ত শিশুদের ৮–১০ শতাংশের ডায়রিয়া দেখা দেয়, কান পাকে ২০ শতাংশ শিশুর আর নিউমোনিয়া দেখা দেয় ৫ শতাংশের। এই নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরাই বেশি মারা যাচ্ছে।

টাইমস অফ বাংলাদেশের খবর- Bandits reclaim Sundarbans অর্থাৎ সুন্দরবনে আবারও দস্যুতা, আতঙ্কে জেলে ও বনজীবীরা
আট বছর আগে দস্যুমুক্ত ঘোষণা করা সুন্দরবনে আবারও সশস্ত্র ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে বলে জানিয়েছে একটি প্রতিবেদন। অপহরণ, মুক্তিপণ দাবি, চাঁদাবাজি ও বনজীবীদের ওপর নির্যাতনের ঘটনায় উপকূলীয় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
জেলে ও বনজীবীরা বলছেন, কয়েক বছর শান্ত থাকার পর পরিস্থিতি আবার খারাপ হয়েছে। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে র্যাবের অভিযানে বহু ডাকাত দল আত্মসমর্পণ করলেও পরে ২০১৮ সালে সুন্দরবনকে আনুষ্ঠানিকভাবে দস্যুমুক্ত ঘোষণা করা হয়েছিল।
তবে ২০২৪ সালের পর পুনর্বাসন কার্যক্রমে ধীরগতি দেখা দেয় এবং কিছু সাবেক অপরাধী আবারও অপরাধে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, ডাকাতির ভয়ে জেলেদের মাছ ধরার অনুমতিপত্র কমে গেছে এবং অনেকেই জীবিকার ঝুঁকিতে পড়েছেন। রাতে টহলও সীমিত করা হচ্ছে কারণ সশস্ত্র হামলার আশঙ্কা রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, অভিযান চলমান রয়েছে এবং সম্প্রতি কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

যুগান্তর পত্রিকার খবর- ভয়ংকর অপরাধের পেছনে মাদকাসক্তি
দেশে মাদকের বিস্তারের সঙ্গে ছিনতাই, কিশোর গ্যাং, খুন ও ধর্ষণের মতো অপরাধও বাড়ছে বলে জানিয়েছে যুগান্তর। পল্লবীর স্কুলছাত্রী রামিসা হত্যার ঘটনাসহ আলোচিত অনেক অপরাধের পেছনে অভিযুক্তদের মাদকাসক্তির বিষয়টি উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, মাদকে আসক্ত হয়ে অনেকেই নিয়ন্ত্রণ হারিয়ে সহিংস হয়ে পড়ছে। এতে পরিবার ও সমাজে ভয়াবহ প্রভাব পড়ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সরকারের সময় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হলেও বাস্তবে রাজনৈতিক প্রভাব ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু দুর্নীতিগ্রস্ত সদস্যের কারণে মাদক ব্যবসা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। সীমান্ত এলাকা থেকে শহর পর্যন্ত মাদকের বিস্তার এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ বলেন, পারিবারিক বন্ধন দুর্বল হওয়া, সামাজিক নিয়ন্ত্রণ কমে যাওয়া এবং তরুণদের অনিয়ন্ত্রিত অনলাইন কনটেন্টে আসক্তিও এ পরিস্থিতির অন্যতম কারণ।

আজকের পত্রিকার প্রথম পাতার খবর - তিন দিনে ধর্ষণ অভিযোগে চারজনকে গণপিটুনি
নারায়ণগঞ্জ ও পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে দুইজনকে এবং এর আগে চট্টগ্রামে আরও দুইজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এভাবে তিন দিনে মোট চারজন গণপিটুনির শিকার হয়েছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়। পরে স্থানীয়রা একজনকে ধরে পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে পাঠানো হয়। তার সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
একই ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করেছে এবং শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়ায়ও ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার সংবাদ- বন্ধ কারখানা চালুতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা
বন্ধ শিল্প-কারখানা চালু, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিকে গতিশীল করতে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এর মাধ্যমে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে, বিভিন্ন শিল্পখাত চাপে পড়েছে এবং ব্যাংক খাতে খেলাপি ঋণ ও আস্থার সংকট বেড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘোষিত প্যাকেজের মধ্যে ৪১ হাজার কোটি টাকা পুনরর্থায়ন স্কিমে এবং ১৯ হাজার কোটি টাকা বিভিন্ন সহায়তা কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে। এ অর্থ বন্ধ শিল্প, এসএমই, কৃষি, রপ্তানি, স্টার্টআপ, বেকার যুবক, গ্রামীণ অর্থনীতি ও পরিবেশবান্ধব বিনিয়োগসহ বিভিন্ন খাতে ব্যয় করা হবে। এছাড়া ক্রিয়েটিভ ইকোনমির জন্য ৫০০ কোটি টাকা সিএসআর তহবিল থেকে অনুদান হিসেবে দেওয়া হবে।

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর- Nat'l interest first in any deal with US or others- Says Shama Obaed অর্থাৎ যুক্তরাষ্ট্রসহ যেকোনো চুক্তিতে জাতীয় স্বার্থই আগে: শামা ওবায়েদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চলার প্রেক্ষাপটে বাংলাদেশ জানিয়েছে, যেকোনো দেশের সঙ্গেই চুক্তি করা হবে দেশের ও জনগণের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেই।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রতিরক্ষা চুক্তির সিদ্ধান্ত শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় একা নেয় না; সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা আলোচনা করে সিদ্ধান্ত দেয়। বর্তমানে আলোচনার কোন পর্যায়ে আছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করছে, যার মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ চুক্তি- নিরাপত্তা তথ্য বিনিময় চুক্তি ও সামরিক সহায়তা বিনিময় চুক্তি—নিয়ে অগ্রগতি রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো চুক্তিই এমনভাবে করা হবে না যাতে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। সরকারের সব সংস্থার সম্মতি ছাড়া কোনো চুক্তি চূড়ান্ত হবে না।
তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিভিন্ন মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন বলেও জানা গেছে।

নিউ এইজ পত্রিকার খবর- Iran, US close to breakthrough in talks অর্থাৎ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় সমঝোতার আশা
এজেন্সি ফ্রান্স প্রেসের বরাত দিয়ে এই খবরে বলা হচ্ছে- মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন, একটি খসড়া চুক্তির বিষয়ে শিগগিরই সমঝোতা হতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কয়েক দিনের মধ্যেই "ভালো খবর" আসতে পারে বলে তিনি আশাবাদী। অন্যদিকে ইরানও জানিয়েছে, একটি কাঠামোগত সমঝোতা তৈরির চেষ্টা চলছে, যদিও এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতভেদ রয়েছে। ইরান স্পষ্ট করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি প্রাথমিক আলোচনার অংশ নয়।
তবে উত্তেজনাও পুরোপুরি কমেনি। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করলে ইরান কঠোর জবাব দেবে।

নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতার সংবাদ- সীমান্তঘেঁষে ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও সেনা মোতায়েন
ভারতের শিলিগুড়ি করিডোর বা 'চিকেনস নেক' এলাকায় সামরিক ও কৌশলগত অবকাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সরু করিডোর দিয়েই ভারতের উত্তর-পূর্বাঞ্চল মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত থাকে।
স্থানীয় সরকারের কাছ থেকে কেন্দ্রীয় কর্তৃপক্ষকে জমি হস্তান্তর এবং মহাসড়কের নিয়ন্ত্রণ জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে যাওয়ার পর সেখানে দ্রুত সামরিক নির্মাণ কাজ শুরু হয়েছে। সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া ও নজরদারি ব্যবস্থা বাড়ানো হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শিলিগুড়ি ও আশপাশের এলাকায় নতুন সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে এবং কিছু বিশেষ সেনা ইউনিট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আকাশ প্রতিরক্ষার জন্য যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ মূলত আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার অংশ হলেও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এর প্রভাব পড়তে পারে।








